Posts

নিউজ

অডিওবুক 'মেডিটেশনস' এর জন্য গ্র্যামি জিতলেন দালাই লামা

February 4, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
27
View

তিব্বতী বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা তার অডিওবুক ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশনস অব হিজ হোলিনেস দ্য দালাই লামা’ এর জন্য গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন। ১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিনায় আয়োজিত গ্র্যামির ৬৮তম আসরে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। 

৯০ বছর বয়সী এই আধ্যাত্মিক নেতা অডিও বুক, ন্যারেশন ও স্টোরিটেলিং রেকর্ডিং বিভাগে এ পুরস্কার পান। প্রথমবার তিনি এই বিভাগে মনোনয়ন পেয়েই জয়লাভ করেন। এ বিভাগে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কেথি গারভার, ট্রেভর নোয়া, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারক কেটাঞ্জি ব্রাউন জ্যাকসন ও ফ্যাব মরভান। 

‘মেডিটেশনস’ অ্যালবামটি গত বছরের আগস্টে প্রকাশিত হয়। এটি সম্প্রীতি, দয়া, স্বাস্থ্য এবং শান্তি সহ বিভিন্ন বিষয়ের উপর আধ্যাত্মিক এই নেতার চিন্তাভাবনার একটি সংগ্রহ।       

এদিকে দালাই লামা এক বিবৃতিতে বলেছেন, 'আমি কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে এই স্বীকৃতি গ্রহণ করছি। আমি এটিকে ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছি না, বরং আমাদের যৌথ সার্বজনীন দায়িত্বের স্বীকৃতি হিসেবে দেখছি। আমি সত্যিই বিশ্বাস করি, শান্তি, করুণা, আমাদের পরিবেশের যত্ন এবং মানবতার ঐক্যের উপলব্ধি আট বিলিয়ন মানুষের সামগ্রিক কল্যাণের জন্য অপরিহার্য। আমি কৃতজ্ঞ, এই গ্র্যামি স্বীকৃতি এ বার্তাগুলোকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে সাহায্য করতে পারে।'

আধ্যাত্মিক এই নেতার পক্ষে পুরস্কারটি গ্রহণ করেছেন মার্কিন কানাডিয়ান গায়ক এবং গীতিকার রুফাস ওয়েনরাইট। তার এই অ্যালবামে সহযোগিতা করেছেন সারোদ বাদক আমজাদ আলী খান এবং তার ছেলে আমান আলী ব্যাঙ্গাশ ও আয়ান আলী ব্যাঙ্গাশ। অ্যালবামটির বক্তৃতায় দালাই লামা ভারতীয় ধ্রুপদি সংগীত মিশিয়ে শান্তি, সহমর্মিতা, দয়া, আশা ও পরিবেশ সচেতনতার বার্তা ফুটিয়ে তুলেছেন।     

সূত্র: কিরকাস  

Comments

    Please login to post comment. Login