শিউলি ফোটা রাতে.১ ✍️ রেহানা পুতুল
বড় আপাকে নিয়ে বাবা-মা ভারী বিপাকে পড়ে গিয়েছেন। বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, তবুও কিছুতেই আপাকে পাত্রস্থ করা যাচ্ছে না। আপার বিয়ের জন্য যে প্রস্তাব আসে না, তা কিন্তু নয়। আপা দেখতে সুশ্রী না হলেও মোটামুটি পছন্দসই ছিল। তবুও কেউ আপাকে তাদের ঘরের বউ করতে রাজি হতো না। কারণটা স্পষ্ট এবং বড়সড়। আমার বড় আপা ছিল বোবা। জন্ম থেকেই।
এদিকে আমিও বিয়ের উপযুক্ত হয়ে গেলাম। ম্যাট্রিক পাস করে কলেজে ভর্তি হয়েছি। তখন গ্রামে কলেজপড়ুয়া একটা মেয়ে অবিবাহিত থাকা মানেই বিশাল কিছু। আপার জন্য আমাকে বিয়ে দেওয়া যাচ্ছে না। বড় বড় ঘর হাতছাড়া হয়ে যাচ্ছে। তাই বড় ভাইয়া ও বাবা আপার বিয়ের জন্য উঠে-পড়ে লাগলেন। ঘটক লাগিয়ে দিলেন। আপার জন্য যেমনই হোক, একটা পাত্রের সন্ধান করতে।
একটা সময় আপা বুঝতে পারল, নিয়তির অভিশাপে সে এখন পিতার সংসারের বোঝা। আপার মুখের হাসি মিলিয়ে গেল বাতাসার মতো। সারাবেলা আপার মুখ পাংশুটে হয়ে থাকত। আপা মন খারাপ করে কখনো পুকুরঘাটে, কখনো শিউলিতলায়, কখনো ঘরের দাওয়ায় বসে থাকত চুপটি করে। যেন দিগন্ত থেকে উড়ে আসা নীড়হারা কোনো দুঃখিনী পাখি।
মাঝেমধ্যে আপার দুচোখের কোণ গড়িয়ে নীরবে অশ্রু ঝরত। আমি আপার সেই অশ্রুটুকু মুছে দিতাম। আপা আমার পিঠের ওপর হাত দিয়ে টেনে নিজের গায়ের সঙ্গে মিশিয়ে নিত। আমি ছিলাম আপার চেয়ে অনেক ছোট। আপার স্নেহমাখা হাতের পরশ, ডাগর চোখের নরম দৃষ্টি কী যে ভালো লাগত আমার! ভেতরে একরাশ প্রশান্তি বয়ে যেত ভোরের স্নিগ্ধ হাওয়ার মতো।
সত্যি বলতে, আম্মারও ভাবখানা এমন, আপাকে যেনতেন পাত্রের হাতে তুলে দিতে পারলেই বাঁচেন। আম্মারও বা কী দোষ! বাবা হঠাৎ হঠাৎ এমন রুক্ষ আচরণ করেন আম্মার সঙ্গে, যেন বোবা মেয়ে জন্ম হয়েছে আম্মার ভুলেই। কী অদ্ভুত মানসিকতা পুরুষদের! তখন উপলব্ধি করতে না পারলেও এখন বেশ পারি।
বোবা বলে আপা পড়াশোনাও করতে পারেনি। কিন্তু আপা শুয়ে-বসে অলস সময় কাটাত না। ঘরের কাজে মা ও ভাবিকে সাহায্য করত তার সাধ্যমতো। অবসরে ফ্রেমে বন্দী রুমালে রঙিন সুতোর কারুকাজে ফুটিয়ে তুলত ফুল, পাখি, চাঁদ, মেঘ, আকাশ, তরুলতা—আরও কত কী! বিকেলের অবসরে চুটকি সেমাই বানাত। নানান স্বাদের, নানান রকমের আচার বানাত। আপার হাতের তৈরি সুস্বাদু আচার দিয়ে আমাদের সারাবছর কাবার হয়ে যেত। এমন বহু গৃহকর্মে আপা নিপুণা ছিল। সেই হিসেবে আমার কোনো গুণই ছিল না বলতে গেলে। কেবল পড়াশোনাই করতাম। তাও মনের বিরুদ্ধে গিয়ে। ধীরে ধীরে আপার ওপর সবার অনাদর বাড়তে লাগল।
