Poetry

সুকুমারের আয়ু

November 23, 2026

4 views

চোখের কোণে লেগে থাকে রাত্রির আধো-ঘুম আর মহাজনের হিসাবের খাতা।
ভোরের প্রথম আলোয় উঠোনের কাদায় পা রেখে সুকুমারের দিন শুরু হয়,
কাঁচা এঁটেল মাটির ভারে তার মেরুদণ্ড অনেক আগেই বাঁকা হয়ে গেছে,
তবু প্রতি সকালে সে হাত ধোয় শীতল জলে,
যেন ধুয়ে ফেলতে চায় দারিদ্র্যের ক্লান্তি।
কাদা মাখানো আঙুলগুলো চাকার ঘূর্ণিতে ছন্দ খোঁজে,
একটু এদিক-ওদিক হলেই হাঁড়ির গলা বেঁকে যায়, নষ্ট হয় শ্রম।
বৃষ্টি এলে উঠোনের ভিজে মাটি গলে যায় চোখের জলের মতো,
খড়ের ছাউনি বেয়ে টপটপ করে পড়ে শোকের ফোঁটা।
কাঁচা পাত্রগুলো রোদে শুকানোর আগে মেঘ জমলে বুক কেঁপে ওঠে,
ভগবানকে একমনে ডাকে তখন সুকুমার।
ভাঁটির আগুনে যখন জ্বলে ওঠে শুকনো কাঠ আর খড়,
তখন আগুনের হলকা এসে পোড়ায় তার মুখের চামড়া, চোখের পাতা।
পুড়ে লাল হতে থাকে কলসি, সরা, বাটি আর মাটির প্রদীপ,
অথচ সুকুমারের জীবন থেকে পোড়া গন্ধটা আর যায় না।
ঘামের লোনা জলে ভিজে যায় তার গামছা, লেগে থাকে ধুলো আর কালি,
তবুও চাকার গতি সে থামায় না, থামাতে পারে না।
হাটের দিনে বাঁশের ঝাঁকায় করে সে বয়ে নিয়ে যায় তৈরি পাত্র,
পথে পথে পাথরের কুচি আর কাদার গর্তে হোঁচট খায় তার খালি পা।

প্লাস্টিকের সস্তা জিনিষে ভরে গেছে বাজারের চারপাশ,
মাটির হাঁড়ির দিকে তাকায় না কেউ, দরদামও কমে গেছে অনেক।
যে পয়সা আসে, তার অর্ধেকই চলে যায় মহাজনের সুদে,
চাল-ডাল কিনলে নুন আর তেলের টান পড়ে।
স্ত্রী বসে থাকে অপেক্ষায়, অন্ধকার দাওয়ায়, খালি হাঁড়ি সামনে নিয়ে,
সন্তানের ক্ষুধার্ত চাহনি বিঁধে যায় সুকুমারের বুকের ভেতর।
রাতের বেলা ক্লান্ত শরীরে তার,
মাথার ভেতর ঘুরতে থাকে চাকার শব্দ আর আগুনের তাপ।
বয়স বাড়ছে, হাতের জোর কমছে,
আঙুলের গিঁটে ব্যথা।
ভাঙা মাটি জোড়া দিয়ে সে গড়তে চায় নতুন কোনো আকার।
জীবনের কোনো প্রাপ্তি নেই, নেই কোনো আশ্রয়,
শুধু মাটি দিয়ে গড়তে গড়তেই ফুরিয়ে আসে সুকুমারের আয়ু।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login