FF.
Untitled Chapter Book page

Chapter 2

Untitled Chapter

Nov 20, 2026 8 min read

Writing

শিউলি ফোটা রাতে -২ ✍️ রেহানা পুতুল

আপা লাজুক হাসল। পরক্ষণেই দুঃখিত গলায় আপা বলল,

"কিন্তু ভাবী, একটা সমস্যা। তার তিন মেয়ে গতকাল সকালে আমারে ডাইকা কইল, মন দিয়া শুনেন কী কই। আপনে কথা কইতে পারেন না। আব্বার বয়স হইছে। প্রায় বিছনায় পইড়া যায়। বাচ্চা ক্যামনে পালবেন একলা হাতে? সুতরাং সতর্ক থাইকবেন, যেন কোনো বাচ্চা না হয়। এইটা আমাগো তিন বইনের কথা। আমাদের সহায়-সম্পত্তি আছে। তাতেই আপনের একজীবন চইলা যাইবো। মনে থাকে যেন।"

বলা শেষে আপার হুঁ-হা করা ইশারাভাষা থামল। আমি বোকা বোকা চোখে আপার দিকে তাকালাম। ভাবী অবাক হলো। বিজ্ঞের সুরে বলল,

"কইলেই হইলো? যত্তসব গোঁয়ার্তুমি কথাবার্তা! সন্তান হইলো আল্লার দেওয়া নেয়ামত! সেইটারে জোর কইরা আটকানো মহাপাপ! তুই হের দামড়ি ছেমড়িগো কথা কানে তুলিস না। কোনো পদ্ধতি গ্রহণ করিস না। তাইলে নিজের পায়ে নিজেই কুড়াল মারবি। তুই কী কচি খুকি যে একটা বাচ্চা পালতে পারবি না? যাগো বিয়ার পর স্বামী মইরা যায়, স্বামী বিদেশে থাকে বা স্বামীর লগে ছাড়াছাড়ি হইয়া যায়, তারা একা হাতে পোলাপান বড় করতেছে না? তাইলে তুই পারবি না? আল্লার হুকুমে যদি বাচ্চা প্যাটে আসে, আইবো। এইটাতো আরও খুশির খবর।"

ভাবীর কথায় সুর মিলিয়ে আমিও বললাম,

"হ্যাঁ আপা, তাদের কথা ধরা হবে তোমার বড় বোকামি! কোনো সতর্কতা অবলম্বনের দরকার নাই। ভাগ্যে যা আছে, তাই ঘটবে।"

আমার ও ভাবীর কথায় আপার মনোবল ও সাহস বেড়ে গেল। আপার মুখের হতাশভাব দূর হলো। বেড়ানো শেষে আপা শ্বশুরবাড়ি চলে গেল। যেহেতু আপার বয়স্ক স্বামী ঘরে, তাই আপা চাইলেও একা ঘরে উনাকে রেখে আসতে পারত না। মাঝে মাঝে যেদিন আসত, উনাকে সারাদিনের জন্য রান্না করে দিয়ে আসত।

আপার আসার চেয়ে আমরা যেতাম বেশি আপাকে দেখতে। আম্মা কম যেত, সংকোচবোধ করত বলে। আব্বা ও ভাইয়া যেত কয়েক মাস পরপর। ভাবী ও আমি যেতাম বেশি। তবে আপার একমাত্র আদরের ছোট বোন হিসেবে আমার যাতায়াত ছিল পরিবারের অন্য সবার চেয়ে বেশি।

এভাবে আপার সংসারজীবন ভালোই চলছিল। আপার তুলনায় তার স্বামীর বয়স অনেক বেশি, এটা নিয়ে আপার দুঃখবোধ খুব কমই হতো। কেননা বাবার সংসারের পরোক্ষভাবে লাঞ্ছনা-গঞ্জনার চেয়ে সেখানে আপা দিব্যি আছে। গুরুত্ব পাচ্ছে, ভালোবাসা পাচ্ছে, মর্যাদা পাচ্ছে। স্বাধীনভাবে ঘরদোরের কাজকর্ম করছে। যখন যেটা মন চায়, করতে পারছে। স্বামীর দিক থেকে কোনো বাধাবিঘ্ন নেই। সম্পর্কে আপার সৎ তিন মেয়ে তেমন একটা আর আসে না। হয়তো বাবার একটা নিশ্চিন্ত গতি করতে পারল বলে।

বিয়ের ছয় মাস না যেতেই আপা কনসিভ করল। শুনে আমরা সবাই খুশি হলাম। যাক, আপার ভালো থাকার, বেঁচে থাকার জন্য একটা নির্ভরতার মানুষ স্রষ্টা পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছেন।

