মেঘলা আকাশের মতোই থমথমে থাকে গ্রামের বাতাস। তবে সেই থমথমে ভাব প্রকৃতির চেয়েও বেশি এক মানুষের দাপটে। তিনি সোলায়মান মাতুব্বর। আশপাশের আরও তিন-চারটে গ্রামের অলিখিত রাজা। এই তল্লাটে গাছের পাতাটাও যেন সোলায়মান মাতুব্বরের হুকুম ছাড়া নড়ে না। তার কথাই আইন, তার ইশারাই বিচার। বয়স ষাটের কোঠা পেরিয়েছে, মাথার চুলে পাক ধরেছে, তবু শরীরের গড়ন এখনো পাথরের মতো শক্ত। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি, কাঁধে দামি চাদর আর হাতে মোটা সোনার আংটি। সোলায়মান মাতুব্বর যখন লাঠি ঠুকতে ঠুকতে গ্রামের মেঠোপথ দিয়ে হাঁটেন, তখন পথের দুধারের মানুষ তটস্থ হয়ে সরে দাঁড়ায়। চায়ের দোকানের আড্ডা মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায়।
সোলায়মান মাতুব্বরের এই অসীম ক্ষমতার উৎস কেবল তার পৈতৃক সম্পত্তি নয়; বরং প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তার গভীর আঁতাত। থানার ওসি থেকে শুরু করে দারোগা পর্যন্ত সবার সাথে তার ওঠাবসা। মাসে মাসে থানায় তার ‘নজরানা’ পৌঁছে যায়। ফলে গ্রামের কোনো মানুষ অন্যায়ের শিকার হয়ে থানায় গেলে ওসি সাহেব উল্টো অভিযোগকারীকে ধমক দিয়ে বলেন, “আরে মিয়া, গ্রামে সোলায়মান মাতুব্বর থাকতে তোমরা থানায় আসো ক্যান? যাও, উনার কাছে যাও। উনি যা ফয়সালা দেবেন, সেটাই আইন।”
আর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা? তারা তো সোলায়মান মাতুব্বরের পকেটের মানুষ। নির্বাচনের সময় মাতুব্বরের এক ইশারায় ভোটের বাক্স ভরে যায়, আবার তার অসন্তুষ্টিতে যে কারো জামানত বাজেয়াপ্ত হতে পারে। তাই চেয়ারম্যান-মেম্বাররাও নিজেদের গদি বাঁচাতে মাতুব্বরের প্রতিটি অন্যায় আবদারের সামনে মাথা নত করে রাখেন।
গ্রামেরই এক প্রান্তে বসবাস করেন মনির মোল্লা। মানুষটি অত্যন্ত সাদাসিধে, ধর্মভীরু এবং সৎ। সামান্য কিছু পৈতৃক জমি চাষ করে আর গ্রামের মক্তবে ছোট বাচ্চাদের আরবি পড়িয়ে তার সংসার কোনোমতে চলে যায়। অভাব-অনটন নিত্যসঙ্গী হলেও মনির মোল্লার ঘরে শান্তির অভাব ছিল না। তার দুই ছেলে আর এক মেয়ে। বড় দুই ছেলে শহরে ছোটখাটো চাকরি করে, আর সবার ছোট মেয়ে মরিয়ম।
মরিয়ম সবেমাত্র এসএসসি পাস করেছে। গ্রামের স্কুল থেকে ভালো ফলাফল করে সে সবার প্রশংসা কুড়িয়েছে। শ্যামলা বরণের মাঝে এক অদ্ভুত মায়াবী চেহারা মরিয়মের। ডাগর ডাগর দুটি চোখ, শান্ত স্বভাব আর মিষ্টি হাসি,সব মিলিয়ে সে যেন গ্রামের এক স্নিগ্ধ পদ্মফুল। বাবার আদরের এই মেয়েটির স্বপ্ন, শহরে গিয়ে কলেজে পড়বে, নিজের পায়ে দাঁড়াবে।
কিন্তু সেই স্নিগ্ধ পদ্মফুলের ওপরই পড়ল শকুনের লোলুপ দৃষ্টি। একদিন বিকেলে গ্রামের বড় পুকুরপাড় দিয়ে বান্ধবীদের সাথে হেঁটে বাড়ি ফিরছিল মরিয়ম। ঠিক সেই সময় পুকুরপাড়ের বটতলায় বসে নিজের সাঙ্গোপাঙ্গদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন সোলায়মান মাতুব্বর। মরিয়মকে দেখে থমকে গেলেন মাতুব্বর। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন মেয়েটির দিকে। তার পাকা গোঁফের নিচে ফুটে উঠল এক কুৎসিত হাসি।
পাশে বসা তার প্রধান চামচা রশিদ ব্যাপারীকে কনুই দিয়ে খোঁচা দিয়ে মাতুব্বর বললেন, “ও রশিদ, ওই মাইয়াডা কে রে? মনির মোল্লার মাইয়া না?”
