Article

প্রকৃতি যখন দেবতা হয়ে উঠলো- বৃষ্টি, বজ্র, সূর্য ও প্রথম উপাসনা

November 21, 2026

54 views

হাজার বছর আগে পৃথিবীর কোনো এক প্রান্তে, সূর্য ওঠার আগের অন্ধকারে, একজন মানুষ হয়তো তার ছোট্ট বসতির বাইরে দাঁড়িয়েছিল। তার সামনে ছিল না কোনো শহর বা রাস্তা, অথবা কোনো আবহাওয়ার পূর্বাভাস। মাথার ওপর ছিল বিশাল আকাশ। রাতের অন্ধকার ধীরে ধীরে সরছিল, দূরে ফুটে ওঠছিল আলো। দিনের কাজ শুরু করার আগে সে হয়তো দেখছিল- আকাশটা আজ কী অবস্থায় আছে? বৃষ্টি হবে কি? বাতাসের গতি কোন দিকে? রাতের পর সূর্য আবার ঠিক আগের জায়গা থেকেই উঠবে কি?

আমরা জানি না সেই মানুষটি কে ছিল অথবা সে আসলে ওই সময় ঠিক এসবই ভাবছিল কি না। মানুষ প্রথম কবে আকাশের দিকে তাকিয়ে প্রকৃতির শক্তিকে বোঝার চেষ্টা করেছিল, এমন কোনো প্রাচীন নথিও আমাদের হাতে নেই লেখা আছে। কিন্তু আমরা জানি, তাদের পৃথিবী ছিল এমন এক পৃথিবী যেখানে আকাশের পরিবর্তন শুধু দৃশ্য ছিল না, বরং ছিল তাদের বেঁচে থাকার অংশ হয়ে।

কাল পর্যন্ত যে আকাশটা ছিল শান্ত, আজ হঠাৎ তা কালো মেঘে ঢেকে যেতে পারে, বাতাস বদলে যেতে পারে। প্রচণ্ড এক শব্দে কেঁপে উঠতে পারে মাটি। আকাশ চিরে নেমে আসতে পারে আগুনের মতো আলোর রেখা। এর ঠিক পরক্ষণেই হয়তো নামতে পারে ভারী বৃষ্টি। সেই বৃষ্টিতে শুকনো মাটি ভিজে নরম হচ্ছে, ঘাস গজাচ্ছে, নদীর পানি বাড়ছে; আবার সেই বৃষ্টিই কখনো ভাসিয়ে নিয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসল এবং গবাদিপশু। প্রাচীন মানুষদের কাছে তাই প্রকৃতি ছিল একই সঙ্গে জীবনদাতা এবং ধ্বংসকারী।

সূর্য উঠলে অন্ধকার কাটে, আলোয় পথ দেখা যায়, শরীর উষ্ণ হয়। সূর্য ডুবে গেলে নেমে আসে রাত। নদী পানি দেয়, আবার বন্যা কেড়ে নিতে পারে সমস্ত কিছু। আগুন উষ্ণতা দেয়, আবার মুহূর্তে একটি বসতি পুড়িয়ে ফেলতে পারে। ঋতু ফিরে আসে, কিন্তু সব বছর একই রকম থাকে না। কখনো বৃষ্টি বেশি, কখনো কম; কখনো ফসল ভালো, কখনো মাটি হয়ে ওঠে শুষ্ক।

এই বিশাল, অদম্য শক্তিগুলোর সামনে দাঁড়িয়ে মানুষ কী প্রশ্ন করেছিল, সেই প্রথম বাক্যটি আমাদের জানা নেই। কোনো প্রাচীন পাথরে লেখা নেই কোন দিন মানুষ প্রথম সূর্যের দিকে হাত তুলেছিল কিংবা বজ্রপাতের শব্দ শুনে মাথা নুইয়েছিল। কিন্তু হাজার হাজার বছর ধরে মানুষের রেখে যাওয়া প্রতীক, মূর্তি, আচারস্থল, স্তোত্র, পুরাণ এবং ধর্মগ্রন্থের পাতায় সেই দীর্ঘ প্রশ্নের নানা উত্তর জমে আছে।

তাহলে কি মানুষ প্রথমে প্রকৃতিকে ভয় পেয়েছিল, আর তারপর প্রকৃতির শক্তিগুলোকে দেবতার রূপ দিয়েছিল? গল্পটা সম্ভবত এত সরল নয়, কারণ প্রকৃতি মানুষের কাছে শুধু ভয় ছিল না। খাদ্য, আশ্রয়, ঋতু, জন্ম, মৃত্যু, উর্বরতা, পথ, সময় এবং জীবনের ছন্দও ছিল। মানুষ প্রকৃতিকে বুঝতে চেয়েছে, এর সঙ্গে মানিয়ে নিয়েছে, একে নিয়ে গল্প বানিয়েছে, এর নিয়ম পর্যবেক্ষণ করেছে, আর কোনো কোনো সমাজে সেই প্রকৃতির শক্তিগুলোকে দেবতার রূপ দেওয়া হয়েছে। কখনো দেবতা হয়ে উঠেছেন সূর্য, কখনো ঝড়, কখনো নদী বা উর্বরতা; আবার কখনো প্রকৃতির সবকিছুকেই এক স্রষ্টার সৃষ্ট জগত হিসেবে দেখা হয়েছে।

অচেনা শক্তিকে চেনা মুখ দেওয়া

মানুষ অজানাকে বোঝার জন্য প্রায়ই পরিচিত জগতের ভাষা ব্যবহার করে। আমরা জানি একজন মানুষ রাগ করতে পারে, সাহায্য চাইতে বা করতে পারে, প্রতিশোধ নিতে, এবং ভালোও বাসতে পারে। তাই অদৃশ্য কোনো শক্তিকে বোঝার জন্য মানুষ যখন সেসবকে মানুষের মতো করে কল্পনা করতে শুরু করলো, তখন নিজের সামাজিক অভিজ্ঞতাই হয়তো তাদের সবচেয়ে স্বাভাবিক ভাষা হয়ে ওঠেছিল।

