Posts

নিউজ

স্টাইনবেকের অপ্রকাশিত ওয়্যারউলফ নভেল ‘মার্ডার এট ফুল মুন’

June 19, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
14
View

লেখক হিসেবে খ্যাতি পাওয়ার আগে নোবেলজয়ী মার্কিন উপন্যাসিক জন স্টাইনবেক কমপক্ষে ৩টি উপন্যাস লিখেছিলেন। কিন্তু বইগুলো কখনোই প্রকাশিত হয়নি। প্রকাশকদের কাছে প্রত্যাখ্যাত হয়ে তরুণ স্টাইনবেক দুইটি উপন্যাসের পান্ডুলিপি নষ্ট করে ফেলেছিলেন। কিন্তু ওয়্যারউলফ নিয়ে লেখা একটি উপন্যাস ধ্বংসের হাত থেকে বেঁচে যায়। 

'মার্ডার এট ফুল মুন’ নামের উপন্যাসটি ১৯৩০ সাল থেকে লোকচক্ষুর আড়ালে আর্কাইভে পড়ে আছে। এটি প্রকাশের অনুমতি দেয়ার জন্য স্টাইনবেক এস্টেটের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষাবিদরা।  

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির আমেরিকান সাহিত্যের বিশেষজ্ঞ অধ্যাপক গ্যাভিন জোনস বলেছেন,’বিংশ শতাব্দীর একজন বিখ্যাত, বহুল পঠিত লেখকের লেখা ওয়্যারউলফ নভেল নিয়ে পাঠকদের অনেক আগ্রহ রয়েছে। এটি এমন একটি উপন্যাস যার বিষয়ে সত্যিই কেউ জানে না। এটি স্টাইনবেকের লেখা সম্পূর্ণ একটি উপন্যাস। বিষয়টি অবিশ্বাস্য।'  

২৩৩ পৃষ্ঠার টাইপ করা পান্ডুলিপিটি ইউনিভার্সিটি অব টেক্সাসের হ্যারি র‍্যানসম সেন্টারের স্টাইনবেক আর্কাইভে রয়েছে। ৯০ বছরের বেশি সময় আগে এটি প্রকাশের ব্যর্থ চেষ্টা করেছিলেন জন স্টাইনবেক। 

নোবেলজয়ী এই লেখকের অন্যান্য বইয়ের মত ‘মার্ডার এট ফুল মুন’ উপন্যাসটিও ক্যালিফোর্নিয়ার পটভূমিতে লেখা হয়েছে। এখানকার একটি শহরের বাসিন্দারা পূর্ণিমার রাতে ঘটে যাওয়া বেশ কয়েকটি রহস্যময় হত্যাকান্ড নিয়ে আতংকিত হয়ে পড়ে। তদন্তকারীরা অতিপ্রাকৃত কোনো জীবকে এই হত্যাকান্ডের জন্য সন্দেহ করে। খবরটি ছড়িয়ে পড়ার পর একজন সাংবাদিক, অপেশাদার গোয়েন্দা এবং স্থানীয় গান ক্লাবের ম্যানেজার এই রহস্য উন্মোচনে এগিয়ে আসেন।   

এদিকে স্টাইনবেকের লিটারারি এজেন্ট ম্যাকিন্টোশ এন্ড ওটিশ জানিয়েছে, উপন্যাসটি প্রকাশের কোনো পরিকল্পনা তাদের নেই। এটি ছদ্মনামে লিখেছিলেন স্টাইনবেক। এছাড়া লেখক হিসেবে খ্যাতি পাওয়ার পরও উপন্যাসটি প্রকাশ করেননি তিনি। তাই তার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এটি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।    

উল্লেখ্য, জন স্টাইনবেক ১৯৬২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মহামন্দা নিয়ে তিনি লিখেছিলেন বিখ্যাত উপন্যাস ‘দ্য গ্রেপস অব র‍্যাথ’। এছাড়া তার উল্লেখযোগ্য অন্যান্য বই হলো, ‘ইস্ট অব ইডেন’, ‘দ্য পার্ল’, ‘অব মাইস এন্ড মেন’, ‘টরটিলা ফ্ল্যাট’, ‘ক্যানারি রো’, ‘ইন ডুবিয়াস ব্যাটল’।

সূত্র: দ্য গার্ডিয়ান  

Comments

    Please login to post comment. Login