রশিদ ব্যাপারী দাঁত বের করে হেসে বলল, “জি মাতুব্বর সাব। মনির মোল্লার ছোট মাইয়া, মরিয়ম। এইবার মেট্রিক পাস করছে। মাশাল্লাহ, দেখতে হুরপরীর লাহান হইছে!”
মাতুব্বর তামাকের ধোঁয়া ছেড়ে আকাশের দিকে তাকালেন। তারপর মৃদু স্বরে বললেন, “হুম, বড়ই সুন্দর! আমার বড় বউডা মারা যাওয়ার পর থেইকা বাড়িডা বড় খাঁ খাঁ করে রে রশিদ। ছোট বউডা তো অসুস্থ, সংসারের কোনো কামকাজ করতে পারে না। আমার এই বিশাল জমিদারি আর বাড়িঘর সামলানোর লাইগা একটা চনমনে নতুন বউ দরকার।”
রশিদ ব্যাপারী মাতুব্বরের মনের কথা বুঝতে পেরে তেল মাখানো গলায় বলল, “আরে মাতুব্বর সাব, আপনে খালি হুকুম করেন। মনির মোল্লার কী এমন সাধ্য আছে যে আপনার প্রস্তাব ফিরাইয়া দিব? আইজ রাইতেই আমি মনির মোল্লার বাড়িতে যামু।”
পরদিন সকালেই মনির মোল্লার ভাঙাচোরা উঠোনে পা রাখলেন সোলায়মান মাতুব্বরের দূত রশিদ ব্যাপারী, সাথে আরও দুজন মাতুব্বরের লোক। মনির মোল্লা তখন ফজরের নামাজ পড়ে উঠোনে বসে তসবিহ জপছিলেন। রশিদ ব্যাপারীকে দেখে তিনি কিছুটা অবাক হলেন, তবু সমাদর করে বসতে দিলেন।
কিন্তু রশিদ ব্যাপারী যখন সোলায়মান মাতুব্বরের বিয়ের প্রস্তাবটি পাড়ল, তখন মনির মোল্লার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হাত থেকে তসবিহ ছিটকে মাটিতে পড়ে গেল। স্তব্ধ হয়ে বসে রইলেন তিনি।
কয়েক মুহূর্ত পর কাঁপা গলায় মনির মোল্লা বললেন, “রশিদ ভাই, আপনে এইডা কী কথা কইলেন? সোলায়মান মাতুব্বর আমার বাপের বয়সী! আর আমার মরিয়ম তো সবেমাত্র বাচ্চা মাইয়া, এইবার মেট্রিক পাস করল। ওর লগে মাতুব্বরের বিয়া? এইডা ক্যামনে সম্ভব? আল্লাহ-খোদারও তো একটা ভয় আছে!”
