Article

গুহার দেয়াল থেকে নক্ষত্রের পথে- মানুষের প্রথম গল্প ও বিশ্বাস

November 20, 2026

74 views

মানুষের প্রথম ধর্ম কী ছিল?

প্রশ্নটা শুনতে খুব সহজ। কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায়, এক লাইনে এর উত্তর দেওয়া সম্ভব নয়। এর কারণ মূলত, এখানে ইতিহাস, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব আর ধর্মীয় ঐতিহ্য এসে এক জায়গায় মেশে, কিন্তু সবসময় একই সুরে কথা বলে না। পৃথিবীর কোনো প্রাচীন পাথরে লেখা নেই- “আজ থেকে মানুষের ধর্মের শুরু।” কোনো গুহার দেয়ালেও এমন কোনো বার্তা পাওয়া যায়নি- এখানে বসবাসকারী মানুষটাই প্রথম ঈশ্বরের কথা ভেবেছিল। আমাদের হাতে আছে কেবল হাড়, পাথরের হাতিয়ার, পুরোনো সমাধি, রঙের দাগ, খোদাই করা চিহ্ন, আর গুহার দেয়ালে আঁকা ছবি। এগুলো দেখেই সাধারণত আমরা অনেকটা বুঝতে পারি সেসময়ের মানুষরা মূলত কী করতো। কখনো কখনো সেখান থেকে অনুমান করা যায়, তারা কী ভাবতে পারে। কিন্তু তাদের মনের ভেতরের পুরো ছবিটা আমাদের পক্ষে দেখা সম্ভব নয়।

কিন্তু তবু সেই হারিয়ে যাওয়া পৃথিবীটার দিকেই মানুষ বারবার ফিরে তাকিয়েছে। মানুষের গল্প শুধু রাজা-বাদশাহ, যুদ্ধ আর শহরের গল্প নয়। তার অনেক আগেই শুরু হয়েছিল আসল গল্প- আমরা কোথা থেকে এলাম, কীভাবে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়লাম, কখন মৃত মানুষকে আলাদা করে রাখলাম, কখন কোনো চিহ্নকে অর্থ দিতে শুরু করলাম, কখন নিজের দেখা কোনো দৃশ্য অন্য মানুষের জন্য রেখে যেতে চাইলাম। এই প্রশ্নগুলোর সব উত্তর আমাদের কাছে নেই। কিন্তু পৃথিবীর নানা জায়গায় ছড়িয়ে থাকা কিছু চিহ্ন আছে, যেগুলো সেই পুরোনো সময় সম্পর্কে অনুমান করার বা ভাবার সুযোগ করে দেয়।

তাই মানুষের প্রথম বিশ্বাসের গল্প শুরু করতে গেলে কোনো কিতাব দিয়ে শুরু করাই হয়তো ঠিক হবে না। যেতে হবে আরও অনেক আগে, এমন এক সময়ে, যখন কোরআন, তাওরাত, বাইবেল, কিছুই ছিল না। ছিল শুধু মানুষ, তাদের শরীর, তাদের চারপাশের প্রকৃতি, মৃতরা, তাদের স্মৃতি আর কিছু অদ্ভুত চিহ্ন, যেসবের প্রকৃত অর্থের একটা অংশ হয়তো আজও আমাদের নাগালের বাইরে।

আফ্রিকা থেকে পৃথিবীর পথে

আমরা নিজেদের বলি Homo sapiens। আমাদের এই প্রজাতির ইতিহাস কয়েক হাজার বছরের নয়, বরং কয়েক লক্ষ বছরের। মরক্কোর জেবেল ইরহুদে পাওয়া মানুষের জীবাশ্ম সেই ইতিহাসকে নতুন করে ভাবতে সাহায্য করেছে। ২০১৭ সালে Nature-এ প্রকাশিত দুটি গবেষণায় ওই স্থান থেকে পাওয়া জীবাশ্ম ও সংশ্লিষ্ট নিদর্শনের বয়স প্রায় ৩১৫ ± ৩৪ হাজার বছর নির্ধারণ করা হয়। সেখানে পাওয়া মানুষের মুখমণ্ডল, চোয়াল ও দাঁতের গঠনে আধুনিক মানুষের সঙ্গে মিল ছিল, আবার মাথার খুলির কিছু বৈশিষ্ট্য ছিল তুলনামূলকভাবে প্রাচীন। গবেষকদের কাছে এই মিশ্র বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ, ওই বৈশিষ্ট্যই ইঙ্গিত করে আধুনিক মানুষের শারীরিক বৈশিষ্ট্য একদিন হুট করেই আফ্রিকার কোনো একটি জায়গায় রাতারাতি তৈরি হয়ে যায়নি; বরং ধারণা করা হয়, Homo sapiens-এর বিবর্তনীয় ইতিহাস আফ্রিকার বিভিন্ন অঞ্চলে দীর্ঘ সময় ধরে গড়ে ওঠতে পারে।

