Posts

নিউজ

মার্কিন স্কুলে নিষিদ্ধ হলো স্টিফেন কিং এর 'ডিফারেন্ট সিজনস'

July 10, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
15
View

মার্কিন লেখক স্টিফেন কিং বিশ্বের জনপ্রিয় লেখকদের মধ্যে একজন। অথচ তার লেখা বই যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে নিষিদ্ধ বইয়ের তালিকার শীর্ষে রয়েছে। সম্প্রতি এই লেখকের নভেলার সংকলন 'ডিফারেন্ট সিজনস' ইউটাহ অঙ্গরাজ্যের সব স্কুলে নিষিদ্ধ করা হয়েছে।   

‘ডিফারেন্ট সিজনস’ ১৯৮২ সালে প্রকাশনা সংস্থা ভাইকিং থেকে প্রকাশিত হয়েছিল। বইটিতে চারটি নভেলা রয়েছে। এর মধ্যে তিনটির ওপর ভিত্তি করে সিনেমা বানানো হয়েছে। এগুলো হলো, ‘রিটা হেওয়ার্থ অ্যান্ড দ্য শশ্যাঙ্ক রিডেম্পশন’ অবলম্বনে ‘দ্য শশ্যাঙ্ক রিডেম্পশন’, ‘দ্য বডি’ অবলম্বনে ‘স্ট্যান্ড বাই মি' এবং ‘অ্যাপ্ট পিউপিল’ নিয়ে একই নামের একটি সিনেমা।   

সংকলনটি ইউটাহ এর একটি আইনের আওতায় নিষিদ্ধ করা হয়েছে, যা ২০২৪ সালে কার্যকর হয়। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইউটাহ অঙ্গরাজ্যের ৪০টিরও বেশি পাবলিক স্কুল ডিস্ট্রিক্টের মধ্যে তিনটি, অথবা দুটি ডিস্ট্রিক্ট ও পাঁচটি চার্টার স্কুল কোনো বই নিষিদ্ধ করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে রাজ্যের সব স্কুল থেকে সরিয়ে নেওয়া হয়।   

নতুন এই আইনে স্কুলগুলোতে ‘অনুপযুক্ত’ বলে বিবেচিত উপকরণগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে সমকামী, বিভিন্ন জাতিগোষ্ঠীদের নিয়ে লেখা বই অথবা সহিংসতা ও যৌন নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে এ ধরনের বই নিষিদ্ধ করার জন্য বলা হয়েছে। স্টিফেন কিং এর উপন্যাসগুলোকে প্রাপ্তবয়স্কদের জন্য, সহিংসতা ও যৌন নির্যাতনের লেবেল লাগিয়ে নিষিদ্ধ করা হয়েছে।  

এর আগে ইউটাহ এর স্কুলগুলোতে কিং এর ‘ব্যাগ অব বোনস’ উপন্যাসটিও নিষিদ্ধ করা হয়েছিল। এই ঘটনার পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে ‘ডিফারেন্ট সিজনস’ নিষিদ্ধ হলো। এই দুটি বই ছাড়াও আরও ১৩ টি বই নিষিদ্ধ করেছে ইউটাহ কর্তৃপক্ষ, যার মধ্যে রয়েছে জন গ্রিনের ‘লুকিং ফর আলাস্কা’, টনি মরিসনের ‘দ্য ব্লুয়েস্ট আই’ এবং অ্যালিস সিবোল্ডের ‘লাকি’।

উল্লেখ্য, ‘কিং অব হরর’ নামে পরিচিত স্টিফেন কিং যুক্তরাষ্ট্রের বেস্টসেলিং একজন লেখক। ৭৮ বছর বয়সী এই লেখক ৭০টির বেশি উপন্যাস এবং ২০০টি ছোট গল্প লিখেছেন। তার বইগুলো নিয়ে অসংখ্য জনপ্রিয় সিনেমা বানানো হয়েছে। বিশ্বজুড়ে তার বইগুলো লাখ লাখ কপি বিক্রি হয়েছে এবং বিশ্বের নানা ভাষায় অনূদিত হয়েছে। 

সূত্র: কিরকাস 

Comments

    Please login to post comment. Login