রশিদ ব্যাপারী মুখ বাঁকিয়ে বলল, “আরে রাখো মিয়া তোমার আল্লাহ-খোদার ভয়! সোলায়মান মাতুব্বর নিজে তুমার মাইয়ারে পছন্দ করছেন, এইডা তুমার চৌদ্দগুষ্টির ভাগ্য! মাতুব্বরের কত টাকা-পয়সা, জমি-জিরাত জানো? তুমার মাইয়া রাজরানির হালে থাকব। আর তুমারও সব অভাব-অনটন দূর হইয়া যাইব। বেশি তেড়িবেড়ি কইরো না মনির মোল্লা, মাতুব্বর সাবের মেজাজ কিন্তু ভালো না।”
মনির মোল্লা দৃঢ় কণ্ঠে বললেন, “আমার অভাব থাকুক, আমি না খাইয়া মরি, তবুও জেনেশুনে আমার ফুলের মতো মাইয়াডারে আমি ওই বুড়ার হাতে তুইলা দিমু না। আপনেরা যান, মাতুব্বর সাবরে কইবেন আমি এই বিয়াতে রাজি না।”
রশিদ ব্যাপারী ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে হুমকি দিয়ে বলল, “ভালো করলা না মনির মোল্লা। এই গ্রামের পানিতে বাস কইরা কুমিরের লগে বিবাদ করলা। এর ফল ভোগ করতে হইব।”
ঘটনাটি বাতাসের বেগে সারা গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের সাধারণ মানুষ মনে মনে মাতুব্বরকে ধিক্কার দিতে লাগল। ষাট বছরের এক বৃদ্ধ, যার ঘরে ইতিমধ্যেই স্ত্রী এবং নাতি-নাতনি রয়েছে, সে কিনা পনেরো-ষোলো বছরের এক কিশোরীকে বিয়ে করতে চায়! কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেল না।
এদিকে খবর শুনে মরিয়ম ঘরের কোণে বসে ফুঁপিয়ে কাঁদতে লাগল। তার মা রাবেয়া বেগম মেয়েকে বুকে জড়িয়ে ধরে বিলাপ করতে শুরু করলেন। মনির মোল্লা অসহায়ের মতো ছুটলেন গ্রামের চেয়ারম্যানের কাছে, যদি কোনো প্রতিকার পাওয়া যায়।
চেয়ারম্যান সব শুনে দীর্ঘশ্বাস ফেলে বললেন, “দেখো মনির ভাই, সোলায়মান মাতুব্বরের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা আমার নাই। উনি চাইলে আমার চেয়ারম্যানিও খাইয়া ফালাইতে পারেন। তুমার ভালোর লাইগাই কইতাছি, মাইয়াডারে বিয়া দিয়া দাও। নইলে উনি তুমারে গ্রামে টিকতে দিবেন না।”
হতাশ হয়ে মনির মোল্লা থানায় গেলেন একটি সাধারণ ডায়েরি বা অভিযোগ করতে। কিন্তু থানার ওসি তার কথা কানেই তুললেন না। উল্টো তাকে ধমক দিয়ে থানা থেকে বের করে দিলেন, “মাতুব্বর সাবের বিরুদ্ধে অভিযোগ করতে আইছোস? তোর সাহস তো কম না! যা ভাগ এখান থেইকা, নইলে চুরির মামলায় জেলে ভইরা দিমু।”
চারদিক থেকে দরজা বন্ধ হয়ে গেল মনির মোল্লার। পরদিন থেকেই শুরু হলো সোলায়মান মাতুব্বরের আসল রূপের প্রদর্শনী।
মনির মোল্লার একমাত্র সম্বল ছিল নদীর পাড়ের দুই বিঘা ফসলি জমি। মাতুব্বরের লাঠিয়াল বাহিনী রাতের আঁধারে সেই জমির সব পাকা ধান কেটে নিয়ে গেল। শুধু তাই নয়, ভুয়া দলিল তৈরি করে সেই জমি নিজের বলে দাবি করলেন মাতুব্বর। মক্তবে বাচ্চাদের পড়ানোর কাজটাও বন্ধ করে দেওয়া হলো। মাতুব্বরের ভয়ে গ্রামের কোনো পরিবার আর মনির মোল্লার কাছে ছেলেমেয়েদের পড়তে পাঠাতে সাহস পেল না। দোকানে গেলে মনির মোল্লার কাছে কেউ সদাই বিক্রি করে না, কারণ মাতুব্বরের হুকুম,মনির মোল্লাকে একঘরে করে রাখতে হবে।
এক সপ্তাহের মধ্যে মনির মোল্লার পরিবারে চরম দুর্দিন নেমে এল। ঘরে চাল নেই, ডাল নেই। শহরের দুই ছেলে খবর পেয়ে গ্রামে আসতে চাইলেও মাতুব্বরের লোকজন তাদের রাস্তায় আটকে মারধর করে ফিরিয়ে দিল।
মাতুব্বর পক্ষ থেকে আবার খবর পাঠানো হলো,আগামী শুক্রবার জুমার নামাজের পর কাজী নিয়ে মনির মোল্লার বাড়িতে আসবেন সোলায়মান মাতুব্বর। বিয়ের সব আয়োজন যেন সম্পন্ন থাকে। যদি কোনো বাধা দেওয়া হয়, তবে মনির মোল্লাকে মিথ্যা মামলায় জেল খাটতে হবে এবং মরিয়মকে জোর করে তুলে নিয়ে যাওয়া হবে। অসহায় মনির মোল্লা জায়নামাজে বসে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, “হে আল্লাহ, তুমি ছাড়া এই দুনিয়ায় আমাদের আর কেউ নাই। এই জালেমের হাত থেইকা আমার নিষ্পাপ মাইয়াডারে তুমি রক্ষা করো মালিক!”