কিন্তু এখানেই একটা ফারাক মনে রাখা দরকার। মানুষের শরীর কীভাবে বদলে বদলে আজকের রূপে এসেছে, এটা এক প্রশ্ন। আর মানুষ নিজের জীবন, মৃত্যু আর চারপাশের পৃথিবীকে কীভাবে বুঝতে শুরু করলো, সেটা আরেকটি ভিন্ন প্রশ্ন। প্রথমটার ক্ষেত্রে আমাদের হাতে জীবাশ্ম, প্রত্নতাত্ত্বিক স্তর আর তারিখ নির্ধারণের মতো সরাসরি প্রমাণ আছে। দ্বিতীয়টার ক্ষেত্রে প্রমাণ অনেক বেশি পরোক্ষ। মানুষের হাড় মাটির নিচে থেকে যেতে পারে, পাথরের হাতিয়ারও থেকে যেতে পারে; কিন্তু কোনো মানুষের ভয়, শোক, বিস্ময় কিংবা অদৃশ্য কোনো শক্তি সম্পর্কে তার ধারণা তো হাড়ের সঙ্গে জমাট বেঁধে থাকে না। তাই প্রাগৈতিহাসিক মানুষের বিশ্বাস নিয়ে কথা বলার সময় আমাদের একটু ধীরে হাঁটতে হয়।

মৃত মানুষের প্রতি মানুষের আচরণ এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ একটি সূত্র। ইসরায়েলের কফজেহ গুহায় প্রায় এক লক্ষ বছর আগের Homo sapiens-এর দেহাবশেষ পাওয়া গেছে। সেখানে সর্বোচ্চ ১৫ জন মানুষের অবশেষের সঙ্গে ৭১টি লাল ওকারের টুকরো এবং ওকারে দাগ লাগা পাথরের সরঞ্জাম পাওয়া যায়। ওকার হাড়ের কাছাকাছি পাওয়া যাওয়ায়, এটাকে কোনো ধরনের আচারগত ব্যবহারের সম্ভাব্য প্রমাণ হিসেবে দেখা হয়েছে। Smithsonian-এর Human Origins Program কফজেহকে প্রাচীন আনুষ্ঠানিক সমাধির গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে উল্লেখ করে।

এখানে আমরা যদি বলি, “মানুষ মৃতকে কবর দিয়েছে, তাই তারা নিশ্চয়ই পরকালে বিশ্বাস করত”, তাহলে আমরা প্রমাণের চেয়ে এক ধাপ এগিয়ে চলে যাবো। কফজেহ আমাদের দেখায়, মৃত মানুষের দেহের সঙ্গে বিশেষ আচরণ করা হয়েছিল। লাল ওকারও কোনো প্রতীকী বা আচারগত অর্থ বহন করে থাকতে পারে। কিন্তু সেই মানুষগুলো ঠিক কী বিশ্বাস করতো, মৃত্যুর পরের জীবন সম্পর্কে কী ভাবতো, কিংবা তাদের কোনো নির্দিষ্ট ধর্মীয় ব্যবস্থা ছিল কি না, এসব কফজেহর মাটি আমাদের নিশ্চিত করে বলে না। মৃতকে আলাদা করে রাখা যেতে পারে শোক, মর্যাদা, সামাজিক রীতি, আচার বা অন্য কোনো কারণে। আমাদের কাছে কাজের চিহ্ন আছে; কিন্তু সেই কাজের ভেতরের সম্পূর্ণ বিশ্বাসটি নেই।

ইতিহাসের এই জায়গাটাই আসলে সবচেয়ে মজার। কারণ এখানে প্রশ্ন শুধু “কী পাওয়া গেছে?” নয়। প্রশ্ন হলো, আমরা যা বলছি, সেটা কতটা প্রমাণ আর কতটা ব্যাখ্যা? আর এই প্রশ্নটা সামনে রাখলেই প্রাচীন মানুষের গল্প অনেক বেশি সৎ হয়ে ওঠে।