নৃতত্ত্বের ইতিহাসে এই ধরনের বিশ্বাস ও ব্যাখ্যা বোঝাতে অ্যানিমিজম বা প্রাণবাদ এবং অ্যানথ্রোপোমরফিজম বা প্রকৃতি ও অন্যান্য সত্তার ওপর মানবীয় বৈশিষ্ট্য আরোপ- এই দুটি আলাদা ধারণা ব্যবহার করা হয়েছে। উনিশ শতকের নৃতত্ত্ববিদ এডওয়ার্ড বারনেট টাইলর অ্যানিমিজমকে ধর্মের প্রাথমিক বিকাশ বোঝার একটি গুরুত্বপূর্ণ ধারণা হিসেবে ব্যবহার করেছিলেন। তার মতে স্বপ্ন, ঘুম, মৃত্যু এবং অদৃশ্য আত্মার ধারণার মতো অভিজ্ঞতার সঙ্গে ধর্মীয় চিন্তার সম্পর্ক থাকতে পারে। কিন্তু টাইলরের সময়ের বিবর্তনবাদী কাঠামো, যেখানে ধর্মকে একটি সরল “আদিম” থেকে “উন্নত” পথে সাজানো হতো, আজ আর নৃতত্ত্বের সর্বজনস্বীকৃত ব্যাখ্যা নয়।

সমকালীন গবেষণায় বরং জোর দেওয়া হয়, মানুষ ও তার চারপাশের জগতের সম্পর্ককে সব সংস্কৃতিতে একইভাবে ভাগ করা যায় না। কোনো সমাজে নদীকে প্রধানত একটি ভৌত ও ব্যবহারিক সম্পদ হিসেবে দেখা হতে পারে, আবার অন্য সমাজে নদী জীবনের সঙ্গে এমন এক সম্পর্কের অংশ হতে পারে যার নিজস্ব সামাজিক ও ধর্মীয় অর্থ আছে। তাই “প্রাচীন মানুষ প্রকৃতির মধ্যে আত্মা দেখতো”, এমন সরল বাক্যের বদলে বলা নিরাপদ যে বিভিন্ন সমাজ প্রকৃতি, প্রাণী, নদী, পাহাড়, আকাশ এবং তাদের চারপাশের জগতের সঙ্গে নিজেদের সম্পর্ককে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক ভাষায় ব্যাখ্যা করেছে।

এর প্রমাণ খুঁজতে গেলে আমাদেরকে যেতে হবে আজকের দক্ষিণ-পূর্ব তুরস্কের গোবেকলি তেপেতে। প্রায় ১২,০০০ বছর আগের ওই জায়গাটাতে বিশাল টি-আকৃতির পাথরের স্তম্ভ, প্রাণীর চিত্র ও অন্যান্য প্রতীকী নিদর্শন পাওয়া গেছে। প্রি-পটারি নিওলিথিক বা প্রাক-মৃৎশিল্প নব্যপ্রস্তর যুগের এই স্থাপত্য কৃষির পূর্ণ বিকাশের আগের মানুষের সামাজিক সংগঠন ও স্মারক নির্মাণের ক্ষমতা সম্পর্কে আমাদের ধারণাকে বদলে দিয়েছে। ২০১২ সালের একটি গবেষণায় অলিভার ডিট্রিশ, ক্লাউস শ্মিডট ও তাদের সহকর্মীরা গোবেকলি তেপেতে সমাবেশ, ভোজ, নৃত্য এবং প্রতীকী স্থাপত্যের মাধ্যমে সামাজিক ও মতাদর্শগত সংহতির সম্ভাবনার কথা আলোচনা করেন।

গোবেকলি তেপে গুরুত্বপূর্ণ, কিন্তু সেখানকার মানুষ কোন দেবতার পূজা করতো, অথবা তারা শিয়াল বা সাপের চিত্রকে কী অর্থ দিত, কিংবা ওই স্থানকে ঠিক “মন্দির” বলা উচিত কি না, এসব বিষয়ে প্রত্নতত্ত্ব আমাদের সম্পূর্ণ উত্তর দেয় না। পাথরে একটি প্রাণীর ছবি আছে বলেই আমরা এর ধর্মীয় অর্থ নিশ্চিতভাবে জেনে যাই না। প্রত্নতত্ত্ব আমাদের বস্তু দেয়; কিন্তু সেইসব বস্তুগুলোর অর্থ সবসময় নিজে থেকে কথা বলে না।

একই সমস্যা দেখা যায় ইউরোপ ও ইউরেশিয়ায় পাওয়া প্রাগৈতিহাসিক নারীমূর্তিগুলোর ক্ষেত্রেও। যেগুলোকে দীর্ঘদিন ধরে “ভেনাস ফিগারিন” বলা হয়েছে, সেসবের বয়স ও বিস্তৃতি ভিন্ন ভিন্ন রকম। কিছু প্রায় ৩৫,০০০ বছর আগের, আবার অনেকগুলো প্রায় ২৩,০০০–২৫,০০০ বছর আগের পরিসরের। দীর্ঘদিন এগুলোকে “উর্বরতার দেবী” বা মাতৃদেবীর প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু গবেষণায় এই ব্যাখ্যার পাশাপাশি নারী-পরিচয়, সৌন্দর্য, সামাজিক মর্যাদা, বেঁচে থাকা বা জীবনধারণের সঙ্গে সম্পর্কিত প্রতীকী অর্থ, এমনকি অলংকার বা ব্যক্তিগত ব্যবহারের সম্ভাবনাও আলোচনা হয়েছে। গবেষকেরা একমত নন যে এগুলোর একটি মাত্র অর্থ ছিল।

অর্থাৎ হাজার হাজার বছর আগের একটি মূর্তি হাতে নিয়ে আমরা বলতে পারি যে, “মানুষ এমন একটি প্রতীক তৈরি করেছিল।” কিন্তু আমরা সবসময় বলতে পারি না- “এই মানুষটি ঠিক এই দেবতার পূজা করতো।” এই পার্থক্যটিই ইতিহাস আর কল্পকাহিনির মধ্যে সীমারেখা তৈরি করে।