বৃহস্পতিবার বিকেল। জেন্ ফর্সা গ্রামের বাজারে চায়ের দোকানের সামনে বিশাল এক আসর বসিয়েছেন সোলায়মান মাতুব্বর। আগামীকাল তার বিয়ে, তাই তার মেজাজ আজ ফুরফুরে। আশপাশে চেয়ারম্যান, মেম্বার এবং তার চামচারা বসে আছে। সবার হাতে চা আর পানের খিলি। মাতুব্বর অট্টহাসিতে ফেটে পড়ে বলছেন, “বুঝলা চেয়ারম্যান, এই তল্লাটে সোলায়মান মাতুব্বরের কথার ওপরে কথা কইব, এমন বাপের বেটা এখনো জন্মায় নাই। মনির মোল্লা ভাবছিল আমারে ফিরাইয়া দিব! এখন দেখো, কেমন সুড়সুড় কইরা মাইয়া তুইলা দেয়।”
চেয়ারম্যান ও মেম্বাররা তেল মাখানো হাসি দিয়ে বললেন, “তা আর বলতে মাতুব্বর সাব! আপনে হইলেন এই এলাকার বাঘ। আপনার সামনে দাঁড়ানোর সাধ্য কার আছে?”
ঠিক সেই সময় বাজারের ভিড় ঠেলে লাঠিতে ভর দিয়ে সেখানে এসে দাঁড়ালেন গ্রামের প্রবীণ ব্যক্তি মাস্টার আব্দুল জলিল। বয়স আশির কাছাকাছি। সারা জীবন গ্রামের হাইস্কুলে শিক্ষকতা করেছেন। অত্যন্ত সৎ ও নির্ভীক মানুষ হিসেবে পুরো এলাকায় তার পরিচিতি। বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও তার কণ্ঠস্বর এখনো স্পষ্ট এবং তেজস্বী। গ্রামের প্রায় সবাই, এমনকি সোলায়মান মাতুব্বরও একসময় তার ছাত্র ছিলেন।
আব্দুল জলিল মাস্টারকে আসতে দেখে বাজারের লোকজন সসম্মানে জায়গা ছেড়ে দিল। তিনি সোজা গিয়ে দাঁড়ালেন সোলায়মান মাতুব্বরের ঠিক সামনে। মাতুব্বর কিছুটা অপ্রস্তুত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। লোকদেখানো ভক্তি দেখিয়ে বললেন, “আরে মাস্টার সাব! আপনে এইখানে কী মনে কইরা? বসেন, চেয়ারে বসেন।”
আব্দুল জলিল মাস্টার চেয়ারে বসলেন না। তিনি স্থির, তীক্ষ্ণ দৃষ্টিতে সোলায়মান মাতুব্বরের চোখের দিকে তাকালেন। বাজারের সমস্ত কোলাহল মুহূর্তেই থেমে গেল। পিনপতন নীরবতা নেমে এল পুরো চত্বরে। চেয়ারম্যান, মেম্বার, রশিদ ব্যাপারী এবং উপস্থিত শত শত মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল বৃদ্ধ মাস্টারের দিকে।
মাস্টার সাহেব গম্ভীর ও ভরাট গলায় বলতে শুরু করলেন, “সোলায়মান, আমি তোর বাড়িতে যাই নাই, কারণ তোর ওই হারামের টাকায় গড়া অট্টালিকায় পা রাখার রুচি আমার নাই। আজ এই ভরা বাজারে সবার সামনে তোরে কিছু কথা কইতে আইছি।”
মাতুব্বরের মুখের হাসি মিলিয়ে গেল। ভ্রু কুঁচকে তিনি বললেন, “কী কথা কইবেন মাস্টার সাব? বয়স হইছে, সম্মান করি বইলা চুপ আছি।”
আব্দুল জলিল মাস্টার একটুও বিচলিত হলেন না। তিনি লাঠিটা মাটিতে ঠুকে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন, “সম্মান তুই কারে করিস সোলায়মান? যে মানুষ নিজের নাতনির বয়সী একটা নিষ্পাপ মাইয়ার জীবন নষ্ট করতে চায়, যে মানুষ ক্ষমতার দাপটে একজন গরিব অসহায় বাপের পেটে লাথি মারে, তার মুখে সম্মানের কথা মানায় না!” রশিদ ব্যাপারী তেড়ে এসে বলল, “এই বুড়া, মুখ সামলাইয়া কথা ক! কার সামনে দাঁড়াইয়া কী কইতাছোস হুঁশ আছে?”
