Posts

নিউজ

নিলামে উঠছে অস্কার ওয়াইল্ডের প্রতিকৃতি, কবিতা, চিঠি এবং পাণ্ডুলিপি

February 5, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
25
View

বিখ্যাত আইরিশ লেখক অস্কার ওয়াইল্ডের কবিতা, চিঠি, পাণ্ডুলিপি এবং স্বাক্ষরিত বইয়ের একটি সংগ্রহ এই ফেব্রুয়ারিতে নিলামে উঠছে। তার মৃত্যুর ১২৫ তম বার্ষিকীর মাত্র কয়েক মাস পরে এই নিলামের আয়োজন করা হয়েছে।

১৮ ফেব্রুয়ারি নিলাম প্রতিষ্ঠান বনহ্যামস লন্ডনে এই নিলামের আয়োজন করছে। বিশিষ্ট সংগ্রাহক জেরেমি ম্যাসনের কাছে থাকা অস্কার ওয়াইল্ডের ১৫০ টিরও বেশি কবিতা, চিঠি, পাণ্ডুলিপি এবং স্বাক্ষরিত বই নিলামে তোলা হবে।       

ম্যাসন, ইংরেজ অভিনেতা আর্নেস্ট থেসিগারের কাছ থেকে ওয়াইল্ডের ‘দ্য ইম্পোর্টেন্স অব বিইং আর্নেস্ট’ বইটির প্রথম সংস্করণের একটি কপি কেনার পর থেকে আইরিশ এই লেখকের স্মৃতিচিহ্ন সংগ্রহ করে আসছেন। তার কাছে ওয়াইল্ডের বিরল চিঠি, বইয়ের প্রথম সংস্করণ এবং লেখকের স্কুল থেকে নির্বাসন পর্যন্ত জীবনের ৫০০টির মত স্মৃতিচিহ্ন রয়েছে।  

এবারের নিলামে তোলা হচ্ছে তরুণ অস্কার ওয়াইল্ডের একটি দুর্লভ ছবি। ১৮৮২ সালে ওয়াইল্ড প্রথমবারের মতো আমেরিকায় আসার পর আলোকচিত্রী নেপোলিয়ন সরোনির নিউ ইয়র্ক স্টুডিওতে ছবিটি তোলা হয়েছিল। ছবিতে ২৭ বছর বয়সী এই লেখক একটি মখমলের জ্যাকেট, সিল্কের মোজা এবং পেটেন্ট চামড়ার জুতা পরে ছিলেন।    

এছাড়া এই আইটেমগুলোর মধ্যে রয়েছে ১৮৮২ সালে ওয়াইল্ডের উত্তর আমেরিকা সফরের বিজ্ঞাপন চিত্র, ট্রেড কার্ড, বিভিন্ন ম্যাগাজিনের জন্য ওয়াইল্ডের লেখা পর্যালোচনা এবং নিবন্ধ। পাশাপাশি আইরিশ এই লেখকের ফরাসি ভাষার নাটক, স্যালোম (১৮৯৩) এর প্রথম সংস্করণের একটি কপিও রয়েছে। এটি ২০ হাজার থেকে ৩৩ হাজার ডলারে বিক্রি হতে পারে বলে আশা করা হচ্ছে।  

উল্লেখ্য, ২০১৬ সালে সোথবির নিলামে ওয়াইল্ডের জেল সেলের একটি লোহার চাবি বিক্রি হয়েছিল।  

সূত্র: স্মিথসোনিয়ান ম্যাগাজিন 

Comments

    Please login to post comment. Login