রাত তখন এগারোটা। শহরের কোলাহল ধীরে ধীরে ঝিমিয়ে আসছে। কিন্তু মক্তবপুরের শহীদ সাহেবের বসার ঘরে তখনও এক অদ্ভুত ব্যস্ততা।
শহীদ সাহেবের বয়স খুব বেশি নয়, খুব জোর ৪০-৪৫ হবে।
কিন্তু চেহারার ক্লান্তি দেখে যে কেউ ভেবে বসবে তিনি যেন কয়েক যুগ ধরে কোনো যুদ্ধক্ষেত্র ছিলেন। পরদিন আবার মাঠে ফিরবেন। মাঝের সময় সামান্য বিরতিতে এসেছেন। ছিপছিপে শরীরে চোখের নিচে গাঢ় কালি, জামার কলার হালকা কুঁচকে যাওয়া। আর চোখেমুখে এমন এক নির্লিপ্ত প্রশান্তি, যা সাধারণত ক্লান্তির শেষ সীমায় পৌঁছালে মানুষের মুখে এসে ভর করে।
সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তাঁর বুকটা। শার্টের বোতাম সামান্য খোলা থাকলে ভেতর থেকে একটা হালকা লালচে আলো ঠিকরে বেরোয়। সেখানে বসানো আছে একটা ছোট্ট ডিজিটাল প্যানেল, যার স্ক্রিনে জ্বলজ্বল করছে BATTERY: 1%
সেই ডিসপ্লের পোর্ট থেকে বেরিয়ে আসা কয়েকটা সরু, নমনীয় তার এঁকেবেঁকে চলে গেছে ঘরের নানা দিকে।
একটা তার গিয়ে ঢুকেছে পাশের ঘরে, যেখানে ছেলের ল্যাপটপ আর প্রজেক্টের ফাইল ছড়ানো। আরেকটা তার পেঁচিয়ে আছে মেয়ের রঙিন ড্রয়িং বুক আর স্কুলের ব্যাগের হাতলে। আর সবচেয়ে মোটা তারটা গিয়ে লেগে আছে বাজারের লম্বা ফর্দ, ওষুধের পাতা, সংসারের মাসিক খরচ আর প্রচলিত সামাজিকতার হিসাবের খাতার ওপর।
শহীদ সাহেব শান্ত হয়ে চেয়ারে বসে আছেন। হাতে একটা নোটপ্যাড আর কলম।
হঠাৎ দরজার পর্দা সরিয়ে স্ত্রী এলেন। হাতে এক কাপ চা।
“এখনও বসে আছ? কাল সকালে আবার অফিস আছে, তার ওপর শ্বশুরবাড়ির ওই কাগজপত্রগুলোও তো গুছিয়ে রাখতে হবে। তোমার চাচা ফোন করেছিলেন, উনি নাকি কাল দুপুরে আসবেন।”
শহীদ সাহেব একগাল হাসলেন। কী নিখুঁত, কী নির্ভার সেই হাসি। “কোনো সমস্যা নেই, আমি সব গুছিয়ে রাখছি। তুমি ঘুমাও, কাল সব ঠিকঠাক পেয়ে যাবে।”
স্ত্রী একটু থতমত খেয়ে তাকালেন। “তোমার শরীর ঠিক আছে তো? আজকাল তোমাকে কেমন যেন খুব শান্ত মনে হয়। কোনো অভিযোগ নেই, কোনো ক্লান্তি নেই। সবকিছু যেন ম্যাজিকের মতো সামলে নিচ্ছ। কোনো আপত্তি করছো না যে”।
“অভিযোগ কেন থাকবে?” শহীদ সাহেব কাপে চুমুক দিয়ে বললেন। “সবই তো ঠিকঠাক চলছে। নিজের কী দরকার, না দরকার ওসব ভেবে সময় নষ্ট করার চেয়ে কাজগুলো সেরে ফেলাই ভালো।”
স্ত্রী চলে যাওয়ার পর ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। বুক থেকে আসা লাল আলোর মিটমিটে ঝিলিকটা দেয়ালে গিয়ে পড়েছে। 1% লেখাটা কাঁপছে, কিন্তু নিভছে না। কেন নিভছে না, তার পেছনে একটা অদ্ভুত কারিগরি রহস্য আছে।
বছর দশেক আগে, শহীদ সাহেবের ভেতরেও একটা আলাদা জগত ছিল। বৃষ্টি এলে তাঁর মন ভিজে যেত, পুরোনো কোনো গান শুনলে বুকের ভেতরটা মোচড় দিত, নিজের হাতে একটা গল্প লেখার বা রঙতুলি দিয়ে আকাশ আঁকার শখ ছিল। কিন্তু ধীরে ধীরে "বড় হওয়া", "দায়িত্ব নেওয়া" আর "লোকলজ্জার" চাপে সেই শখগুলোকে তিনি নিজের অজান্তেই অতীত বানিয়ে ফেলেছেন।
প্রথমে ভেবেছিলেন, সাময়িক। দায়িত্বগুলো একটু হালকা হলেই বাক্সটা খুলবেন। কিন্তু দায়িত্ব কখনো হালকা হয় না, বরং সময়ের সাথে সাথে আরও ভারী হয়। আর সেই ভার বইতে বইতে তাঁর ভেতরের "নিজস্বতা" নামের ব্যাটারিটা একটু একটু করে ফুরিয়ে আসতে আসতে একসময় তলানিতে গিয়ে ঠেকে।