গুহার দেয়ালে যে গল্প রয়ে গেল

মানুষ শুধু মৃতদেহকে আলাদা করে রাখেনি; তারা এমন কিছু চিহ্নও রেখে গেছে, যেগুলোর মধ্যে নিছক ব্যবহারিক প্রয়োজনের বাইরে কোনো প্রতীকী উদ্দেশ্য থাকার সম্ভাবনা দেখা যায়। দক্ষিণ আফ্রিকার ব্লম্বস গুহা এর সবচেয়ে পরিচিত উদাহরণগুলোর একটি। ২০০২ সালে Science-এ প্রকাশিত গবেষণায় সেখানে পাওয়া দুটি লাল ওকারের টুকরোয় খোদাই করা জ্যামিতিক নকশার কথা জানানো হয়। যে প্রত্নতাত্ত্বিক স্তর থেকে এগুলো পাওয়া যায়, তার গড় বয়স প্রায় ৭৭ হাজার বছর নির্ধারণ করা হয়েছিল। পরে ২০০৯ সালের গবেষণায় আরও ১৩টি খোদাই করা ওকারের টুকরোর কথা প্রকাশিত হয়, যেগুলো প্রায় ৭৫ হাজার থেকে ১ লক্ষ বছর আগের স্তরের সঙ্গে যুক্ত। গবেষকেরা এসব নিদর্শনকে প্রতীকী আচরণের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচনা করেছেন।

কিন্তু ওই দাগগুলোর অর্থ কী ছিল, সেটা আমরা জানি না। কোনো গোষ্ঠীর চিহ্ন? ব্যক্তিগত কোনো সংকেত? কোনো বস্তু বা ধারণার প্রতীক? নাকি এমন কোনো নকশা, যার অর্থ সেই সময়ের মানুষের কাছে পরিষ্কার ছিল কিন্তু আমাদের কাছে নেই? প্রত্নতত্ত্ব এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখায়। একটি চিহ্নের অস্তিত্ব প্রমাণ করা আর তার অর্থ প্রমাণ করা এক কথা নয়। আমরা জানি মানুষ ওই দাগ তৈরি করেছিল, কিন্তু কেন করেছিল, তার একাধিক সম্ভাবনা থাকতে পারে।

তারপর মানুষ আরও বড় দৃশ্য তৈরি করতে শুরু করলো। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের লিয়াং কারামপুয়াং গুহায় পাওয়া একটি চিত্র এই ইতিহাসকে আরও পেছনে নিয়ে গেছে। ২০২৪ সালে Nature-এ প্রকাশিত গবেষণায় নতুন ধরনের লেজার-সহায়িত ইউরেনিয়াম-সিরিজ বিশ্লেষণ ব্যবহার করে গবেষকেরা দেখান, ওই দৃশ্যটির ন্যূনতম বয়স প্রায় ৫৩.৫ ± ২.৩ হাজার বছর; দৃশ্যটি অন্তত ৫১,২০০ বছর আগে আঁকা হয়েছিল। সেখানে একটি বড় শূকর এবং কয়েকটি মানবসদৃশ অবয়বকে এমনভাবে পাশাপাশি দেখানো হয়েছে যে তাদের মধ্যে কোনো ধরনের পারস্পরিক ক্রিয়া ঘটছে বলে মনে হয়। গবেষকেরা এটাকে বিশ্বের সবচেয়ে পুরোনো টিকে থাকা বর্ণনামূলক বা দৃশ্যভিত্তিক চিত্রের উদাহরণ হিসেবে চিহ্নিত করেছেন।

এখানে “গল্প” কথাটাও একটু বুঝে ব্যবহার করতে হবে। ছবিটা দেখে মনে হয় সেখানে শুধু একটি প্রাণীকে আলাদা করে আঁকা হয়নি; কয়েকটি অবয়বকে এমনভাবে সাজানো হয়েছে যে একজন দর্শক কোনো ঘটনা বা সম্পর্কের কথা ভাবতে পারেন। গবেষকেরা তাই একে ন্যারেটিভ কম্পোজিশন বলেছেন। কিন্তু আসল গল্পটা কী ছিল, সেটা আমরা জানি না। মানুষগুলো শিকার করছিল কি না, কোনো আচার পালন করছিল কি না, কোনো পুরোনো কাহিনি আঁকছিল কি না, এসবের কোনোটাই নিশ্চিতভাবে বলা যায় না। গবেষণাটির শক্তিশালী বক্তব্য হলো, অন্তত ৫১,২০০ বছর আগে মানুষ এমন একটি দৃশ্য তৈরি করেছিল যা মানুষের সঙ্গে প্রাণীর সম্পর্ককে একটি ছবির মধ্যে সাজিয়ে দেখাতে পারতো।

