ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার-২০২৫ পেয়েছেন ৮ লেখক। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) চ্যানেল আই ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে লেখকদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার এবং সম্মানিত অতিথি ছিলেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও আনন্দ আলো সম্পাদকমন্ডলীর সভাপতি ফরিদুর রেজা সাগর, সঙ্গে ছিলেন প্রকাশক ও অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম।
কবিতা, উপন্যাস, প্রবন্ধ, শিশু সাহিত্য ও প্রথম বই এই ৫টি বিভাগে এ পুরস্কার দেওয়া হয়েছে। কবিতায় পুরস্কার পেয়েছেন আব্দুল হাই শিকদার, উপন্যাসে সাদত হোসাইন ও শানারেই দেবী শানু, প্রবন্ধে মোহাম্মদ এজাজ ও মাহবুব আজীজ, শিশু সাহিত্য শাখায় আমীরুল ইসলাম ও মাহবুবা চৌধুরী এবং প্রথম বইয়ের শাখায় দিদারুল আলম। লেখকদের হাতে সম্মাননা, ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেন অতিথিরা।