কৃষি, নদী, শহর আর দেবতাদের সংসার

এরপর মানুষের জীবন বদলাতে শুরু করলো। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কৃষি ও স্থায়ী বসতির বিস্তার ঘটলো। এর সঙ্গে মানুষের প্রকৃতির ওপর নির্ভরতার ধরনও বদলে গেল। শিকারি মানুষের জীবন অবশ্যই পরিবেশের ওপর নির্ভরশীল ছিল, কিন্তু স্থায়ী কৃষিজীবনে মাটি, পানি, ঋতু এবং বৃষ্টির নিয়ম আরও সরাসরি অর্থনৈতিক বাস্তবতায় পরিণত হলো। বীজ মাটিতে ফেলা হলো; তারপর মানুষ অপেক্ষা করলো। কখন বৃষ্টি আসবে, নদী কখন বাড়বে, কখন ফসল উঠবে- এসব প্রশ্ন শুধু প্রকৃতির প্রশ্ন ছিল না, বরং খাদ্য ও বেঁচে থাকার প্রশ্নও ছিল।

মেসোপটেমিয়ায় টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীকে ঘিরে গড়ে ওঠা নগরসভ্যতায় এই সম্পর্ক আরও স্পষ্ট হয়ে ওঠে। সেখানে দেবতাদের জগত ছিল বিশাল এবং বহুস্তরীয়। আকাশের দেবতা আনু, নিপ্পুরের সঙ্গে যুক্ত এনলিল, এরিদুর সঙ্গে যুক্ত এনকি, সূর্যদেব উতু বা আক্কাদীয় শামাশ, এবং উরুকের ইনান্না- প্রতিটি দেবতার সঙ্গে আলাদা শহর, শক্তি, আচার ও পুরাণ জড়িয়ে ছিল। মেট্রোপলিটন মিউজিয়ামের তথ্য অনুযায়ী, মেসোপটেমীয় দেবতাদের অনেকেই সূর্য, চাঁদ, তারা, বাতাস, মিঠাপানি ও সমুদ্রের মতো প্রাকৃতিক শক্তির সঙ্গে যুক্ত ছিলেন; আবার অনেক দেবতা নির্দিষ্ট শহরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ছিলেন।

এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখা যায়; দেবতাদের জগৎ কেবল প্রকৃতির প্রতিচ্ছবি ছিল না, মানুষের সমাজও সেই জগতকে বদলে দিচ্ছিল। কোনো শহর রাজনৈতিকভাবে শক্তিশালী হলে ওই শহরের দেবতার মর্যাদাও বেড়ে যেত। মেট্রোপলিটন মিউজিয়ামের গবেষণায় দেখা যায়, ব্যাবিলনের রাজনৈতিক উত্থানের সঙ্গে এর প্রধান দেবতা মারদুকও ধীরে ধীরে দেবতাদের শ্রেণিবিন্যাসে ওপরে উঠে আসেন এবং শেষ পর্যন্ত প্রধান দেবতার মর্যাদা অর্জন করেন। অর্থাৎ দেবতাদের ইতিহাসের ভেতরেও রাজনীতি ঢুকে পড়েছিল।

এখানে প্রকৃতি থেকে দেবতার জন্মের গল্পটি আর শুধু প্রকৃতির গল্প থাকে না, বরং তা হয়ে ওঠে শহরের গল্প, ক্ষমতার গল্প, এবং মানুষের সামাজিক সংগঠনের গল্প। দেবতাদেরও তখন পরিবার আছে, সম্পর্ক আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে। মেসোপটেমীয় দেবতাদের অনেককে মানুষের মতো আকৃতিতে দেখানো হয়েছে; তারা মানুষের চেয়ে আলাদা অমরত্ব ও অতিমানবীয় শক্তির কারণে। দেবমূর্তিকে শুধু শিল্পকর্ম হিসেবে দেখলে বিষয়টি অসম্পূর্ণ থাকে। ধর্মীয় আচারে সেই মূর্তির সঙ্গে দেবতার উপস্থিতির সম্পর্ক কল্পনা করা হতো। মূর্তিকে ধোয়া, পোশাক পরানো, খাবার ও পানীয় দেওয়া- এসব আচারেরও প্রমাণ আছে। অর্থাৎ মানুষ প্রকৃতির শক্তিকে দেবতার ভাষায় প্রকাশ করলেও, সেই দেবতাদের জগত ধীরে ধীরে মানুষের পরিচিত সামাজিক জগতের মতোই জটিল হয়ে উঠেছিল।

বৃষ্টি থেমে গেলে দেবতা কোথায়?

প্রাচীন লেভান্টের দিকে তাকালে আমরা প্রকৃতি ও দেবতার সম্পর্কের আরও একটি শক্তিশালী উদাহরণ পাই। উগারিতের ধর্মীয় সাহিত্যে বাল ছিলেন ঝড়ের দেবতা এবং বৃষ্টির সঙ্গে যুক্ত উর্বরতার শক্তি। বৃষ্টিনির্ভর কৃষি-সমাজে এই সম্পর্কের গুরুত্ব বোঝা কঠিন নয়। মেট্রোপলিটন মিউজিয়ামের গবেষণায় বালকে ঝড় ও উর্বরতার সঙ্গে যুক্ত দেবতা হিসেবে বর্ণনা করা হয়েছে; তার পুরাণে বৃষ্টির আগমন, ঋতুর পরিবর্তন এবং মৃত্যুর সঙ্গে সম্পর্কিত মোটিফ বা উপাদানও রয়েছে। এখানে প্রকৃতির ঘটনা আর পুরাণের ঘটনা একে অন্যের সঙ্গে মিশে যায়। বৃষ্টি শুধু আবহাওয়ার ঘটনা নয়; বৃষ্টির অনুপস্থিতি দেবতার অনুপস্থিতির মতো কল্পিত হতে পারে। উর্বরতা শুধু কৃষির ফলন নয়; তা দেবতার ক্ষমতার প্রকাশ হয়ে উঠতে পারে।