এক বিকেলে ভাইয়া মার্কেট থেকে বাড়ি এলেন। সঙ্গে করে নিয়ে এলেন একজন ঘটক। ঘটক আমাদের গ্রামেরই। ভাইয়া বাবা-মাকে ডেকে নিলেন ঘটকের সামনে। আমি, ভাবিও গেলাম বিপুল আগ্রহ নিয়ে।
ভাইয়া বললেন,
"ঘটক চাচা শিউলির জন্য একটা প্রস্তাব নিয়া আসছে। আমার পছন্দ হইছে। আপনারা উনার মুখেই শুনুন সব।"
আমাদের সবার দৃষ্টি ভাইয়ার মুখের ওপর থেকে সরে গেল। ঘটক চাচার মুখের ওপর দৃষ্টি নিবদ্ধ হলো। ঘটক নিজেই টেনে টেনে ধীর গলায় বললেন,
"আপনার বড় কইন্যা সম্পর্কে আমি সব অবগত হইছি। সেই হিসাবে মনে হয় এই পাত্র মন্দ হইবো না। বাকিটা আপনাগো মর্জি আর মালিকের দয়া। পাত্রের নাম ইদ্রিস ভুঁইয়া। লোক অতিশয় ভালো। গ্রাম উজিরপুর। ভুঁইয়া বংশের ভুঁইয়া বাড়ি। বংশমর্যাদায় আপনাগো চেয়ে অতি উচ্চ।"
আমি বিস্ফারিত চাহনি নিক্ষেপ করলাম ভাইয়ার মুখের ওপর। ভাইয়া ভ্রুক্ষেপ করলেন না আমার দিকে। সম্পূর্ণ অগ্রাহ্য করে ঘটকের দিকে দৃষ্টিপাত করলেন।
ঘটক আরও বললেন,
"পাত্রের বয়স পঁচাত্তর। অঢেল সম্পত্তির মালিক। বিপত্নীক। কোনো পুত্রসন্তান নাই। তিন কইন্যা তাহার। প্রত্যেকেই বিবাহিত। স্বামীর সংসার নিয়ে ব্যস্ত। কিছুটা অসুস্থ পিতারে দেখার কেউ নাই। তারাই পিতারে সাদি করাইতে মনঃস্থির করলো। পাত্রী সিঙ্গেল। অবিবাহিত। তাই বোবা হইলেও তাদের কোনো আপত্তি নাই। তবে তাদের আড়ালে ইদ্রিস ভুঁইয়া আমারে কইছে, পাত্রীর নামে বিশ শতক ধানি জমি লিখে দিব। যেন তার অবর্তমানে তার বিবি চলতে পারে। বাড়ির উপরে যেই জায়গা আছে, তাতেও নানারকম চাষবাস কইরা খাইতে পারব আপনার কইন্যা।"
আমি বলে উঠলাম,
"এত বুড়া ব্যাটা? আব্বার বয়সী হবে। আপার বয়স চলে এখন একত্রিশ। ব্যবধানটা দেখেন, চাচা!"
ঘটক চুপ হয়ে গেলেন। ভাইয়া আমার ওপর মৃদু রেগে গেলেন। মা মুখে ঝামটি মেরে আমাকে বললেন,
"মোটে পাই না। আবার বয়স? পুরুষ মানুষ বয়স হলেই কী আর না হলেই কী? সম্পত্তি লেইখা দিলে আর দুইকথা নাই। ব্যাটা মইরা গ্যালে সবই তো শিউলির।"
মায়ের কথায় বাবাও সায় দিলেন। মা ভাইয়াকে বললেন,
"সম্পত্তি আগেই লেইখা নিতে হইবো। পরে না দিলে কী করতে পারমু আমরা?"
"এত কাঁচা কাজ করমু মা? বিয়ে পড়ানোর আগেই লেইখা নিমু।"
বাবা ঘটককে বললেন,
"ঠিক আছে, আপনি এখন যান। আমরা নিজেরা গোপনে ইদ্রিস মিয়ার খবর নিয়া দেখি। আমি নিজেই যামুনি। আপনারে দুই-চারদিন বাদে জানাই?"
