Posts

নিউজ

যুক্তরাষ্ট্রে হোমারের মহাকাব্য 'দ্য ওডিসি' এর চাহিদা বেড়েছে

August 3, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
36
View

চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা 'দ্য ওডিসি' ইতিমধ্যেই বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছে। তবে এর সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য সম্ভবত প্রায় ২ হাজার ৭০০ বছরের পুরনো একটি মহাকাব্যকে মার্কিন যুক্তরাষ্ট্রে বেস্টসেলার বইয়ে পরিণত করা। দেশটির বিভিন্ন লাইব্রেরি ও বইয়ের দোকানগুলোতে এখন হোমারের প্রাচীন গ্রিক মহাকাব্য 'দ্য ওডিসি' এর জন্য ব্যাপক ভিড় দেখা যাচ্ছে।     

গত সপ্তাহে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত জনপ্রিয় বইয়ের দোকান ‘বুকস আর ম্যাজিক’ এর প্রবেশপথেই এর প্রমাণ দেখা গেছে। সেখানে ‘দ্য ওডিসি’ এর এক ডজনেরও বেশি সংস্করণ সাজিয়ে রাখা হয়েছিল। এর মধ্যে এমিলি উইলসনের প্রশংসিত অনুবাদ থেকে শুরু করে গ্রাফিক নভেল ও শিশুদের উপযোগী বইও ছিল। এর ফলে ওই দোকানে বইপ্রেমীদের ভিড় বাড়ছিল। এদের মধ্যে অনেকেই ছিল ‘জেনারেশন জেড’ বা জেন-জি এর পাঠক, যারা নোলানের সাম্প্রতিক ব্লকবাস্টার সিনেমাটি দেখার পর এই মহাকাব্যটির প্রতি আগ্রহী হয়ে উঠেছিল।  

মাত্র এক মাস আগেও দোকানটিতে হোমারের এই ক্লাসিক বইটির হাতেগোনা কয়েকটি কপি বিক্রি হয়েছিল। অথচ জুলাই মাসে এর বিক্রি কয়েক হাজার গুণ বেড়ে যায়। উপন্যাসিক এমা স্ট্রব ও তার স্বামী মাইকেল ফুস্কো-স্ট্রব ২০১৭ সালে জনপ্রিয় এই বইয়ের দোকানটি প্রতিষ্ঠা করেন।

এই দোকানের বিপণনকর্মী নিকোল ভাসকুয়েজ বলেছেন, এই মাসে আমরা শুধু উইলসন অনূদিত ‘দ্য ওডিসি' এর  ৮০টি কপি বিক্রি করেছি। অথচ এর আগে দুই তিনটার বেশি বিক্রি হতো না। তবে ওডিসি সিনেমাটি মুক্তি পাওয়ার পর মানুষ নতুন করে এ বই পড়তে শুরু করে। ফলে বইটির চাহিদা বাড়তে থাকায় মাত্র কয়েক দিন আগে এটির  জন্য একটি বিশেষ ডিসপ্লে বা প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল।        

এদিকে এই প্রবণতা কেবল ব্রুকলিনের শিল্প সংস্কৃতিমনা গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। 'পাবলিশার্স উইকলি' এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রভিত্তিক মার্কেট রিসার্চ প্রতিষ্ঠান 'সারকানা বুকস্ক্যান' এর তথ্য বলছে, চলতি বছরে যুক্তরাষ্ট্রে 'দ্য ওডিসি' এর সব সংস্করণের সম্মিলিত প্রিন্ট বিক্রির পরিমাণ ৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।     

প্রকাশনা সংস্থা ডব্লিউ ডব্লিউ নর্টন থেকে প্রকাশিত এমিলি উইলসনের অনুবাদটি সর্বাধিক বিক্রিত সংস্করণ। এর পরেই রয়েছে পেঙ্গুইন ক্লাসিকস এর রবার্ট ফ্যাগলসের অনুবাদ এবং গ্যারেথ হিন্ডসের গ্রাফিক নভেল সংস্করণ। উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে ওডিসি সিনেমা তৈরির ঘোষণা দেওয়ার পর থেকেই বইটির বিক্রি ঊর্ধ্বমুখী হতে শুরু করেছিল এবং আগের বছরের তুলনায় ২০২৫ সালে এর বিক্রি ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।  

বই বিক্রেতারা বলছেন যে, গ্রিক পুরাণের দীর্ঘদিনের ভক্তদের গণ্ডি পেরিয়ে এর আবেদন আরও বিস্তৃত হয়েছে। বিশেষ করে শিশুদের উপযোগী সংস্করণগুলো অপ্রত্যাশিতভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। ‘বুকস আর ম্যাজিক’ বইয়ের দোকানের কর্মচারী শিশুদের জন্য নির্ধারিত অংশের দিকে ইঙ্গিত করে বলেছেন, 'এগুলো দোকানে নতুন এসেছে। এগুলোর বিক্রি বেশ ভালোই হচ্ছে। এমন সব মানুষ এখন গ্রিক পুরাণ নিয়ে পড়াশোনা করছেন, যারা আগে এ বিষয়ে কখনোই কোনো আগ্রহ দেখাননি।' 

উল্লেখ্য, হোমারের 'দ্য ওডিসি' ছাড়াও গ্রিক পুরাণের ওপর ভিত্তি করে রচিত বইগুলোর প্রতিও মানুষের আগ্রহ বাড়ছে। এর মধ্যে রয়েছে ম্যাডেলিন মিলারের ‘সার্সি’। এই বইতে গ্রিক পুরাণের বিখ্যাত ডাইনি চরিত্র সার্সির দৃষ্টিকোণ থেকে হোমারের 'দ্য ওডিসি' এর এক নতুন এবং নারীবাদী চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। পুরাণে সার্সিকে খলনায়িকা হিসেবে দেখানো হলেও, মিলারের উপন্যাসে সে একজন স্বাধীন ও শক্তিশালী নারী হিসেবে আত্মপ্রকাশ করে।

সূত্র: দ্য গার্ডিয়ান  

Comments

    Please login to post comment. Login