কিন্তু এখানেও “প্রাচীন মানুষ বৃষ্টিকে বুঝতো না, তাই বৃষ্টির দেবতার রূপ দিয়েছিল”- এই বাক্যটি খুব সহজ হয়ে যায়। একজন কৃষক বৃষ্টির ঋতু সম্পর্কে জানতো। সে মাটির আচরণও জানতো, বীজ বোনার সময় জানতো চিনতো নদীর গতিপথও। তার অজ্ঞতা সম্পূর্ণ ছিল না। বরং তার প্রশ্ন ছিল- যে নিয়মগুলো সে পর্যবেক্ষণ করছে, সেই নিয়মের পেছনে অর্থ কী? এই জায়গায় ধর্ম শুধু অজানাকে ব্যাখ্যা করার চেষ্টা নয়; প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ককে অর্থপূর্ণ করারও একটি উপায় হয়ে উঠতে পারে।

সূর্য, নদী আর মিসরের মহাজাগতিক শৃঙ্খলা

মিসরে নীলনদ ও সূর্যের চক্র মানুষের ধর্মীয় কল্পনার গভীরে ঢুকে গিয়েছিল। সূর্য প্রতিদিন আকাশ পেরিয়ে যায়, তারপর রাতের অন্ধকারে অদৃশ্য হয়, আবার পরদিন ফিরে আসে। এই চক্রকে শুধু সময়ের হিসাব হিসেবে দেখা হয়নি; এর সঙ্গে জীবন, মৃত্যু, পুনর্নবীকরণ এবং মহাজাগতিক শৃঙ্খলার ধারণাও যুক্ত হয়েছে।

মিসরীয় ধর্ম অবশ্য কোনো একক ও অপরিবর্তনীয় ব্যবস্থা ছিল না। প্রায় তিন হাজার বছরের ইতিহাসে দেবতাদের ভূমিকা, নাম, প্রতীক ও পারস্পরিক সম্পর্ক বহুবার বদলেছে। একই দেবতা কখনো অন্য দেবতার বৈশিষ্ট্য গ্রহণ করেছেন, আবার বিভিন্ন স্থানীয় ঐতিহ্য একে অন্যের সঙ্গে মিশেছে।

সূর্যের দৈনিক যাত্রা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। মেট্রোপলিটন মিউজিয়ামের ব্যাখ্যায় মিসরীয় ধারণায় নেহেহ বা চক্রাকার সময় সূর্যের আকাশযাত্রার সঙ্গে যুক্ত ছিল; দিনের সূর্য রাতে পাতালজগতের মধ্য দিয়ে যাত্রা করে আবার নতুন দিনের সূচনা করে, এমন ধারণা পরবর্তী মিসরীয় ধর্মীয় কল্পনায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

আর মৃত্যুর সঙ্গে এই সূর্যচক্রের সম্পর্কও তৈরি হয়েছিল। ওসিরিস মৃতদের জগতের সঙ্গে যুক্ত হয়ে ওঠেন; তার মৃত্যু, পুনর্গঠন এবং পরবর্তী অস্তিত্বের পুরাণ মিসরীয় পরকাল-চিন্তার কেন্দ্রে চলে আসে। মেট্রোপলিটন মিউজিয়ামের প্রদর্শনীতে ওসিরিসকে মৃত্যু অতিক্রম করার আদর্শ এবং পাতালজগতের শাসক হিসেবে বর্ণনা করা হয়েছে।

অর্থাৎ মিসরীয় মানুষের কাছে প্রকৃতি শুধু বাইরে ঘটে যাওয়া ঘটনা ছিল না। বরং সূর্যের নিয়মিত ফিরে আসা হয়ে উঠেছিল মৃত্যুর পর জীবনের সম্ভাবনার প্রতীক; নদীর চক্র হয়ে উঠেছিল উর্বরতা ও পুনর্নবীকরণের ভাষা।

আগুন, বজ্র, সূর্য- ভারতের বৈদিক পৃথিবী

আরেকদিকে, ভারতীয় উপমহাদেশের প্রাচীন বৈদিক ঐতিহ্যেও প্রকৃতি ও দেবতার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঋগ্বেদের স্তোত্রে অগ্নি, ইন্দ্র, সূর্য, উষা, বায়ু, বরুণসহ বিভিন্ন দেবতার উদ্দেশে স্তব ও আহ্বান রয়েছে। এখানে প্রকৃতির শক্তি শুধু বাহ্যিক ঘটনা নয়; তারা ধর্মীয় ভাষায় শক্তি পেয়েছে।

অগ্নি আগুনের সঙ্গে যুক্ত, কিন্তু তিনি কেবল আগুন নন, যজ্ঞের কেন্দ্র, দেবতা ও মানুষের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবেও কল্পিত। ইন্দ্র বজ্র ও ঝড়ের সঙ্গে যুক্ত, আবার বীরত্ব ও যুদ্ধের সঙ্গেও তার পরিচয় জড়িয়ে আছে। উষা ভোরের দেবী; সূর্য নিজেও দেবত্বের ভাষায় উপস্থিত। অর্থাৎ একবার কোনো প্রাকৃতিক শক্তি দেবতার রূপ নিলে তার অর্থ প্রকৃতির সীমা ছাড়িয়ে মানুষের সামাজিক ও ধর্মীয় জগতেও প্রবেশ করতে পারে। এখানেও একই বিষয় ফিরে আসে- মানুষ প্রকৃতিকে শুধু ব্যাখ্যা করেনি; প্রকৃতিকে নিয়ে একটি সম্পর্কের ভাষা তৈরি করেছে।

প্রকৃতি কি ঈশ্বর, নাকি ঈশ্বরের নিদর্শন?