একটা ছবির এখানেই আলাদা ক্ষমতা আছে। মুখে বলা গল্পের সঙ্গে মানুষ উপস্থিত না থাকলে গল্পটা বদলে যেতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে, নতুন কিছু যোগ হতে পারে, কিন্তু গুহার দেয়ালে থাকা একটি দৃশ্য অনেক দীর্ঘ সময় ধরে একই জায়গায় থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। কেউ হাজার বছর পরে সেটা দেখলেও ছবিটা থাকবে, যদিও তার অর্থ হয়তো বদলে যাবে। গবেষকেরা মনে করেন, এমন দৃশ্যভিত্তিক শিল্প মানুষের অভিজ্ঞতা ও গল্পকে দীর্ঘ সময় ধরে পৌঁছে দেওয়ার ক্ষমতা বাড়িয়ে দেয়। তবে এটাও একটা ব্যাখ্যা যে, আমরা সেই প্রাগৈতিহাসিক শিল্পীর মাথার ভেতরের গল্পটি সরাসরি শুনতে পারছি না।

প্রাচীন গুহাচিত্রের অর্থ নিয়ে গবেষকদের মধ্যে আরও বড় বিতর্ক আছে। কিছু গবেষক শিলাচিত্রের নির্দিষ্ট বৈশিষ্ট্যকে শামানিক আচার বা পরিবর্তিত চেতনার অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করেছেন। কিন্তু এই ব্যাখ্যাকে সব গুহাচিত্রের ক্ষেত্রে চূড়ান্ত সত্য ধরে নেওয়া যায় না। কারণ বিভিন্ন সময় ও অঞ্চলের মানুষের শিল্পকে একই ধর্মীয় ছাঁচে ফেলে দিলে প্রমাণের চেয়ে অনুমান বড় হয়ে যায়। তাই এই জায়গায় আমাদের সবচেয়ে নিরাপদ কথা হলো, প্রাগৈতিহাসিক শিল্পে প্রতীকী আচরণের শক্তিশালী প্রমাণ আছে; কিন্তু সেই প্রতীকগুলোর পূর্ণ ধর্মীয় অর্থ আমরা সবসময় জানি না।

তাহলে কি আমরা বলতে পারি, এখান থেকেই ধর্মের শুরু? এত সহজে নয়! আজ আমরা ধর্ম বলতে বিশ্বাস, আচার, নৈতিক বিধান, পবিত্র স্থান, দেবতা, ধর্মীয় প্রতিষ্ঠান, অনেক কিছুর সমষ্টি বুঝি। কিন্তু প্রাগৈতিহাসিক মানুষের প্রতীকী আচরণকে সরাসরি আজকের অর্থে “ধর্ম” বলা কঠিন। হয়তো মানুষের বিশ্বাস কোনো একদিনে জন্ম নেয়নি। মৃত্যু নিয়ে ভাবনা, সামাজিক সম্পর্ক, প্রকৃতির সঙ্গে লড়াই, স্মৃতি, প্রতীক আর গল্প বলার ক্ষমতা, এসব ধীরে ধীরে মানুষের এমন এক জগত তৈরি করেছিল, যেখানে চোখে দেখা জিনিসের বাইরেও অর্থের জায়গা তৈরি হয়। পরে সেই জগতের নানা রূপ আমরা ধর্মের ইতিহাসে দেখতে পাই।

অর্থাৎ মানুষের প্রথম ধর্মের নাম খুঁজে বের করার চেয়ে হয়তো আরও পুরোনো একটা প্রশ্ন করা দরকার- মানুষ কখন এমন জগত কল্পনা করতে শুরু করেছিল, যার সবকিছু চোখে দেখা যায় না? এই প্রশ্নের উত্তরই আমাদের পরের কয়েক হাজার বছরের দিকে নিয়ে যায়।

যখন গল্প কিতাবে পৌঁছালো

সময়ের সঙ্গে মানুষ শুধু ছবি আঁকেনি; ভাষায় গল্প বলেছে, স্মৃতি ধরে রেখেছে এবং প্রজন্মের পর প্রজন্ম কাহিনি বহন করেছে। অনেক পরে সেই কাহিনির কিছু অংশ লিখিত ধর্মগ্রন্থের ভেতরেও জায়গা পেয়েছে। তখন মানুষের নিজের শুরু, তার পৃথিবী, তার স্রষ্টা এবং তার দায়িত্ব নিয়ে গল্পগুলো আর শুধু গুহার দেয়ালে নেই; তারা কিতাবের পাতায়ও এসেছে।

