ব্রিটিশ লেখক জে আর আর টলকিয়েনের ভক্তদের জন্য সুসংবাদ। টলকিয়েনের ‘দ্য লর্ড অব দ্য রিংস’ নামের ফ্যান্টাসি উপন্যাস অবলম্বনে বানানো টিভি ফিল্ম ইউটিউবে শেয়ার করেছে রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেল। সোভিয়েত যুগে নির্মিত এবং ৩০ বছর আগে প্রচারিত এই ফিল্মটি হারিয়ে গিয়েছিল বলে ধারণা করা হয়েছিল।
‘দ্য লর্ড অব দ্য রিংস’ ট্রিলজির প্রথম বই ‘দ্য ফেলোশিপ অব দ্য রিং’ এর ওপর ভিত্তি করে ফিল্মটি বানানো হয়েছিল। এর নাম দেয়া হয়েছিল ‘খ্রানিতেলি’ যার অর্থ রক্ষক বা অভিভাবক। মাত্র একবার অনুষ্ঠানটি টিভিতে প্রচারিত হয়েছিল। ৩০ বছর আগে লেলিনগ্রাদ টেলিভিশন স্টুডিওতে এটি চিত্রায়িত হয়েছিল। টিভিতে দেখানোর পর এটির আর কোনো হদিশ পাওয়া যায়নি।
রুশ টিভি চ্যানেল-ফাইভ তাদের ইউটিউবে এই ফিল্মটির দুটি পর্বে আপলোড করেছে। ইউটিউবে সোভিয়েত যুগের লর্ড অব দ্য রিংস দেখে ভক্তরা স্বভাবতই খুব খুশি হয়েছেন। তাদের একজন লিখেছেন, ‘এটি অসাধারণ। বিশেষ করে উদ্বোধনী গানটি চমৎকার। যারা বিরল এই ছবিটি খুঁজে পেয়েছে তাদের ধন্যবাদ।’
রাশিয়ার সাই-ফাই ওয়েবসাইট ওয়ার্ল্ড অব ফ্যান্টাসি জানিয়েছে, টলকিয়েনের ফিকশন নিয়ে বানানো হারিয়ে যাওয়া নাটক, ফিল্মের একটি তালিকা প্রকাশ করেছিল তারা। ২০১২ সালে তালিকাটি প্রকাশ করা হয়েছিল। ব্রিটিশ ফ্যান্টাসি লেখকের ভক্তরা সেই তালিকায় ১৯৯১ সালে বানানো রুশ সংস্করণের এই ফিল্মের সন্ধান করেছে। কিন্তু এতদিন তারা সেটি খুঁজে পায়নি। অবশেষে তাদের সেই মনোবাসনা পূর্ণ হয়েছে।
ভ্লাদিমির মুরাভিয়ভ এবং আন্দ্রে কিস্তিয়াকোভস্কির অনূদিত বইয়ের ওপর ভিত্তি করে ফিল্মটি বানানো হয়েছিল। এতে জাদুকর গ্যানডালফ চরিত্রে ভিক্তর কোস্তেতস্কি, বিলবো ব্যাগিনসের ভূমিকায় জর্জি স্টিল ছিলেন। ফ্রোডো চরিত্রে অভিনয় করেছেন ভ্যালেরি দায়াচেনকো।
তবে ‘দ্য লর্ড অব দ্য রিংস’ ছাড়াও সোভিয়েত যুগে টলকিয়েনের ‘হবিট’ উপন্যাস অবলম্বনেও টিভি অনুষ্ঠান নির্মিত হয়েছিল। ‘দ্য ফেবুলাস জার্নি অব মি. বিলবো ব্যাগিনস, দ্য হবিট’ অনুষ্ঠানটি ১৯৮৫ সালে প্রচারিত হয়।
সূত্র: নিউজউইক