এতক্ষণ পর্যন্ত আমরা যে পৃথিবী দেখলাম, সেখানে সূর্য, চাঁদ, ঝড়, বৃষ্টি, নদী ও উর্বরতার মতো শক্তি অনেক সমাজে দেবতার সঙ্গে যুক্ত হয়েছে। কিন্তু মানব ইতিহাসের ধর্মীয় চিন্তা শুধু এই একই পথেই এগোয়নি।

আরেক ধরনের ধর্মতাত্ত্বিক চিন্তায় প্রকৃতির শক্তিগুলোকে উপাস্য না করে স্রষ্টার সৃষ্টি হিসেবে দেখা হয়েছে। অর্থাৎ সূর্য দেবতা নয়; সূর্য সৃষ্টি। চাঁদ দেবতা নয়; চাঁদ সৃষ্টি। বৃষ্টি কোনো স্বতন্ত্র দেবতার ইচ্ছা নয়; বরং স্রষ্টার সৃষ্ট জগতের একটি ঘটনা।

হিব্রু বাইবেলের জেনেসিস ১:১৪–১৮-এ সূর্য, চাঁদ ও নক্ষত্রকে “আলো” বা লাইটস হিসেবে বর্ণনা করা হয়েছে, যেগুলো দিন-রাত পৃথক করে এবং সময়ের চিহ্ন হিসেবে কাজ করে। এগুলোকে স্রষ্টার সৃষ্টি হিসেবে আকাশে স্থাপিত করা হয়েছে; বয়ানে তাদের স্বতন্ত্র উপাস্য হিসেবে উপস্থাপন করা হয়নি।

আর সামজ্ ১৯:১-এ বলা হয়, আকাশ ঈশ্বরের মহিমা ঘোষণা করে এবং আকাশমণ্ডল তাঁর হাতের কাজ প্রকাশ করে। এখানে আকাশ নিজে ঈশ্বর নয়; বরং ঈশ্বরের সৃষ্টির সাক্ষ্য বহন করে। এটা ধর্মীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। প্রকৃতির প্রতি বিস্ময় থাকতেই পারে, কিন্তু সেই বিস্ময়ের ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা ভিন্ন হতে পারে। একজন মানুষ সূর্যের দিকে তাকিয়ে সূর্যকেই দেবতা হিসেবে দেখতে পারে; আরেকজন সূর্যের দিকে তাকিয়ে সূর্যের স্রষ্টাকে দেখতে পারে। দৃশ্য একই। অর্থ আলাদা।

কোরআনের ভাষায় প্রকৃতি

কোরআনে এসে এই দ্বিতীয় চিন্তাটা আরও স্পষ্ট ও ধারাবাহিক হয়ে ওঠে। কোরআন মানুষকে প্রকৃতির দিকে তাকাতে বলে, কিন্তু প্রকৃতিকে উপাস্য বানাতে বলে না। বরং আকাশ, পৃথিবী, রাত-দিন, সূর্য-চাঁদ, বৃষ্টি, বাতাস, মেঘ, প্রাণী- এসবকে বারবার আয়াত, অর্থাৎ নিদর্শন হিসেবে সামনে আনে।

সূরা ফুসসিলাত ৪১:৩৭-এ বর্ণীত আছে,

“আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে রাত ও দিন এবং সূর্য ও চাঁদ; তোমরা সূর্যকে সিজদা কোরো না এবং চাঁদকেও নয়; আর সিজদা করো আল্লাহকে, যিনি সেগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা একমাত্র তাঁরই ইবাদতকারী হও।”

এখানে বক্তব্যটি খুব সরাসরি: সূর্য ও চাঁদ আল্লাহর নিদর্শন, কিন্তু এগুলোর কোনোটিই সিজদা বা উপাসনার পাত্র নয়।

সূরা আল-বাকারাহ ২:১৬৪-এ আরও বিস্তৃত একটি দৃশ্য পাওয়া যায়। আয়াতটির কাছাকাছি ও আক্ষরিক অর্থের ধারায় বলা হয়েছে-

“নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের আবর্তনে, সমুদ্রে চলমান নৌযানসমূহে যা মানুষের উপকারে আসে, আকাশ থেকে আল্লাহ যে পানি বর্ষণ করেন এবং তা দিয়ে মৃত জমিনকে তার মৃত্যুর পর জীবিত করেন ও তাতে সব ধরনের জীবজন্তু ছড়িয়ে দেন, আর বায়ুসমূহের পরিবর্তনে এবং আসমান ও জমিনের মাঝে নিয়োজিত মেঘমালায়—অবশ্যই নিদর্শন রয়েছে সেই সম্প্রদায়ের জন্য, যারা বোধশক্তি প্রয়োগ করে।”

অর্থাৎ প্রকৃতিকে দেখার উদ্দেশ্য কেবল বিস্মিত হওয়া নয়; বোধশক্তি দিয়ে চিন্তা করা।

আর সূরা আল-আন‘আম ৬:৭৬–৭৯-এ ইব্রাহিম (আঃ)-এর নক্ষত্র, চাঁদ ও সূর্য পর্যবেক্ষণের একটি বয়ান আসে। সেখানে বর্ণীত আছে-

“অতঃপর যখন রাত তাঁর ওপর অন্ধকার নিয়ে এল, তখন তিনি একটি নক্ষত্র দেখলেন; বললেন, ‘এটিই আমার রব।’ কিন্তু যখন তা ডুবে গেল, তখন বললেন, ‘যা ডুবে যায়, তা আমি পছন্দ করি না।’ (৬:৭৬) তারপর যখন চাঁদকে উদীয়মান দেখলেন, তখন বললেন, ‘এটিই আমার রব।’ কিন্তু যখন তা ডুবে গেল, তখন বললেন, ‘আমার রব যদি আমাকে পথ না দেখান, তবে অবশ্যই আমি পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব।’ (৬:৭৭) তারপর যখন সূর্যকে উদীয়মান দেখলেন, তখন বললেন, ‘এটিই আমার রব, এটিই বড়।’ কিন্তু যখন তা ডুবে গেল, তখন বললেন, ‘হে আমার সম্প্রদায়, নিশ্চয়ই আমি তোমাদের শরিক করা বিষয়গুলো থেকে মুক্ত।’ (৬:৭৮) ‘নিশ্চয়ই আমি একনিষ্ঠভাবে আমার মুখ ফিরিয়ে নিয়েছি তাঁর দিকে, যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।’ (৬:৭৯)”