কোরআনে মানুষের সৃষ্টির কথা একাধিক জায়গায় এসেছে। সুরা আল-বাকারাহ ২:৩০-এ আল্লাহ ফেরেশতাদের জানান যে তিনি পৃথিবীতে একজন “খলিফা” স্থাপন করবেন। এরপর আদমকে জ্ঞান দেওয়ার এবং ফেরেশতাদের সিজদার বয়ান আসে। সুরা আন-নিসা ৪:১-এ বলা হয়েছে, মানবজাতিকে একটি “নফসিন ওয়াহিদাহ”- একটি একক সত্তা বা প্রাণসত্তা থেকে সৃষ্টি করা হয়েছে এবং সেখান থেকে তার সঙ্গী সৃষ্টি করে দুজনের মাধ্যমে বহু পুরুষ ও নারী ছড়িয়ে দেওয়া হয়েছে।

এই আয়াতগুলোকে পড়ার সময় একটা বিষয় পরিষ্কার রাখা দরকার। কোরআন এখানে আধুনিক অর্থে জীবাশ্মবিজ্ঞান লিখছে না। মানুষের প্রজাতির বিবর্তন, আফ্রিকা থেকে মানুষের বিভিন্ন পর্যায়ের বিস্তার, কিংবা কোনো প্রত্নতাত্ত্বিক সাইটের বয়স নির্ধারণ, এসব কোরআনের আলোচনার বিষয় নয়। এর বক্তব্যের কেন্দ্র মানুষ, তার স্রষ্টা, তার মর্যাদা, তার দায়িত্ব এবং তার নৈতিক অবস্থান। তাই কোরআনের এই বয়ানকে আধুনিক প্রত্নতত্ত্বের পাঠ্যবই বানানো যেমন ঠিক নয়, তেমনই প্রত্নতাত্ত্বিক তথ্য দিয়ে কোরআনের ধর্মতাত্ত্বিক বক্তব্যকে সরাসরি মাপাও একই ধরনের ভুল।

ইহুদি ধর্মগ্রন্থের জেনেসিস-এও মানুষের শুরু নিয়ে একটি বিস্তৃত বয়ান আছে। প্রথম অধ্যায়ে সৃষ্টির কথা, মানুষকে ঈশ্বরের “ইমেজ” বা প্রতিমূর্তিতে সৃষ্টি করার কথা এবং পুরুষ ও নারী উভয়ের সৃষ্টির কথা বলা হয়েছে। পরে জেনেসিস-এর ১১ নম্বর অধ্যায়ে বাইবেল-এর গল্প আসে, সেখানে বলা হয়েছে, একসময় পৃথিবীর মানুষের ভাষা এক ছিল; তারা শিনার দেশে একটি শহর ও আকাশছোঁয়া একটি টাওয়ার নির্মাণ করতে চেয়েছিল। এরপর ঈশ্বর তাদের ভাষা বিভ্রান্ত করেন এবং তারা পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে।

কোরআন ও জেনেসিস-এর মধ্যে বহু পরিচিত চরিত্র ও কাহিনির মিল আছে। কিন্তু এখানেও আমাদের খুব সহজ একটি সিদ্ধান্ত থেকে সাবধান হতে হবে, “মিল আছে, তাই একটি আরেকটি থেকে কপি করেছে”- এমন সরলীকরণ করা উচিত হবে না। আধুনিক গবেষণায় কোরআন ও বাইবেলের সম্পর্ককে এর চেয়ে অনেক বেশি জটিলভাবে দেখা হয়। কোরআনের সঙ্গে হিব্রু বাইবেল, নিউ টেস্টামেন্ট এবং বাইবেল-পরবর্তী ইহুদি ও খ্রিস্টীয় সাহিত্য ও ঐতিহ্যের নানা ধরনের সম্পর্ক আছে। গবেষকেরা এসব সম্পর্ককে ইন্টারটেক্সুয়ালিটির দৃষ্টিতে পড়েন; পাশাপাশি সপ্তম শতকের বহুধর্মীয় লেট এন্টিক পরিবেশ, মৌখিক ঐতিহ্য এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে চলা ধর্মীয় ধারণার কথাও বিবেচনা করেন। গবেষকদের মধ্যে অবশ্য এই সম্পর্কের প্রকৃতি নিয়ে মতভেদ আছে। কোরআন সরাসরি লিখিত বাইবেলের সঙ্গে কতটা পরিচিত ছিল, আর কতটা মৌখিক বা প্রচলিত ঐতিহ্যের সঙ্গে সংলাপে ছিল, সে প্রশ্ন এখনো আলোচনার বিষয়।

