Posts

নিউজ

যুক্তরাষ্ট্রে প্রকাশিত হচ্ছে অ্যানি এরনোর তিনটি বইয়ের ইংরেজি অনুবাদ

June 16, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
16
View

নোবেলজয়ী ফরাসি লেখক অ্যানি এরনোর তিনটি বইয়ের ইংরেজি অনুবাদ এই বছরের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত হবে। প্রকাশনা সংস্থা সেভেন স্টোরিজ সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। 

সেভেন স্টোরিজ থেকে প্রকাশিত হতে যাওয়া নতুন বইগুলো হলো: অ্যালিসন স্ট্রেয়ার অনূদিত ছোটগল্প ও প্রবন্ধের সংকলন ‘হোটেল ক্যাসানোভা’; এরনো এবং সমাজবিজ্ঞানী রোজ-মেরি লাগ্রেভের মধ্যকার কথোপকথন ‘আ কনভারসেশন’ এবং পিয়ের-লুই ফোর্ট সম্পাদিত ও অ্যালিসন স্ট্রেয়ার, রস শোয়ার্টজসহ ছয়জন অনুবাদকের অনূদিত ‘রাইটিং, দ্য আদার লাইফ’।  

এরনো তার আত্মজীবনীমূলক কথাসাহিত্য ও প্রবন্ধের জন্য পরিচিত। ১৯৭৪ সালে ‘ক্লিনড আউট’ উপন্যাসের মাধ্যমে তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন। ১৯৮৮ সালে প্রকাশিত তার ‘আ ম্যানস প্লেস’ এবং ‘আ ওমেন্স স্টোরি’ বই দুটি ফ্রান্সে সমসাময়িক ক্লাসিক হয়ে উঠেছে। ফরাসি এই লেখকের বেশিরভাগ লেখাই ইংরেজিতে অনুবাদ করা হয়েছে।         

এদিকে ২০২২ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। ফ্রান্সের ইতিহাসে তিনিই প্রথম নারী, যিনি মর্যাদাবান এ পুরস্কারটি জিতেছেন। ৮৫ বছর বয়সী এই লেখক ৫ দশকের বেশি সময় ধরে লেখালেখি করে ২০টির বেশি বই প্রকাশ করেছেন। এই বইগুলোতে তিনি নির্ভীকভাবে যৌনমিলন, অসুস্থতা, বার্ধক্য এবং মৃত্যুর মত জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ মুহুর্তগুলো গভীরভাবে অনুসন্ধান করেছেন।  

উল্লেখ্য, ‘হোটেল ক্যাসানোভা’ এবং ‘আ কনভারসেশন’ ৬ অক্টোবর প্রকাশিত হতে যাচ্ছে। এরপর ২৭ অক্টোবর প্রকাশিত হবে ‘রাইটিং, দ্য আদার লাইফ’। 

সূত্র: কিরকাস  

Comments

    Please login to post comment. Login