এই অংশটিকে কীভাবে পড়তে হবে, তা নিয়েও তাফসিরের দীর্ঘ আলোচনা আছে। কেউ এটাকে ইব্রাহিম (আঃ)-এর নিজের বিশ্বাস-অনুসন্ধানের বয়ান হিসেবে পড়েছেন, কেউ যুক্তিনির্ভর বিতর্ক বা শিক্ষামূলক দৃশ্য হিসেবে ব্যাখ্যা করেছেন। কিন্তু কোরআনের পাঠের ভেতর একটি বিষয় স্পষ্ট- সূর্য, চাঁদ বা নক্ষত্রের দৃশ্যমান শক্তি তাদেরকে চূড়ান্ত উপাস্য করে না। এখানে প্রকৃতি ঈশ্বর নয়; বরং প্রকৃতি ঈশ্বরের দিকে নির্দেশ করে।

এক আকাশ, অনেক ব্যাখ্যা

এখন আমরা যদি হাজার হাজার বছরের ইতিহাসটাকে পাশাপাশি রাখি, তাহলে একটি অদ্ভুত দৃশ্য দেখা যায়। মেসোপটেমিয়ায় সূর্যের সঙ্গে শামাশের সম্পর্ক তৈরি হয়েছে। ঝড়ের সঙ্গে আদাদের সম্পর্ক। ইনান্না বা ইশতার প্রেম, যুদ্ধ, ক্ষমতা ও আকাশের নানা প্রতীকের সঙ্গে যুক্ত হয়েছেন।

কানানে বাল ঝড়, বৃষ্টি ও উর্বরতার সঙ্গে যুক্ত হয়েছেন। মিসরে সূর্যের চক্র, নীলনদ, মৃত্যু ও পুনর্নবীকরণ দেবতাদের জটিল জগতের অংশ হয়েছে।

বৈদিক ঐতিহ্যে অগ্নি, ইন্দ্র, সূর্য, উষা ও বরুণের মতো দেবতার মাধ্যমে প্রকৃতির বিভিন্ন শক্তি ধর্মীয় স্তোত্রে স্থান পেয়েছে। আর হিব্রু বাইবেল ও কোরআনের একেশ্বরবাদী বয়ানে সূর্য, চাঁদ, আকাশ, বৃষ্টি ও পৃথিবীকে স্রষ্টার সৃষ্টি ও নিদর্শন হিসেবে দেখা হয়েছে।

একই আকাশ, একই সূর্য, একই বৃষ্টি, কিন্তু মানুষ তাদের অর্থ একভাবে তৈরি করেনি। এখানে “পলিথিজম” ও “হেনোথিজম”- এই আধুনিক শ্রেণিগুলো ব্যবহার করলেও সাবধান থাকা দরকার। সব প্রাচীন ধর্মকে আজকের দর্শনের বাক্সে ঢুকিয়ে দেওয়া যায় না। একটি সমাজে বহু দেবতা থাকতে পারে, কিন্তু তাদের প্রত্যেকের ভূমিকা এক নয়। কোনো দেবতা প্রধান হতে পারেন, অন্য দেবতারা তার অধীন বা সহযোগী হতে পারেন। আবার সময়ের সঙ্গে একই দেবতার ভূমিকা বদলাতে পারে।

মেসোপটেমিয়ার ইতিহাসই তার উদাহরণ। শহরের রাজনৈতিক শক্তির সঙ্গে দেবতার মর্যাদা বদলেছে, পুরোনো দেবতাদের বৈশিষ্ট্য নতুন দেবতাদের সঙ্গে মিশেছে, আর দেবতাদের তালিকাও সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে। অর্থাৎ দেবতাদের ইতিহাস শুধু ধর্মের ইতিহাস নয়, বরং তা মানুষের শহর, রাজনীতি, কৃষি, অর্থনীতি এবং সামাজিক কল্পনার ইতিহাসও।

পুরোনো বিশ্বাসের ছায়া

পুরোনো পৃথিবী একদিনে হারিয়ে যায়নি। ধর্মীয় সংস্কার, একেশ্বরবাদ বা নতুন ধর্মতত্ত্ব কোনো সমাজে প্রতিষ্ঠিত হলেও মানুষের লোকসংস্কৃতিতে পুরোনো ভয়, প্রতীক ও আচার অনেক সময় দীর্ঘদিন বেঁচে থাকে। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণকে ঘিরে ভয়, বৃষ্টি আনার লোকাচার, ঝড় থামানোর প্রার্থনা, নির্দিষ্ট গাছ বা পাহাড়কে ঘিরে পবিত্রতার ধারণা- এসবের প্রতিটির উৎস এক নয়, এবং এগুলোকে সরাসরি “প্রাচীন প্রকৃতি-পূজার অবশেষ” বলা ঠিক হবে না। কিন্তু এগুলো দেখায়, ধর্মীয় মতবাদ আর সাধারণ মানুষের লোকবিশ্বাস সবসময় একই জিনিস নয়।

কখনো একটি পুরোনো প্রতীক নতুন ধর্মীয় অর্থ পায়, কখনো পুরোনো বিশ্বাস নতুন ভাষায় টিকে থাকে। কখনো একটি আচার ধর্মীয় বিধানের অংশ হয়ে যায়, আবার কখনো তা ধর্মের মূল শিক্ষার বাইরে লোকসংস্কৃতির অংশ হিসেবে বেঁচে থাকে। এই জায়গাটাই গুরুত্বপূর্ণ- কোনটা মূল কিতাব, কোনটা পরবর্তী ব্যাখ্যা, কোনটা লোকাচার, আর কোনটা শুধু মানুষের দীর্ঘ সাংস্কৃতিক স্মৃতি, সবকিছুকে একই নামে ডাকা যায় না।