এই পার্থক্যটা গুরুত্বপূর্ণ। কারণ কোনো গল্পের উৎস খুঁজতে গেলে শুধু “আগে কোথায় লেখা হয়েছিল?” প্রশ্ন করলেই হয় না। দেখতে হয়, গল্পটা কি আগে থেকেই মুখে মুখে প্রচলিত ছিল? কোনো ধর্মীয় সম্প্রদায়ের শিক্ষায় কি সেটি চলতো? বাইবেলের বাইরের ইহুদি বা খ্রিস্টীয় কোনো লেখায় কি তার আলাদা রূপ ছিল? আর কোরআন যখন সেই চরিত্র বা ঘটনাকে সামনে আনছে, তখন কি আগের গল্পটিকে একই অর্থে ব্যবহার করছে, নাকি তার অর্থ বদলে দিচ্ছে? কোরআনের সঙ্গে পূর্ববর্তী ঐতিহ্যের সম্পর্ক নিয়ে আধুনিক গবেষণার বড় অংশ আসলে এই প্রশ্নগুলো নিয়েই কাজ করে।

এরপর গল্পের ওপর আরও গল্প জমে। মূল কিতাবে কোনো ঘটনা হয়তো কয়েকটি আয়াতে বলা হয়েছে। পরে মানুষ সেই ঘটনার ব্যাখ্যা করেছে। তাফসিরে বিভিন্ন মত এসেছে। হাদিসে কোনো বর্ণনা এসেছে। ইহুদি বা খ্রিস্টীয় ঐতিহ্যের কোনো কাহিনি ব্যাখ্যার আলোচনায় এসেছে। পরবর্তী সময়ে লোকবিশ্বাস তার সঙ্গে আরও কিছু যোগ করেছে। ফলে কয়েকশ বছর পরে একটি গল্প যখন মানুষের মুখে পৌঁছায়, তখন তার সঙ্গে মূল গ্রন্থের বক্তব্যের পার্থক্যটা আর সহজে বোঝা যায় না।

তখন আমরা এমন অনেক কথা শুনতে শুরু করি, যার উৎস জানি না, কিন্তু আবার নিশ্চিত বলে মনে করি। আদম পৃথিবীর ঠিক কোথায় নেমেছিলেন? হাওয়ার নাম কীভাবে নির্দিষ্ট হলো? কাবা প্রথম কে বানিয়েছিলেন? কাবিল ও হাবিলের ঘটনার সব খুঁটিনাটি কোথা থেকে এলো? আসহাবে কাহাফের কুকুরটির নাম কী? এসব প্রশ্নের উত্তর একেকটি উৎসে একেকভাবে পাওয়া যেতে পারে। কোনো তথ্য সরাসরি কোরআনে থাকতে পারে, কোনোটি হাদিসে, কোনোটি তাফসিরে, কোনোটি পূর্ববর্তী ধর্মীয় ঐতিহ্যে, কোনোটি দুর্বল বর্ণনায়, আবার কোনোটি হয়তো বহু পরে তৈরি হওয়া লোকবিশ্বাসে। সবগুলোকে একই স্তরে রাখলে আমরা অজান্তেই পরবর্তী গল্পকে মূল কিতাবের কথা বানিয়ে ফেলি।

এই কারণেই কোনো ধর্মীয় গল্পের শিকড় খুঁজতে গেলে আমাদের একটা সহজ সিঁড়ি মনে রাখা দরকার, প্রথমে কোরআন বা মূল ধর্মগ্রন্থ, তারপর প্রামাণ্য হাদিস, এরপর প্রাচীন তাফসির ও ব্যাখ্যার ইতিহাস; তারপর দেখতে হবে পূর্ববর্তী ইহুদি-খ্রিস্টীয় বা অন্য ঐতিহ্যের সঙ্গে কোনো সম্পর্ক আছে কি না; আর সবশেষে আলাদা করে দেখতে হবে লোকবিশ্বাস ও পরবর্তী সাংস্কৃতিক সংযোজন। এই স্তরগুলো আলাদা করলেই বোঝা যায়, একটি গল্পের কোন অংশ কতটা পুরোনো, কোন অংশ ব্যাখ্যা, আর কোন অংশ অনেক পরে মানুষের কল্পনা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়েছে।