মাতুব্বর হাত তুলে রশিদকে থামালেন। তারপর অহংকারী স্বরে বললেন, “মাস্টার সাব, আপনে বইয়ের পাতায় নীতি-আদর্শ পইড়া জীবন কাটাইছেন। দুনিয়ার বাস্তবতা আপনে বোঝেন না। এই গ্রামে আমার কথাই শেষ কথা। থানা-পুলিশ, চেয়ারম্যান-মেম্বার সব আমার হাতের মুঠোয়। আমি যা চাই, তাই হয়। মনির মোল্লার মাইয়ারে আমি বিয়া করমুই, কেউ আমারে ঠেকাইতে পারব না।”
মাতুব্বরের কথা শুনে আব্দুল জলিল মাস্টার এক করুণ হাসি হাসলেন। তারপর আকাশের দিকে আঙুল তুলে বজ্রকণ্ঠে বলে উঠলেন:
“সোলায়মান! তোর এই থানা-পুলিশ, চেয়ারম্যান-মেম্বার আর লাঠিয়াল বাহিনী,সব এই দুনিয়ার মিছে মায়া! আজরাইল আইসা যখন তোর জানটা তুইলা নিবো, তখন তোর এই মাতুব্বরি কই যাইবো? আল্লাহকে ভয় করো সোলায়মান! আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না!”
মাস্টার সাহেবের এই কথাগুলো যেন তীরের মতো বিঁধল উপস্থিত সবার বুকে। বাজারের মানুষগুলো স্তব্ধ হয়ে গেল। মাস্টার সাহেব থামলেন না, তিনি আরও বলতে লাগলেন, “তুই ভাবছোস তোর টাকা আর ক্ষমতার কাছে সবাই মাথা নত করছে বইলা তুই জিতে গেছোস? না সোলায়মান, তুই হারছোস! একজন অসহায় বাপের চোখের পানি আর একটা নিষ্পাপ মাইয়ার অভিশাপ তোর এই সব অহংকাররে ছাই কইরা দিব। মনে রাখিস, ফেরাউন, নমরুদও নিজেদের খোদা ভাবতো, কিন্তু তাগো শেষ পরিণতি কী হইছিল ইতিহাস পইড়া দেখিস। তোরও সময় ফুরাইয়া আইতাছে!”
কথাগুলো বলেই আব্দুল জলিল মাস্টার আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালেন না। ধীরপায়ে ভিড় ঠেলে চলে গেলেন। পুরো বাজারে তখন শ্মশানের নীরবতা। সোলায়মান মাতুব্বরের মুখটা রাগে ও অপমানে লাল হয়ে গেছে। হাতের মুঠো শক্ত হয়ে কাঁপছে। সবার সামনে এই বুড়ো মাস্টার তাকে এভাবে অপমান করে গেল! চেয়ারম্যান ও মেম্বাররা মাথা নিচু করে বসে আছে, কেউ চোখ তুলে মাতুব্বরের দিকে তাকাতে পারছে না।
মাতুব্বর চিৎকার করে উঠলেন, “এই রশিদ! কাল জুমার নামাজের পরপরই কাজী নিয়া মনির মোল্লার বাড়িতে যামু। দেখি কোন মাইয়ার পো আমার সামনে দাঁড়ায়!”
