Posts

নিউজ

পেঙ্গুইন থেকে প্রকাশিত হচ্ছে বাংলাদেশি লেখক পদ্ম পারমিতার প্রথম উপন্যাস ‘অ্যাপেটাইট’

June 14, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
21
View

বাংলাদেশি লেখক পদ্ম পারমিতার প্রথম উপন্যাস ‘অ্যাপেটাইট’ চলতি বছরের ৪ আগস্ট পেঙ্গুইনের দ্য ডায়াল প্রেস থেকে প্রকাশিত হতে যাচ্ছে। এই উপন্যাসে এক তরুণী শেফের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে।       

‘অ্যাপেটাইট’ উপন্যাসের কাহিনী জারিনা নামের এক তরুণী শেফকে কেন্দ্র করে, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাভেনের একজন স্বল্প বেতনের প্রেপ কুক হিসেবে কাজ করেন। তার স্বপ্ন নিজের একটি রেস্তোরাঁ খোলার, আর তিনি নতুন নতুন বাংলাদেশি খাবার তৈরির চেষ্টা করেন।  

এদিকে রান্নার বাইরে তিনি প্রফেশনাল রেসলিংও পছন্দ করেন। রেসলিং জগতের সুপারহিরো সিয়েরা মিস্ট তার আইডল। একদিন অপ্রত্যাশিতভাবে অনলাইনে তার সঙ্গে যোগাযোগ হয়। এরপর এক অসম্ভব বন্ধুত্ব শুরু হয়। এটি ধীরে ধীরে আরও অনেক বেশি জটিল কিছুতে পরিণত হয়। মূলত, ‘অ্যাপেটাইট’ হলো উচ্চাকাঙ্ক্ষা, অনুরাগ, খাবার, বন্ধুত্ব এবং আমাদের একে অপরের সঙ্গে সংযোগ স্থাপনের কখনও কখনও হতবাক করে দেওয়া উপায়গুলো নিয়ে লেখা একটি উপন্যাস। 

'অ্যাপেটাইট’ পেপারব্যাক, অডিওবুক, ও ই-বুক ফরম্যাটে আমাজন, গুগল বুকস, অ্যাপলবুক সহ অন্যান্য শপে পাওয়া যাবে। আগামী ৬ আগস্ট সন্ধ্যা ৭টায় নিউ ইয়র্কের দ্য স্ট্র্যান্ডে বুক সাইনিং ইভেন্ট অনুষ্ঠিত হবে। বইটির প্রি-অর্ডার চলছে।      

উল্লেখ্য, পদ্ম পারমিতা লেখক আনিসুল হকের মেয়ে। তিনি ঢাকায় বেড়ে ওঠেছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ হেভেনে বসবাস করেন। তিনি ম্যাসাচুসেটসের ওয়েলেসলি কলেজ থেকে স্নাতক ও ইউনিভার্সিটি অব কলাম্বিয়া থেকে এমএফএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি সাউদার্ন কানেটিকাট স্টেট ইউনিভার্সিটি ও ফেয়ারফিল্ড ইউনিভার্সিটিতে ইংরেজি ও ক্রিয়েটিভ রাইটিং পড়ান এবং ওয়েস্টপোর্ট রাইটার্স ওয়ার্কশপেও শিক্ষকতা করেন। 

এছাড়া নিউ হেভেনের লেখকদের জন্য প্রকাশনা জগৎকে আরও সহজবোধ্য করে তোলার লক্ষ্যে  ‘ম্যানুস্ক্রিপ্ট মিটআপ’ নামে একটি নিয়মিত আলোচনা সিরিজও পরিচালনা করেন। পারমিতার লেখা টিন ভোগ, দেম, কালার ব্লক, অটোস্ট্রাডল, সাউথহ্যাম্পটন রিভিউ এবং ডগউড লিটারারি জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি ‘ড্রিম গ্লো’ ম্যাগাজিনের সম্পাদক এবং খাদ্যনির্ভর ডিজিটাল ম্যাগাজিন ‘উই হ্যাভ ফুড অ্যাট হোম’ এর প্রতিষ্ঠাতা।

Comments

    Please login to post comment. Login