মানুষের প্রথম গল্পের ইতিহাস তাই শুধু মানুষের প্রথম ধর্ম খুঁজে বের করার চেষ্টা নয়। এটা গল্পেরও ইতিহাস, একটা গল্প কীভাবে জন্ম নেয়, কীভাবে মানুষের মুখে মুখে বেঁচে থাকে, কীভাবে এক সংস্কৃতি থেকে আরেক সংস্কৃতিতে যায়, কীভাবে ধর্মগ্রন্থের সঙ্গে সংলাপে আসে, আর তারপর কীভাবে তার চারপাশে নতুন নতুন ব্যাখ্যার স্তর জমতে থাকে।

আমরা এখন যে গল্পটা শুনছি, সেটার উৎসও কি আমরা সত্যিই জানি? নাকি অনেকবার শুনতে শুনতে তার উৎসের কথা ভুলে গিয়ে শুধু গল্পটাকেই সত্য বলে ধরে নিয়েছি? একটি কথা কোরআনে আছে, নাকি হাদিসে? হাদিসে আছে, নাকি কোনো তাফসিরে? তাফসিরে আছে, নাকি তারও আগে কোনো ইহুদি বা খ্রিস্টীয় ঐতিহ্যে? আর কোনো জায়গাতেই নেই, শুধু মানুষের মুখে মুখে আছে, এমনও কি হতে পারে? সেই বিষয়গুলোই আমরা জানতে চেষ্টা করবো। এবং সেটা করতে গিয়ে আমরা কোনো বিশ্বাসকেই ছোট করতে চাই না। আবার কোনো প্রচলিত গল্পকে শুধু প্রচলিত বলে ইতিহাসের সত্যও বানাতে চাই না। আমরা শুধু একটু পেছনে ফিরবো। গল্পটার কাছে যাবো। তারপর তার আগের গল্পটার কাছে। যতদূর পর্যন্ত সূত্র পাওয়া যায়, ততদূর পর্যন্ত হাঁটব। যেখানে প্রমাণ আছে, সেখানে প্রমাণকে প্রমাণ হিসেবেই রাখব। যেখানে মতভেদ আছে, সেখানে মতভেদটাও থাকবে। আর যেখানে আমরা জানি না, সেখানে “জানি না” বলতেও দ্বিধা করব না। কারণ মানুষের সবচেয়ে পুরোনো ইতিহাসের অনেকটাই এখনো অন্ধকারে ঢাকা।

আমরা জানি না প্রথম মানুষ কখন আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরের কথা ভেবেছিল। জানি না প্রথমবার কোনো মৃত মানুষকে মাটির নিচে রাখার সময় তার পাশে থাকা মানুষগুলো কী অনুভব করেছিল। জানি না ৫১ হাজার বছরেরও বেশি আগে সুলাওয়েসির সেই গুহায় একজন মানুষ শূকরের পাশে মানুষের মতো অবয়বগুলো এঁকে ঠিক কী বলতে চেয়েছিল। কিন্তু আমরা জানি, মানুষ তখন শুধু বেঁচেই ছিল না, তারা তাদের অভিজ্ঞতার কিছু চিহ্নও রেখে যাচ্ছিল। সেই চিহ্নগুলোই আমাদের সবচেয়ে পুরোনো দরজা। আর সেই দরজা দিয়ে একটু ভেতরে ঢুকলেই হয়তো প্রথম ধর্মের চেয়েও পুরোনো একটা প্রশ্ন পাওয়া যায়- মানুষ প্রথমবার মৃত্যু দেখার পর কী ভাবলো?

যে মানুষটা গতকাল তার পাশে ছিল, সে আজ কোথায়? শরীর থেমে গেলে কি সব শেষ হয়ে যায়? নাকি চোখে দেখা পৃথিবীর বাইরে আরও কিছু আছে? হয়তো মানুষের সবচেয়ে পুরোনো গল্পের শুরু ঈশ্বরকে দিয়ে নয়। হয়তো শুরু হয়েছিল মৃত্যুকে দেখেই। আর সেই জায়গা থেকেই পরের গল্প- মানুষ যখন প্রথম মৃত মানুষটিকে মাটিতে শোওয়ালো।