আপা কীভাবে চলবে, কীভাবে নিজের যত্ন নেবে, সব আম্মা ও ভাবী আপাকে শিখিয়ে দিল। আমি আপাকে দেখতে ঘন ঘন যেতাম। আম্মা এটা-ওটা তৈরি করে দিত আপার জন্য।

এমন একদিন গিয়ে শুনি, আপার ওপর মানসিক অত্যাচার করছে ইদ্রিসের মেয়েরা ও তাদের স্বামীরা মিলে। তারা বেজায় অখুশি, কেন আপা সন্তান পেটে ধরল, মানা করার পরেও! তারা পিতাকে কিছু বলতে পারছে না। এদিকে আপাকে নাকি ঝাড়িঝুড়ির ওপরেই রাখছে। এবরশন করে ফেলতে জোর করছে। নানান হুমকিধমকি দিচ্ছে।

বাড়িতে এসে সবিস্তারে জানালাম সবাইকে। আম্মা উৎকণ্ঠিত হয়ে উঠল। ভাবীকে নিয়ে আপার সৎ মেয়ের শ্বশুরবাড়ি গেল। আপার হয়ে তাদের অনুনয় করে বোঝাল যে, একটা সন্তান আপার জীবনে কতটা গুরুত্বপূর্ণ! তারা আম্মাকে বুঝ দিল, তারা মেনে নিয়েছে। আম্মা বাড়ি এসে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল।

তারপর অন্য একদিন আবার আমি আপাকে দেখতে যাই। গিয়ে আপার সৎ বড় মেয়ের জামাই জসীমকে দেখলাম। আমি মামা সম্বোধন করে তার সঙ্গে আন্তরিক হয়ে কথা বলতে গেলাম। আপা বাধা দিল আমাকে। নাক-মুখ কুঁচকে সংকেতপূর্ণ ভাষায় বলল,

"এর কাছে বেশি যাইস না। ব্যাটার নজর খারাপ। আমার আপাদমস্তক কেমন কইরা যেন দেখে। আমি শরমে মরি।"

আমি বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলাম। ঘৃণায় গা গুলিয়ে এল। আপাকে জিজ্ঞেস করলাম,

"খারাপ কিছু বলেছে তোমাকে? সে এল কেন? এর আগেও একদিন দেখেছি।"

আপা গাল বাঁকিয়ে বলল,

"কোনো না কোনো কাজ নিয়াই আসে। আমার শ্বশুরবাড়ি। তারও শ্বশুরবাড়ি। কে কারে কী কইবো?"

"ওহ, আচ্ছা। তুমি সাবধানে থেকো আপা।"

তার কিছুদিন পর আপার স্বামীর অসুস্থতা বেড়ে গেল। ডায়রিয়া শুরু হলো। তার তিন মেয়ে ও জামাইরা ছুটে এলো। হাসপাতালে ভর্তি করাল। এভাবে এক মাস গড়াল। তারপর ইদ্রিস ভুঁইয়ার ইহলীলা সাঙ্গ হলো। আপার পরনে রঙিন শাড়ির বদলে সাদা শাড়ি উঠে এল। তার মেয়েরা নামেমাত্র কুলখানি করল তাদের মৃত পিতার নামে।

স্বামীর সঙ্গে প্রায় দেড় বছরের সংসারজীবনের ইতি ঘটল আপার। সাত মাসের গর্ভবতী আপা অকূলপাথারে পড়ে গেল। একদিকে স্বামীহারা, অপরদিকে প্রথম মা হতে যাচ্ছে। এটা একটা মেয়ের জীবনের শ্রেষ্ঠ অনুভূতি! আপার সেই অনুভূতি উপভোগের আনন্দ ভরাডুবি হলো বিধবা হওয়ার সুবাদে।

আমরা পরিবারের সবাই মিলে আপাকে সান্ত্বনা দিলাম। সপ্তাহ শেষে ইদ্রিসের মেয়েরা ও নিকটাত্মীয়রা সবাই চলে গেল। শূন্য ভিটা, শূন্য ঘরে আপা বড় একা হয়ে গেল। আম্মাও ধানের কাজ আছে বিধায় বাড়িতে চলে গেল।

আপা আমাকে রেখে দিল তার কাছে। আমিও স্বেচ্ছায় রয়ে গেলাম। বইখাতা নিয়ে গেলাম। আপার শ্বশুরবাড়ি থেকে কলেজে যাতায়াত করি আমি।

পঁয়তাল্লিশ দিন শেষ না হলে স্বামীর ভিটা ছেড়ে অন্য বাড়িতে গিয়ে থাকতে পারবে না—ধর্মীয় এই নিয়মে আপা বন্দী হলো।

