FF.
রিমঝিমের বন্ধুত্ব Book page

Chapter 4

রিমঝিমের বন্ধুত্ব

Nov 21, 2026 2 min read

পরের কয়েক দিন খুব একটা ভালো কাটল না।

ক্লাসের অন্য বাচ্চারা রিহানের সঙ্গে তেমন কথা বলে না। ছেঁড়া জুতোর কারণে যেন সে সবার থেকে আলাদা।

একদিন রহমান স্যার তাকে ডেকে দাঁড় করালেন।

রহমান স্যার: এই রিহান, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। তুমি প্রতিদিন ছেঁড়া জুতো পরে স্কুলে আসো কেন?

রিহান: স্যার, আমার নতুন জুতো নেই।

রহমান স্যার: তাহলে নতুন জুতো কিনে আনবে। এখানে কেউ ছেঁড়া জুতো পরে আসে না।

রিহান: জি স্যার।

রহমান স্যার: মনে রেখো, এরপর এমন জুতো পরে এলে তোমাকে স্কুলে ঢুকতে দেব না।

রিহান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল।

সেদিন আর কারও সঙ্গে কথা বলল না সে।

স্কুলের এক কোণে একটি বেঞ্চে একা বসে ছিল।

হঠাৎ সামনে এসে দাঁড়াল সেই মেয়েটি।

মেয়েটি: এই যে!

রিহান মুখ তুলে তাকাল।

রিহান: কী?

মেয়েটি: মন খারাপ?

রিহান: না।

মেয়েটি: মিথ্যা বলছ। তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে।

রিহান চুপ করে রইল।

মেয়েটি পাশে বসে পড়ল।

মেয়েটি: জানো, আমার তিন জোড়া জুতো আছে।

রিহান বিরক্ত হয়ে —

রিহান: তো? আমাকে বারবার বলছ কেন?

মেয়েটি: তুমি এত কষ্টের মধ্যেও স্কুলে আসছ। অথচ অনেকের সবকিছু থাকার পরও স্কুলে আসতে ইচ্ছা করে না। তোমাকে আমার সত্যি ভালো লেগেছে।

রিহান কিছুক্ষণ চুপ করে থাকল।

রিহান: কিন্তু স্যার তো বলেছে, ছেঁড়া জুতো পরে এলে আর স্কুলে ঢুকতে দেবে না।

মেয়েটি: দেখো, তুমি কালকে স্কুলে এসো। বাইরে আমার জন্য অপেক্ষা করবে। আমি স্যারকে বলব। শুধু মাত্র জুতোর জন্য তুমি স্কুলে আসতে পারবে না, এটা আমি চাই না।

মেয়েটি উঠে চলে গেল।

রিহান তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল।

হঠাৎ পেছন থেকে মেয়েটি আবার ফিরে তাকাল।

মেয়েটি: ওহ, একটা কথা! আমার নাম রিমঝিম। তোমার নাম তো জানিই, রিহান!

রিহান (হেসে): আচ্ছা, রিমঝিম!

সেদিন প্রথমবার রিহানের মনে হলো, হয়তো এই স্কুলে তারও একজন সত্যিকারের বন্ধু হয়েছে।

Follow me on Instagram

Picked up where you left off

Conversation

(0)

Log in to join the conversation.

No comments on this chapter yet.