আকাশের নিচে দাঁড়িয়ে থাকা মানুষ

আমরা এখন জানি বৃষ্টি কীভাবে তৈরি হয়। আমরা জানি যে, বজ্রপাত বৈদ্যুতিক আধানের জটিল প্রক্রিয়ার ফল। আমরা আরও জানি সূর্য একটি নক্ষত্র, অথবা নদীর পানি কোথা থেকে আসে, ঋতু কেন বদলায়, মেঘ কীভাবে তৈরি হয়। বিজ্ঞান প্রকৃতির অনেক রহস্যের যান্ত্রিক ব্যাখ্যা আমাদের হাতে তুলে দিয়েছে। ফলে মেঘ ডাকলে আমরা সাধারণত ভাবি না আকাশের কোনো দেবতা ক্রুদ্ধ হয়ে অস্ত্র ছুড়ছেন।

কিন্তু তবু কোনো এক নির্জন রাতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে অসংখ্য নক্ষত্রের দিকে তাকালে, কিংবা প্রচণ্ড ঝড়ের সামনে নিজের ক্ষুদ্রতা অনুভব করলে, আমাদের ভেতরে কি সেই প্রাচীন বিস্ময়টুকু এখনো জেগে ওঠে না হাজার হাজার বছর আগে একজন মানুষ হয়তো একই আকাশের নিচে দাঁড়িয়ে প্রশ্ন করেছিল- এই সবকিছুর পেছনে কী আছে?

তার উত্তর হয়তো ছিল একজন দেবতা। অন্য কারও উত্তর হয়তো ছিল- দেবতারা। কেউ প্রকৃতির মধ্যেই পবিত্রতার উপস্থিতি দেখেছিল। আবার কেউ বলেছিল, সূর্য, চাঁদ, নদী, বৃষ্টি- কোনোটিই উপাস্য নয়; এগুলো সবই স্রষ্টার সৃষ্টি।

আমরা আজ জানি, প্রকৃতির নিয়ম কীভাবে কাজ করে, কিন্তু সেই নিয়মের অর্থ কী, সেই প্রশ্নটি এখনো মানুষের কাছ থেকে পুরোপুরি চলে যায়নি। আর এখানেই প্রকৃতি থেকে মানুষের দিকে গল্পটি ঘুরে যায়। কারণ মানুষ যখন বুঝতে চাইল প্রকৃতিকে কে চালায়, তখন একসময় তাকে আরেকটি প্রশ্নের মুখোমুখি হতে হলো, এই বিশাল জগতের মধ্যে মানুষের নিজের জায়গাটা কোথায়?

তারা কি শুধু প্রকৃতির আরেকটি প্রাণী? নাকি তার কোনো বিশেষ উদ্দেশ্য আছে? কেন মানুষকে সৃষ্টি করা হলো? প্রথম মানুষ কে? পৃথিবী কীভাবে শুরু হলো? মানুষ কি প্রথম থেকেই মানুষ ছিল, নাকি তার আগে অন্য কোনো প্রাণী ছিল? স্বর্গ, পৃথিবী, নিষিদ্ধ ফল, পতন- এই গল্পগুলো কোথা থেকে এলো?

প্রকৃতি যখন দেবতা হয়ে উঠলো, তখন মানুষের কল্পনার আরেকটি দরজা খুলে গেলো। সেই দরজার ওপাশে এবার দাঁড়িয়ে আছে সৃষ্টির গল্প। আর সেখান থেকেই শুরু হবে আমাদের পরের পর্ব- “পৃথিবী ও মানুষের শুরু”

সূত্র ও পাঠের ভিত্তি

প্রত্নতত্ত্ব ও প্রাগৈতিহাসিক প্রতীক

১. অলিভার ডিট্রিশ, ম্যানফ্রেড হিউন, ইয়েন্স নট্রফ, ক্লাউস শ্মিডট ও মার্টিন জার্নকো, “দ্য রোল অব কাল্ট অ্যান্ড ফিস্টিং ইন দ্য ইমার্জেন্স অব নিওলিথিক কমিউনিটিজ। নিউ এভিডেন্স ফ্রম গোবেকলি তেপে, সাউথ-ইস্টার্ন টার্কি,” অ্যান্টিকুইটি ৮৬, সংখ্যা ৩৩৩ (২০১২): ৬৭৪–৬৯৫। গবেষণাটি গোবেকলি তেপের স্থাপত্য, সমাবেশ, ভোজ ও সামাজিক-আচারগত ভূমিকা নিয়ে আলোচনা করে।

২. ক্লাউস শ্মিডট, গোবেকলি তেপে: আ স্টোন এজ স্যাংচুয়ারি ইন সাউথ-ইস্টার্ন আনাতোলিয়া, এক্স ওরিয়েন্ট, ২০১২ — গোবেকলি তেপের প্রাথমিক প্রত্নতাত্ত্বিক ব্যাখ্যার গুরুত্বপূর্ণ কাজ। তবে বর্তমান গবেষণায় স্থানটির অর্থ ও সামাজিক ভূমিকা নিয়ে আরও সূক্ষ্ম ব্যাখ্যা যুক্ত হয়েছে।

৩. এপ্রিল নাওয়েল ও মেলানি এল. চ্যাং, “সায়েন্স, দ্য মিডিয়া, অ্যান্ড ইন্টারপ্রেটেশনস অব আপার প্যালিওলিথিক ফিগারিনস,” আমেরিকান অ্যানথ্রোপলজিস্ট ১১৬, সংখ্যা ৩ (২০১৪): ৫৬২–৫৭৭ — আপার প্যালিওলিথিক “ভেনাস” ফিগারিন বা নারীমূর্তির অর্থ নিয়ে বিভিন্ন ব্যাখ্যার সমালোচনামূলক পর্যালোচনা।

৪. অ্যালান এফ. ডিক্সন ও বার্নাবি জে. ডিক্সন, “ভেনাস ফিগারিনস অব দ্য ইউরোপিয়ান প্যালিওলিথিক: সিম্বলস অব ফার্টিলিটি অর অ্যাট্রাকটিভনেস?”, ২০১১ — ফিগারিনগুলোর উর্বরতা, আকর্ষণীয়তা এবং অন্যান্য সম্ভাব্য অর্থ নিয়ে গবেষণা।

