‘অ্যা রিউমার অব ওয়ার’ বইয়ের লেখক ফিলিপ ক্যাপুটো ৮৪ বছর বয়সে মারা গেছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। তিনি প্রখ্যাত মার্কিন লেখক, সাংবাদিক এবং ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞ যোদ্ধা ছিলেন। তিনি ৭ মে কানেটিকাটের নরওয়াকে নিজ বাড়িতে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।
তার ছেলে মার্ক ক্যাপুটো ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ক্যাপুটো ঠিক সেভাবেই মৃত্যুবরণ করার আশা করেছিলেন, যেভাবে তিনি জীবনযাপন করতেন। তিনি একজন লেখক, অভিযাত্রী, যোদ্ধা, ক্রীড়াবিদ এবং গল্পকথক হিসেবে নাটকীয়ভাবে ও জাঁকজমকের সঙ্গে জীবনযাপন করেছেন।
ফিলিপ ক্যাপুটো ১৯৭৩ সালে শিকাগো ট্রিবিউনের হয়ে কাজ করার সময় সাংবাদিকতায় পুলিৎজার প্রাইজ জিতেন। তিনি ভিয়েতনাম যুদ্ধের শেষ সময়ে সাইগনের পতন এবং আফগানিস্তানে সোভিয়েত আক্রমণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা কভার করেছেন।
তিনি ১৯৬৪-৬৭ সাল পর্যন্ত ইউএস মেরিন কর্পসে দায়িত্ব পালন করেন। সে সময়ের অভিজ্ঞতার আলোকে লেখা ‘অ্যা রিউমার অব ওয়ার’ বইটি যুদ্ধকালীন সাহিত্যের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবে স্বীকৃত। ভিয়েতনামের জঙ্গলের মধ্য দিয়ে একটি মেরিন প্লাটুনকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নিয়ে লেখা তার এই স্মৃতিকথাটি ১৯৭৭ সালে প্রকাশিত হয়।
এরপর তিনি ‘মিনস অব এস্কেপ’ ও ‘দ্য লঙ্গেস্ট রোড’ নামে আরও দুটি স্মৃতিকথা এবং ‘ইকুয়েশন ফর ইভিল’, ‘এক্সাইলস’, ‘সাম রাইজ বাই সিন’, ‘হান্টারস মুন’ ও ‘ওয়ান্ডারিং সোলস’ সহ বেশ কিছু ফিকশন প্রকাশ করেন।
উল্লেখ্য, ক্যাপুটো একজন পেশাদার সাংবাদিক ও উপন্যাসিক হিসেবে সমাদৃত ছিলেন। তিনি যুদ্ধ, অ্যাডভেঞ্চার এবং মানবিক আবেগ নিয়ে লিখেছেন। স্মৃতিকথা, উপন্যাস এবং ননফিকশনসহ তিনি ১৮টির বেশি বই লিখেছেন।
সূত্র: কিরকাস