রাতে বাড়ি ফিরেও সোলায়মান মাতুব্বরের ঘুম এল না। বিছানায় এপাশ-ওপাশ করতে লাগলেন। বারবার তার কানে বাজতে লাগল মাস্টার সাহেবের সেই কথাগুলো,“আজরাইল আইসা যখন তুইলা নিবো তখন তোমার মাতুব্বরি কই যাইবো? আল্লাহকে ভয় করো, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না।”
মাতুব্বর নিজের মনকে প্রবোধ দেওয়ার চেষ্টা করলেন। ভাবলেন, এসব দুর্বল মানুষের সান্ত্বনার কথা। কাল বিয়েটা হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে।
এদিকে মনির মোল্লার বাড়িতে তখন মৃত্যুর স্তব্ধতা। মরিয়ম সিদ্ধান্ত নিয়েছে, কাল যদি মাতুব্বর জোর করে তাকে বিয়ে করতে আসে, তবে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে, তবুও ওই পিশাচের হাতে নিজেকে সঁপে দেবে না। মনির মোল্লা ও তার স্ত্রী সারা রাত জায়নামাজে বসে চোখের পানিতে বুক ভাসালেন।
ভোর হলো। শুক্রবার। জেন্ ফর্সা গ্রামের আকাশে আজ এক অদ্ভুত বিষণ্ণতা।
সকাল থেকেই সোলায়মান মাতুব্বরের বাড়িতে সাজসাজ রব। গরু জবাই হয়েছে, বিশাল ডেকচিতে বিরিয়ানি রান্না হচ্ছে। বরবেশে সাজছেন ষাটোর্ধ্ব সোলায়মান মাতুব্বর। নতুন সাদা সিল্কের পাঞ্জাবি, মাথায় জরির কাজ করা পাগড়ি আর গলায় ফুলের মালা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখে এক তৃপ্তির হাসি হাসলেন মাতুব্বর।
রশিদ ব্যাপারী ঘরে ঢুকে বলল, “মাতুব্বর সাব, জুমার আজান পইড়া গেছে। কাজী সাব আইসা পড়ছেন। নামাজটা পইড়াই আমরা মনির মোল্লার বাড়ির দিকে রওনা দিমু। চেয়ারম্যান-মেম্বাররাও মসজিদে আইতাছে।”
মাতুব্বর দর্পভরে বললেন, “চলো। আজ সারা গ্রাম দেখব সোলায়মান মাতুব্বরের ক্ষমতা কাকে বলে!”
মাতুব্বর দলবল নিয়ে গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের দিকে রওনা হলেন। রাস্তার দুধারে মানুষ ভয়ে ভয়ে তাকিয়ে আছে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। মসজিদে জুমার নামাজ শুরু হলো। ইমাম সাহেব খুতবায় জুলুম, অত্যাচার এবং আল্লাহর বিচার সম্পর্কে আলোচনা করলেন। সোলায়মান মাতুব্বর সামনের কাতারে বসেও সেসব কথায় কোনো কর্ণপাত করলেন না। তার মাথায় তখন কেবল মরিয়মকে পাওয়ার নেশা আর নিজের ক্ষমতা জাহির করার অহংকার।
নামাজ শেষ হলো। মসজিদ থেকে বেরিয়েই সোলায়মান মাতুব্বর কাজী ও তার সাঙ্গোপাঙ্গদের নিয়ে মনির মোল্লার বাড়ির পথ ধরলেন। পেছনে চেয়ারম্যান, মেম্বার আর উৎসুক গ্রামবাসীর ভিড়।মনির মোল্লার বাড়ির উঠোনে পৌঁছে মাতুব্বর বজ্রকণ্ঠে হাঁক দিলেন, “কই রে মনির মোল্লা! তোর জামাই আইসা পড়ছে। মাইয়ারে সাজাইয়া বাইর কর!”
ঘরের ভেতর থেকে কোনো সাড়া এল না। দরজা ভেতর থেকে বন্ধ। মাতুব্বর রেগে গিয়ে রশিদ ব্যাপারীকে হুকুম দিলেন, “এই রশিদ, দরজা ভাইঙা মাইয়ারে বাইর কইরা আন!”
রশিদ ব্যাপারী ও আরও দুজন লাঠিয়াল দরজায় ধাক্কা দিতে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজা খুলে বেরিয়ে এলেন মনির মোল্লা। তার হাতে একটি ধারালো বঁটি। পেছনে মরিয়ম ও তার মা। মরিয়মের হাতে একটি বিষের শিশি।
মনির মোল্লা চিৎকার করে বললেন, “খবরদার! এক পা-ও সামনে আগাইবি না! আজ যদি তোরা আমার মাইয়ার গায়ে হাত দেস, তয় আমার মাইয়া বিষ খাইয়া মরব, আর আমি নিজের গলায় বঁটি চালামু! তোগো সবার সামনে দুইডা লাশ পড়ব!”