তার পরের সপ্তাহে আমাদের পরিবারের সবাই এলো আপাকে দেখতে। ভাইয়াও এলো। সন্ধ্যার পরে সবাই আপার রুমে বসল। আপার ও তার গর্ভের অনাগত সন্তান নিয়ে নানা কথা উঠল প্রসঙ্গক্রমে।

ভাইয়া বলল,

"যেহেতু ইদ্রিস মিয়া আর নাই, এখন তো শিউলিকে ও তার সন্তান হইলে তাকে আমাদেরই দেখাশোনা করতে হইবো। আমার বোনের কথা আমাদেরই ভাবতে হইবো।"

"হ, সেইটাই। আমি আমার মাইয়ারে ফালাই দিমু মা হইয়া?"

দুঃখী দুঃখী স্বরে বলল আম্মা।

ভাইয়া আব্বা ও আম্মার দিকে চেয়ে বলল,

"আইচ্ছা, ইদ্রিস মিয়া যেই বিশ শতক জমি শিউলিরে দিল, সেইটার দায়িত্ব আমি নিজে নিতে চাই। শিউলি তো সে জমির কিছুই করতে পারব না। সেই জমিতে ধান ফলাইলে যেই কয় মন ধান উঠবো গোলায়, শিউলির তার অর্ধেকও লাগব না বছরে। বাকি ধান বেইচা দিলে শিউলির বাকি খরচাপাতি চালান যাইবো। আর বাড়ির উপরের লাভ তো আছেই। শিউলি হাঁস-মুরগি পালে, সবজি ফলায়।"

শিউলি আপা ভাইয়ার কথায় বেশ সন্তুষ্ট হলো। সহমত প্রকাশ করে বলল,

"ভাইজান ভালো বলছে। গাছের সবজি দিয়াই আমি সালুন রাঁধতে পারুম। শুধু মাছ, মসলা কিনতে হইবো। ঘরের মুরগি ও ডিম তো আছেই। কিনা লাগব না, কুটুম আইলেও।"

আমি সবাইকে মনে করিয়ে দিয়ে বললাম,

"বিয়ের আগে ঘটক যে কইল, এই জমির কথা কেউ জানে না, আপারে লুকায়া দিছে। তাইলে তার মেয়েরা এসে ঝামেলা করবে না?"

"ঝামেলা করার কোনো সুযোগ নেই। স্বামী তার ব্যক্তিগত সম্পত্তি স্ত্রীকে উপহার দিয়েছে। এটা আইনগত ও ধর্মীয়ভাবে সম্পূর্ণ জায়েজ ও বৈধ।"

শক্ত গলায় বলল ভাইয়া।

তারপর তারা সবাই বাড়িতে চলে গেল। ভাইয়া রেজিস্ট্রি অফিসে গিয়ে আপার নামের সেই দলিল তুলে নিজের কাছে রাখল।

একদিন বিকেলে আমি কলেজের মাঠ পার হয়ে রাস্তায় গিয়ে দাঁড়ালাম। তখন আচমকা দেখা হয়ে গেল আমাদের পাশের বাড়ির হেলাল ভাইয়ের সঙ্গে। উনি আমার পথরোধ করে উষ্ণ হেসে বললেন,

"কিরে বকুল ফুল, আজকাল ডুমুরের ফুল হয়ে গেলি দেখি? তা বকুল ফুল থেকে ডুমুরের ফুল হয়ে গেলি কেন?"

"হেলাল ভাই, সবসময় ইয়ার্কি নেওয়া যায় না। আমার আপার লাইফে কত বড় ঘটনা ঘটে গেল, জানেন না?"

গোমড়া মুখে জবাব দিয়ে বললাম।

হেলাল ভাই সিরিয়াস মুডে বললেন,

"না জানব কেন, বকুল? শিউলি আপার জন্য আম্মাকে অনেক আফসোস করতে দেখলাম। অনেক দিন ধরে তোকে দেখি না। তোদের বাড়ি গিয়ে জানলাম, তুই এখন উজিরপুর গ্রামে থাকিস। শিউলি আপার কাছে। আমার কথা তোর মনে পড়ে না, অষ্টাদশী?"

"কেন মনে পড়বে, হেলাল ভাই?"

চোখের পাতা ঝাপটিয়ে জানতে চাইলাম।

"পড়ার মতো কাজ করেছি আমি। তাই।"

"ওহ, আচ্ছা। হয়তো। দেরি হয়ে যাচ্ছে। আমি যাই।"

"যা তুই। আমিও আসতেছি শিউলি আপাকে দেখতে। তার ছোট বোনের হবু স্বামী হিসেবে আমারও তো দায়িত্ব আছে। নাকি বলিস, বকুল ফুল?"

