পূর্ণিমার রাতে উঠোন ভরে যায় দুধের মতো সাদা আলোয়,
ঘরের দাওয়ায় নিভে যাওয়া প্রদীপ,
পাশে ঘুমিয়ে আছে কালো বিড়াল।
আমি খালি পায়ে নামি,
শিশিরে ভিজে যায় পায়ের পাতা,
মনে হয়, হেঁটে যাচ্ছি কোনো স্বর্গের নিষিদ্ধ উদ্যানে।
জ্যোৎস্না বড় নির্লজ্জ,
সব খুলে দেখায়, কিছু লুকোতে দেয় না,
আমার ক্ষত, আমার দীনতা, আমার গোপন প্রেমের চিঠি।
তবু এই আলোয় স্নান করে মনে হয়, আমি পবিত্র হলাম,
যেন চাঁদ নিজে এসে ধুয়ে দিল আমার জন্মজন্মান্তরের ধুলো।