ঘটক "আইচ্ছা" বলে পানের খিলি মুখে পুরে দিলেন। গালভর্তি পান চিবোতে চিবোতে উঠে চলে গেলেন লম্বা কালো ছাতিটা মাথার ওপর মেলে ধরে।
আমি এক ছুট দিলাম আপার কাছে। সব বললাম আপাকে। আপার মুখের মলিন ভাব উধাও হয়ে গেল। ঠোঁট বাঁকিয়ে চাপা হাসল আপা।
আমি বললাম,
"আপা, বুড়া লোক। আমার একদম পছন্দ হয়নি। তোমারও তো তাই। তাই না? তোমার কথা বলে মানা করে দিই?"
আমি উঠে যেতে লাগলে আপা আমার হাত শক্ত করে চেপে ধরল। আপার রোজকার ভাষায় কাঁইকুঁই করে আ... উ... ই... করে যা বলল, তার মর্মার্থ হলো, আপার পছন্দ হয়েছে। আপা এই বিয়েতে রাজি। নিজের মানুষদের কাছে অনাদরে থাকার চেয়ে দূরে কারও কাছে আদরে থাকা ভালো।
আমি থমকে গেলাম। উৎসুক ও বিরক্ত চোখে আপার মুখপানে চাইলাম। আপা আমার হাত ধরে শিউলিগাছের তলায় চলে গেল। আপার প্রিয় ফুল শিউলি। দাদা আপার নাম শখ করে শিউলি রেখেছেন। এই শিউলিগাছটা দাদা রোপণ করেছেন। আপা আমাকে সঙ্গে নিয়ে বহু শিউলি ফোটা রাতের সাক্ষী হয়েছে। ভোরে ঘুম থেকে উঠেই কোঁচা ভরে শিউলি ফুল কুড়াত আপা। নাকে চেপে ধরে তাজা সুবাস নিত। শিউলি ফুলের মালা বানিয়ে আমাকে দিত আপা। সেই শিউলি ফুলের মালা গলায় পরে আমি সারাবাড়ি ঘুরতাম। দেখে আপা মিটমিটিয়ে হাসত কেবল।
তারপর শরতের এক দুপুরে সত্যি সত্যি আপার বিয়ে হয়ে গেল সেই ইদ্রিস ভুঁইয়ার সঙ্গে। বিয়ে পড়ানোর আগেই তিনি আপার নামে বিশ শতক জমি দলিল করে লিখে দিলেন। এতে আমাদের সবার কাছে তিনি বিশ্বস্ত ও বড় মনের মানুষ হিসেবে গণ্য হলেন। ঘরোয়া আয়োজনে খুব সাদামাটাভাবেই আপার শুভবিবাহ সম্পন্ন হলো। ইদ্রিসের সঙ্গে তাঁর তিন মেয়ে ও তাদের পরিবার এল। আপাকে সসম্মানে বউ সাজিয়ে তাদের বাড়ি নিয়ে গেল।
তার দুই দিন পর রীতি অনুযায়ী আপা তার বয়স্ক জামাইকে নিয়ে বাবার বাড়ি এল। আপা স্বামীর অনেক প্রশংসা করল। তিনি নাকি আপাকে কোলে কোলে রাখেন।
শুনে আম্মা বললেন,
"আলহামদুলিল্লাহ। তোর কথা বিশ্বাস করছি মা। বিবি পতির চাইতে অল্পবয়সী হইলে মহব্বত ম্যালা পাওন যায়।"
আপা তার নিজস্ব ভাষায় ভাবির কাছে গিয়ে লজ্জা লজ্জা স্বরে বলল,
"ভাবি, উনি চায় আমার গর্ভে উনার একটা সন্তান আসুক। উনার তো কোনো ছেলে সন্তান নাই। যদি খোদার রহমতে ছেলে সন্তান হয়, তাহলে সেই ছেলে হবে আমার ভবিষ্যতের ঢালস্বরূপ! বাসর ঘরেই এইসব উনি আমারে কইলো, সোহাগ করতে করতে।"
শুনে ভাবি মুচকি হেসে জিজ্ঞেস করল,
"ইদ্রিস মিয়া চায়। আমার ননদিনি চায় না তার কোলজুড়ে ফুটফুটে একখান বাচ্চা আসুক?"
আপা লাজুক হাসল। পরক্ষণেই দুঃখিত গলায় আপা বলল,
"কিন্তু ভাবি, একটা সমস্যা। তাঁর তিন মেয়ে গতকাল সকালে আমারে ডাইকা কইলো,
চলবে—১