হেলাল ভাইয়ের আবেগী কথায় আমার হৃদয়ের বেগ গতি পেল না। বরং বিরক্তি চলে এলো মনে। তিরিক্ষি মেজাজ নিয়ে পথের ওপর থেকে একটি ভাঙা ইটের টুকরো কুড়িয়ে নিলাম। উনার কপাল বরাবর ছুড়ে মারলাম। উনি কপালে আঘাত পেলেন। আহত হলেন। আমি চলে গেলাম। আমার পেছন পেছন উনিও ফলমূলাদি নিয়ে আপাকে দেখতে গেলেন।

আপা অনেক খুশি হলো। হেলাল ভাইকে নাশতা এনে দিল আপা। আপা তাঁকে সৌহার্দ্যপূর্ণ গলায় জিজ্ঞেস করল,

"আমার শ্বশুরবাড়ি ক্যামনে চিনলি, ভাই?"

"বকুল দিয়েছে, আপা। আসার আগে তার কলেজের সামনে দেখা হয়েছে।"

শুনে আপা আপ্লুত হলো। আমার দিকে চেয়ে হাসল। বুঝে নিল, হেলাল ভাইয়ের সঙ্গে আমি প্রেম করি। বিষয়টা আদৌ তা নয়। আমি চটে গিয়ে বললাম,

"আল্লাহ! আমি কখন ঠিকানা দিলাম, হেলাল ভাই? মিথ্যা কথা বলা কবে থেকে শিখলেন?"

হেলাল ভাই আমার দিকে চেয়ে চোখ টিপ মারলেন। আপাদের গাছ থেকে পাড়া একটি কচকচে পেয়ারায় কামড় বসিয়ে বললেন,

"মিথ্যা থেকে যদি দারুণ কিছুর সূচনা হয়, সেই মিথ্যা আমি রোজ বলতে রাজি।"

"কী দারুণ কিছুর সূচনা হলো এখন?"

বললেন,

"মেয়েদের বুদ্ধি আসলেই ছেলেদের হাঁটুর নিচে থাকে। আমার একটি মিথ্যা বাক্য শিউলি আপাকে একটি পরিপূর্ণ ধারণা দিলো। এভাবে বাকিদের সঙ্গেও মিথ্যা বলব।"

হেলাল ভাইয়ের সঙ্গে আর কথা বাড়ালাম না। আপাদের ঘরের পেছনে চলে গেলাম।

আপা গর্ভবতী বলে স্বাস্থ্য বেড়ে নাদুসনুদুস হয়ে গেল। দেখতেও আগের চেয়ে সুন্দর হলো।

আপাকে দেখার বাহানায় জসীম আসে মাঝেমধ্যে। আপার ভরা শরীরে কামুক চোখে তাকায়। বিষয়টা আমারও দৃষ্টিগোচর হলো। কিন্তু আমার সঙ্গে তার মার্জিত আচরণ! আমি আছি বলে আপার কাছে বেশি ভিড়তে পারে না।

একদিন কলেজ শেষে বাড়ি ফিরতে আমার দেরি হলো। কারণ, ক্লাস শেষে আমার প্রাইভেট ছিল। আপাদের ঘরের ভেতরে পা রাখতেই একজোড়া স্যান্ডেল দেখলাম। চিনতে অসুবিধা হলো না, এটা জসীমের স্যান্ডেল।

আমার চঞ্চল পা জোড়া নীরব হয়ে গেল। পা টিপে টিপে এগিয়ে গেলাম একটু সন্দেহপ্রবণ হয়েই। মনে মনে বলি, আজ যদি তোর কোনো কুকীর্তি হাতেনাতে ধরতে পারি, মুখোশ খুলে দেব প্রকাশ্যেই। ব্যাটা খাটাশ! খবিশ! লুইচ্চা!

আপার রুমের পাশে গিয়ে টের পেলাম, ভেতরে সেই খবিশ আছে। আড়ি পেতে রইলাম হার্ডবোর্ডের বেড়ায় কান লাগিয়ে। চাপা স্বরে জসীম আপাকে বলছে,

"শুনেন শিউলি ফুল, তারা তিন বোন আর বাকি দুই জামাই যেই প্ল্যান করছে, তা আমি জানি। আপনে জানেন না। আপনে কী মনে করেন, আপনার সন্তানকে তারা সত্যি মেনে নিলো? একদম না।..."

চলবে...২

Picked up where you left off

Conversation

(0)

Log in to join the conversation.

No comments on this chapter yet.