অ্যানিমিজম ও মানবীয় রূপারোপ

৫. ই. বি. টাইলর, প্রিমিটিভ কালচার, ১৮৭১ — অ্যানিমিজম বা প্রাণবাদ ধারণার ঐতিহাসিক নৃতাত্ত্বিক ব্যাখ্যা। এখানে টাইলরের তত্ত্বকে চূড়ান্ত বা সর্বজনীন ব্যাখ্যা হিসেবে নয়, ধর্মের নৃতাত্ত্বিক গবেষণার ইতিহাসের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে।

৬. স্টুয়ার্ট গাথ্রি, ফেসেস ইন দ্য ক্লাউডস: আ নিউ থিওরি অব রিলিজিয়ন, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ১৯৯৩ — মানুষ কীভাবে অজানা বা অস্পষ্ট ঘটনাকে মানবীয় উদ্দেশ্য বা সক্রিয়তার মাধ্যমে ব্যাখ্যা করতে পারে, তার মনস্তাত্ত্বিক ও নৃতাত্ত্বিক আলোচনা।

মেসোপটেমিয়া

৭. মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট, “মেসোপটেমিয়ান ডেইটিজ” — আনু, এনলিল, এনকি/ইয়া, উতু/শামাশ, ইনান্না/ইশতার, আদাদ এবং অন্যান্য দেবতার ভূমিকা; দেবতা, প্রকৃতি ও শহরের সম্পর্ক; রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে দেবতাদের মর্যাদার পরিবর্তন।

৮. থরকিল্ড জ্যাকবসেন, দ্য ট্রেজারস অব ডার্কনেস: আ হিস্ট্রি অব মেসোপটেমিয়ান রিলিজিয়ন, ইয়েল ইউনিভার্সিটি প্রেস, ১৯৭৬ — মেসোপটেমিয়ান ধর্মের ঐতিহাসিক বিকাশ, দেবতা ও মানুষের সম্পর্ক এবং ধর্মীয় পরিবর্তনের গুরুত্বপূর্ণ গবেষণা।

প্রাচীন লেভান্ট ও কানান

৯. মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট, “দ্য গডস অ্যান্ড গডেসেস অব কানান” — এল, বাল এবং কানানীয় ধর্মীয় ঐতিহ্যে বৃষ্টি, ঝড়, উর্বরতা ও ঋতুচক্রের সম্পর্ক।

১০. মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট, অ্যানশিয়েন্ট আর্ট ইন মিনিয়েচার — কানানীয় আবহাওয়া/ঝড়ের দেবতা বাল, বজ্র, বৃষ্টি ও উর্বরতার প্রতীকী সম্পর্ক।

প্রাচীন মিসর

১১. মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট, ডিভাইন ইজিপ্ট — প্রাচীন মিসরের দেবতাদের বহুরূপী চরিত্র, স্থানীয় ঐতিহ্যের বৈচিত্র্য, দেবতাদের ভূমিকার পরিবর্তন এবং ওসিরিসের পরকাল-সংক্রান্ত ভূমিকা।

১২. জ্যানিস ক্যামরিন, “টেলিং টাইম ইন অ্যানশিয়েন্ট ইজিপ্ট,” হেইলব্রুন টাইমলাইন অব আর্ট হিস্ট্রি, মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট — সূর্যের দৈনিক যাত্রা, চক্রাকার সময় এবং মিসরীয় মহাজাগতিক ধারণা।

১৩. মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট, “ইজিপ্ট ইন দ্য ওল্ড কিংডম” — ওসিরিসের উপাসনা-ধারার উত্থান এবং সূর্য-ওসিরিস ঐতিহ্যের পরিবর্তন।

১৪. এরিক হর্নাং, কনসেপশনস অব গড ইন অ্যানশিয়েন্ট ইজিপ্ট: দ্য ওয়ান অ্যান্ড দ্য মেনি, কর্নেল ইউনিভার্সিটি প্রেস, ১৯৮২ — মিসরীয় দেবতাতত্ত্বের বহুত্ব, ঐক্য ও পারস্পরিক সম্পর্কের গুরুত্বপূর্ণ গবেষণা।

বৈদিক ঐতিহ্য

১৫. ওয়েন্ডি ডনিগার (অনুবাদ), দ্য রিগ ভেদা: অ্যান অ্যান্থলজি, পেঙ্গুইন ক্লাসিকস, ১৯৮১ — অগ্নি, ইন্দ্র, সূর্য, উষা, বরুণসহ বৈদিক দেবতাদের উদ্দেশে প্রাচীন স্তোত্রের অনুবাদ ও সংকলন।

হিব্রু বাইবেল ও কোরআন

১৬. জেনেসিস ১:১৪–১৮ — সূর্য, চাঁদ ও নক্ষত্রকে আকাশের “আলো” বা লাইটস হিসেবে উপস্থাপন; সময়, দিন-রাত ও ঋতুর চিহ্ন হিসেবে তাদের ভূমিকা।

১৭. সামস ১৯:১ — আকাশকে ঈশ্বরের মহিমা ও সৃষ্টির সাক্ষ্য হিসেবে উপস্থাপন।

১৮. কোরআন: সূরা আল-আন‘আম ৬:৭৬–৭৯ — ইবরাহিমের নক্ষত্র, চাঁদ ও সূর্য পর্যবেক্ষণ এবং স্রষ্টার দিকে মুখ ফেরানোর বয়ান; সূরা আল-বাকারাহ ২:১৬৪ — আকাশ-পৃথিবী, রাত-দিন, বৃষ্টি, জীবজন্তু, বাতাস ও মেঘকে চিন্তার জন্য নিদর্শন হিসেবে উল্লেখ; সূরা ফুসসিলাত ৪১:৩৭ — সূর্য ও চাঁদকে আল্লাহর নিদর্শন হিসেবে উল্লেখ এবং তাদের উপাসনা না করে স্রষ্টার উপাসনার নির্দেশ।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+35 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login