ঈদের পর একুশে বইমেলা আয়োজনের দাবি জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে খোলা চিঠি দিয়েছে প্রকাশকদের সংগঠন ‘প্রকাশক ঐক্য’। সংগঠনটি শনিবার (১৪ ফেব্রুয়ারি) ১৪ জন প্রকাশকের সই করা একটি চিঠিতে এই দাবি জানিয়েছে।
খোলা চিঠিতে বলা হয়, ২০ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাসে বইমেলা আয়োজনের সিদ্ধান্তে তারা উদ্বিগ্ন। রোজার কারণে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় মেলায় শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাবে। ফলে মেলা পাঠকশূন্য হয়ে পড়বে।
এতে আরও বলা হয়, দেশের প্রায় ৯০ শতাংশ প্রকাশক মনে করছেন রমজান মাসে মেলায় অংশ নেওয়া তাদের জন্য ব্যবসায়িক আত্মহত্যার শামিল হবে। এছাড়া নির্বাচনের কারণে গত দুই মাসে ছাপাখানাগুলো ব্যস্ত থাকায় নতুন বই প্রকাশ কার্যত বন্ধ ছিল।
এদিকে এ ধরনের পরিস্থিতিতে প্রকাশকদের দাবি উপেক্ষা করে বাংলা একাডেমির বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে প্রকাশক ঐক্য। চিঠিতে বলা হয়, প্রকাশকরা মেলা বর্জন করতে চান না বরং একটি সফল ও অন্তর্ভুক্তিমূলক বইমেলা চান। আর সে জন্য রমজান মাস ও নির্বাচন পরবর্তী বাস্তবতা বিবেচনায় নিয়ে একুশে বইমেলা ঈদের পর আয়োজনের প্রস্তাব দিয়েছেন তারা।
চিঠিতে সই করা প্রকাশকদের মধ্যে আছেন, মেছবাহউদ্দীন আহমদ (আহমদ পাবলিশিং হাউজ), এ.কে নাসির আহমেদ (কাকলী), মাজহারুল ইসলাম (অন্যপ্রকাশ), মনিরুল হক (অনন্যা), সৈয়দ জাকির হোসাইন (অ্যাডর্ন পাবলিকেশন), জসীম উদ্দিন (কথাপ্রকাশ), মোহাম্মদ নাজিম উদ্দিন (বাতিঘর প্রকাশনী), মো. মোবারক হোসেন (পাণ্ডুলিপির সমন্বয়ক, প্রথমা প্রকাশন), মো. গফুর হোসেন (রিদম প্রকাশনা সংস্থা), ইকবাল হোসেন সানু (লাবনী), দীপঙ্কর দাশ (বাতিঘর), মো. জহির দীপ্তি (ইতি প্রকাশন), মাহরুখ মহিউদ্দীন (ইউপিএল) ও মাহাবুব রাহমান (আদর্শ)।