চা, কফিসহ নানা ধরনের পানীয় আমাদের অত্যন্ত প্রিয়। এসব পানীয় আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। ব্রিটিশদের হাত ধরে চায়ের প্রচলন বিস্তৃত হয়েছে। এ নিয়ে যত কথাই বলা হোক, দিনের শুরুতে কিংবা শেষে এক কাপ চা না হলে অনেকেরই চলে না।
কিন্তু ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে চায়ের ক্যালরি হিসাব করেছেন কি? এক কাপ চায়ে কত ক্যালরি থাকে, তা নির্ভর করে চায়ে কী পরিমাণ দুধ ও চিনি ব্যবহার করছেন তার ওপর।
আজকে আমরা জানার চেষ্টা করব, বিভিন্নভাবে তৈরি চায়ে কত ক্যালরি থাকে।
বিভিন্ন ধরনের চায়ের ক্যালরি
১. ১০০ গ্রাম চায়ের সঙ্গে ২ চা-চামচ কনডেন্সড মিল্ক — প্রায় ৪২ ক্যালরি।
২. ১০০ গ্রাম চায়ের সঙ্গে ২ চা-চামচ কনডেন্সড মিল্ক ও ১ চা-চামচ চিনি — প্রায় ৫৮ ক্যালরি।
৩. ১০০ গ্রাম চায়ের সঙ্গে ১০ গ্রাম গুঁড়া দুধ ও ১ চা-চামচ চিনি — প্রায় ৬৭ ক্যালরি।
৪. ১০০ গ্রাম চায়ের সঙ্গে ২০ গ্রাম গরুর দুধ ও ১ চা-চামচ চিনি — প্রায় ২৯ ক্যালরি।
৫. ১০০ গ্রাম চায়ের সঙ্গে ২ চা-চামচ চিনি — প্রায় ৩৩ ক্যালরি।
৬. ১০০ গ্রাম চায়ের সঙ্গে ২ চা-চামচ চিনি, ৫ গ্রাম আদা ও ৫ গ্রাম লেবুর রস — প্রায় ৩৬ ক্যালরি।
উপকরণভেদে ক্যালরি
১ চা-চামচ চিনিতে — প্রায় ১৬ ক্যালরি।
১ চা-চামচ কনডেন্সড মিল্কে — প্রায় ২০ ক্যালরি।
২০ গ্রাম গরুর দুধে — প্রায় ১২ ক্যালরি।
২০ গ্রাম পূর্ণ ননীযুক্ত গুঁড়া দুধে — প্রায় ১০০ ক্যালরি।
১০০ গ্রাম দুধ-চিনি ছাড়া তৈরি চায়ে — প্রায় ১ ক্যালরি।
বিশেষ দ্রষ্টব্য
১ টেবিল চামচের সমান ৩ চা-চামচ।
কনডেন্সড মিল্ক ও গুঁড়া দুধের ব্র্যান্ড এবং উপাদানভেদে ক্যালরির পরিমাণ কিছুটা কমবেশি হতে পারে।
এখানে ক্যালরির হিসাব আনুমানিক। ব্যবহৃত উপকরণের পরিমাণের ওপর প্রকৃত ক্যালরি নির্ভর করে।