উপস্থিত গ্রামবাসী শিউরে উঠল। চেয়ারম্যান-মেম্বাররাও ভয়ে পিছিয়ে গেল। কিন্তু সোলায়মান মাতুব্বরের চোখে তখন রক্ত চেপে গেছে। অহংকারে অন্ধ হয়ে তিনি হুংকার দিয়ে উঠলেন, “মরলে মরুক! তবুও আজ এই বাড়ি থেইকা বউ নিয়া যামু! ধর ওগো!”
যে মুহূর্তে মাতুব্বর হাত তুলে হুকুম দিতে গেলেন, ঠিক সেই মুহূর্তে, এক তীব্র আর্তনাদ করে বুকের বাম পাশটা চেপে ধরলেন সোলায়মান মাতুব্বর! তার চোখ দুটি কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। মুখ দিয়ে ফেনা বেরোতে শুরু করল। মুহূর্তের মধ্যে তার বিশাল, দর্পিত শরীরটা তালগাছের মতো ধপাস করে মনির মোল্লার ধুলোমাখা উঠোনে লুটিয়ে পড়ল!
পুরো উঠোন জুড়ে এক ভয়াবহ চিৎকার উঠল।
“মাতুব্বর সাব! মাতুব্বর সাবের কী হইলো!”,বলে রশিদ ব্যাপারী ও চেয়ারম্যান ছুটে এলেন।
মাতুব্বর তখন মাটিতে পড়ে ছটফট করছেন। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। তার গলা দিয়ে কেবল ঘরঘর শব্দ বেরোচ্ছে। হাত-পা খিঁচুনি দিয়ে উঠছে।
দ্রুত গ্রামের ডাক্তার ডাকা হলো। ডাক্তার এসে মাতুব্বরের নাড়ি পরীক্ষা করলেন, বুকে স্টেথোস্কোপ বসালেন। কয়েক সেকেন্ড পর ডাক্তার মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলে বললেন, “ম্যাসিভ হার্ট অ্যাটাক। সব শেষ। মাতুব্বর সাব আর নাই।”
স্তব্ধ হয়ে গেল পুরো জেন্ ফর্সা গ্রাম!
যে মানুষটির এক ইশারায় বাঘে-মহিষে এক ঘাটে জল খেত, যার পকেটে চেয়ারম্যান-মেম্বার থাকত, থানার ওসি যাকে সালাম দিত, যার দাপটে সারা তল্লাট তটস্থ থাকত, সেই সোলায়মান মাতুব্বর আজ মনির মোল্লার ভাঙাচোরা উঠোনের ধুলোয় নিথর হয়ে পড়ে আছেন!
একটি নিঃশ্বাস নেওয়ারও সময় পেলেন না তিনি। পরনের সেই সিল্কের পাঞ্জাবি আর গলার ফুলের মালা ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। ভয়ে চেয়ারম্যান, মেম্বার আর রশিদ ব্যাপারীরা একে একে সরে পড়তে শুরু করল। যে ক্ষমতার দম্ভে মাতুব্বর কাউকে মানুষ বলে গণ্য করতেন না, আজ তার সেই ক্ষমতার একজন মানুষও তাকে বাঁচাতে পারল না।
ভিড়ের এক কোণে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন বৃদ্ধ শিক্ষক আব্দুল জলিল মাস্টার। তিনি নিথর দেহটির দিকে তাকিয়ে আকাশের দিকে মুখ তুলে মৃদু স্বরে বললেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ছাড় দেন সোলায়মান, কিন্তু ছেড়ে দেন না।”
মনির মোল্লা হাতের বঁটিটা মাটিতে ফেলে দিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন। তার দুচোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু ঝরতে লাগল। পাশে দাঁড়িয়ে থাকা মরিয়ম যেন এক দুঃস্বপ্ন থেকে জেগে উঠে মুক্ত আকাশের দিকে তাকাল। আষাঢ়ের কালো মেঘ সরে গিয়ে জেন্ ফর্সা গ্রামের আকাশে তখন ঝলমলে রোদ উঠেছে।