Poetry

ছড়া: আহমেদ সাব্বির

June 13, 2024

649 views

বাকশোভর্তি আম
আহমেদ সাব্বির

বাসায় এসেছে বাকশোভর্তি আম 
লেখা নেই তাতে প্রেরকের নামধাম। 
আম গুনে দেখি একশত চার পিস 
ধন্যবাদ হে কুরিয়ার সার্ভিস।

বিস্ময় জাগে বাকশো খোলার পর 
ম-ম ঘ্রাণে মাতোয়ারা গোটা ঘর 
আম কে পাঠাল? কোন সে বন্ধুবর! 
রসে ভিজে গেছে ঠিকানার অক্ষর।

আহা কী মিষ্টি রসালো আমের স্বাদ 
মহান প্রেরক, অশেষ ধন্যবাদ 
অভূতপূর্ব রসময় সমাদর 
এপাশে ল্যাংড়া ওপাশে হিমসাগর।

আম খেতে খেতে পেটটাই ফুলে ঢোল 
এই কে আছিস! হাত ধরে টেনে তোল। 
আম কে পাঠাল, হদিস জানি না তার। 
কৃতজ্ঞতায় নুয়ে পড়ি বারবার।

আম খেতে খেতে লুপ্ত হয়েছে জ্ঞান! 
পাশের ফ্ল্যাটের চিৎকারে ভাঙে ধ্যান 
হুমকি-ধমক ফোনালাপে তোলপাড় 
'আমার আম কই? কাকে দিয়েছিস? 
অ্যাই ব্যাটা কুরিয়ার!'

https://www.facebook.com/share/p/YFHa2gJ8gHCAccYG/?mibextid=oFDknk

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login