সূত্র ও পাঠের ভিত্তি

প্রত্নতত্ত্ব ও মানব-উৎপত্তি

১. Jean-Jacques Hublin et al., “New fossils from Jebel Irhoud, Morocco and the pan-African origin of Homo sapiens,” Nature 546 (2017), 289–292. গবেষণাটি Jebel Irhoud-এর মানব জীবাশ্মকে প্রায় ৩১৫ ± ৩৪ হাজার বছরের পুরোনো হিসেবে নির্ধারণ করে এবং Homo sapiens-এর উদ্ভবকে সমগ্র আফ্রিকার দীর্ঘ বিবর্তনীয় ইতিহাসের সঙ্গে যুক্ত করে।

২. Daniel Richter et al., “The age of the hominin fossils from Jebel Irhoud, Morocco, and the origins of the Middle Stone Age,” Nature 546 (2017), 293–296. Jebel Irhoud-এর সংশ্লিষ্ট প্রত্নতাত্ত্বিক স্তরের বয়স নির্ধারণের গবেষণা।

৩. Smithsonian Institution, Human Origins Program, “Qafzeh: Oldest Intentional Burial.” কফজেহে প্রায় এক লাখ বছর আগের Homo sapiens সমাধি, লাল ওকার এবং ওকার-দাগযুক্ত পাথরের তথ্য।

৪. Christopher S. Henshilwood et al., “Emergence of Modern Human Behavior: Middle Stone Age Engravings from South Africa,” Science 295 (2002), 1278–1280. ব্লম্বস গুহার প্রায় ৭৭ হাজার বছরের খোদাই করা ওকারের প্রাথমিক গবেষণা।

৫. Christopher S. Henshilwood, Francesco d’Errico & Ian Watts, “Engraved ochres from the Middle Stone Age levels at Blombos Cave, South Africa,” Journal of Human Evolution 57 (2009), 27–47. ব্লম্বসের আরও খোদাই করা ওকার এবং প্রতীকী আচরণের আলোচনা।

৬. Adhi Agus Oktaviana et al., “Narrative cave art in Indonesia by 51,200 years ago,” Nature 631 (2024), 814–818. লিয়াং কারামপুয়াং-এর অন্তত ৫১,২০০ বছরের পুরোনো বর্ণনামূলক গুহাচিত্রের গবেষণা।

কোরআন, বাইবেল ও আন্তঃধর্মীয় ঐতিহ্য

৭. কোরআন, সুরা আল-বাকারাহ ২:৩০—আদম ও পৃথিবীতে “খলিফা” স্থাপনের বয়ান।

৮. কোরআন, সুরা আন-নিসা ৪:১—“এক নফস” থেকে মানবজাতির বিস্তারের বয়ান।

৯. Genesis ১—সৃষ্টি ও মানুষকে ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি করার বয়ান।

১০. Genesis ১১:১–৯—Babel, এক ভাষা এবং মানুষের ছড়িয়ে পড়ার কাহিনি।

১১. Natana J. DeLong-Bas, “The Qur’an and the Bible,” Oxford Bibliographies in Islamic Studies (2025)—কোরআন, বাইবেল, ইহুদি-খ্রিস্টীয় ঐতিহ্য এবং Late Antiquity-এর পারস্পরিক সম্পর্কের গবেষণা-পর্যালোচনা।

১২. Andrew O’Connor, “The Bible and the Qurʾan,” Oxford Bibliographies in Biblical Studies (2024)—কোরআনের বাইবেলীয় ও বাইবেল-পরবর্তী ঐতিহ্যের সঙ্গে আন্তঃপাঠিক সম্পর্ক এবং সরাসরি “কপি” তত্ত্বের সীমাবদ্ধতা।

১৩. Angelika Neuwirth, “Qur’an and Bible,” in The Qur’an and Late Antiquity: A Shared Heritage, Oxford University Press (2019)—কোরআন ও বাইবেলের সম্পর্ককে Late Antique প্রেক্ষাপটে পড়ার আলোচনা।

১৪. Michael E. Pregill, The Golden Calf between Bible and Qur’an: Scripture, Polemic, and Exegesis from Late Antiquity to Islam, Oxford University Press (2020)—কোরআন ও পূর্ববর্তী ইসরায়েলীয়/বাইবেলীয় ঐতিহ্যের সম্পর্ককে সরল “প্রভাব” বা “ধার” হিসেবে না দেখে বৃহত্তর ধর্মীয় ও সাংস্কৃতিক যোগাযোগের মধ্যে দেখার পদ্ধতি।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login