অথচ আশ্চর্যের বিষয় হলো, ব্যাটারি ১%-এ নেমে আসার পরই তিনি আবিষ্কার করলেন, তাঁর কার্যক্ষমতা বেড়ে গেছে। এখন আর নিজের ভালো লাগা বা খারাপ লাগার মতো বাড়তি খরচ তাঁর নেই। নিজের জন্য কোনো চাওয়া নেই বলে কোনো হতাশাও নেই। তিনি হয়ে উঠেছেন এক নিখুঁত, নিরবচ্ছিন্ন "২৪/৭ সার্ভিস সেন্টার"। যেখানে অন্যের ফাইল প্রিন্ট হয়, অন্যের প্রয়োজন চার্জ হয়, অন্যের দুশ্চিন্তা রিপেয়ার করা হয়। শুধু ভেতরের নিজস্ব রক্ষণাবেক্ষণটা বহু বছর আগে বন্ধ হয়ে গিয়ে আর সচল হয়নি।
স্ত্রী ঘুমিয়ে যাবার পর শহীদ সাহেব কেবিনেটের তালা দেয়া ড্রয়ারটা খুলে কুড়ি বছর পুরনো ডায়েরিটা হাতে নিলেন। ড্রয়ারে আরো অনেক কিছুই আছে। আব্বার কিনে দেয়া বাইকের ক্ষয়ে যাওয়া চাবি, নিজের শখের প্রথম মোবাইল ফোন, ঘুরতে গিয়ে সংগ্রহ করা প্রায় পনেরো বছর আগের স্যুভেনির, বন্ধুদের সাথে তোলা প্রিন্ট করা ছবি সহ আরো অনেক কিছু। ডায়েরিটা তিনি মাঝে মাঝেই বের করেন। লিখে রাখা স্মৃতিগুলো হাতড়ে বেড়ান।
আজ ডায়েরিতে লেখা একটা অসম্পূর্ণ লাইন দেখছেন “কালকে শুক্রবার, সমুদ্র দেখতে ইচ্ছে...”। মনে হলো, সেই লেখা শেষ হবার আগেই দৌড়ে গিয়েছিলেন ট্রেন ধরতে।
শহীদ সাহেব আঙুল দিয়ে লাইনটা ছুঁলেন। আজ আর কোনো আবেগ কাজ করল না। ভেতরটা একদম ফাঁকা, যেন কোনো শীতল গুদামঘর। বহু আগেই তো ভেতরের সেই মানুষটা "দায়িত্বশীলতার" কোমায় চলে গিয়েছিল। কোনো স্মৃতিই এখন আর তেমন করে ভাবায় না। এখন শুধু শরীরটা জেগে আছে। একটা চার্জারের সাথে গুঁজে রাখা যন্ত্রের মতো।
বাইরে তখন রাত বাড়ছে। দেয়ালঘড়ির টিকটিক শব্দটা কেমন যেন ক্লান্ত শোনাচ্ছে। শহীদ সাহেব ডায়েরিটা ড্রয়ারে তুলে কলমটা হাতে নিলেন। পরের দিনের কাজের তালিকায় প্রথম লাইনগুলো লিখলেনঃ
সকাল ৬টাঃ সবার নাশতার বাজার, ওষুধের ফর্দ আর মাসের খরচের হিসাব মিলিয়ে নেওয়া।
সকাল ৮টাঃ অফিসের জরুরি ফাইল ও চাহিদা সামলানো।
দুপুর ১টাঃ চাচার আপ্যায়ন ও আত্মীয়স্বজনের পুরোনো সমস্যার সমাধান করা।
সন্ধ্যা ৬ টাঃ কাঁচাবাজার করতে হবে
নিজের জন্য সময়ঃ তালিকাভূক্ত নয়।
বুক থেকে আসা লাল আলোটা তখনও জ্বলছে BATTERY 1%।
শেষ নিঃশ্বাসটা হয়তো আরও বহু বছর পর আসবে, তখন কাগজে-কলমে লেখা হবে "মরহুম আব্দুস শহীদ”।
স্ত্রী-সন্তান কান্না করবে। ফোনে যথাসম্ভব সবাইকে খবর দেয়া হবে।
মসজিদের মাইকে ঘোষণা হবেঃ
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, মক্তবপুরের বাসিন্দা জনাব আব্দুস শহীদ সাহেব আজ শুক্রবার, ভোর ৪ ঘটিকায় নিজ বাসভবনে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। মরহুমের জানাজার নামাজ আজ শুক্রবার, বাদ জুম্মা মক্তবপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। সকলকে জানাজার নামাজে শরিক হয়ে রুহের মাগফিরাতের জন্য দোয়া করার বিনীত অনুরোধ করা হচ্ছে।”
এলাকার খুব বেশি মানুষের সাথে পরিচয়ের সুযোগ না হলেও অনেকেই আসবেন। আত্মীয়-বন্ধুরা-সিনিয়র-জুনিয়রেরা জানাজায় শরিক হওয়ার জন্য তাড়াহুড়ো করবেন। পরিষ্কার কাপড়ে অজু করে জানাজার নামাজের জন্য কাতার সোজা করবেন অনেকে। চার তাকবিরে “আল্লাহু আকবার” ধ্বনি দিয়ে ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়ে নামাজ শেষে চার্জ ফুরিয়ে যাওয়া কাফন মোড়ানো দেহটা শুইয়ে দেবেন সাড়ে তিন হাত জমিনে।
সত্যিকার অর্থে রাতের নিস্তব্ধতায় বসে থাকা শহীদ সাহেবদের ভেতরের মৃত্যু বহু আগেই ঘটে যায়।
সে খবর কেউ রাখেনা, এমনকি মানুষটা নিজেও না।
শুধু বাকি রয়ে যায় “অফিসিয়াল ডিক্লেয়ারেশন”।