নষ্ট মানুষ কষ্ট করে, হতে চাচ্ছে স্পষ্টবাদী।
স্বাস্থ্যটাকে রাখতে ভালো, খাচ্ছে কলা কাদি কাদি।
আওড়াচ্ছে দিনে রাতে, মিষ্টি কথার কত ফুলঝুড়ি।
বলে মেয়েদের লাগে ভালো, স্কার্ট ছেড়ে পড়লে শাড়ি।
শিশুদেরকে স্কুলে যেতে, বলছে গিয়ে বাড়ি বাড়ি।
চরাঞ্চলে গিয়ে বলছে, করোনা ভাই মারামারি।
ভুলে যাচ্ছি দিনে দিনে, সৃষ্টির সেরা মানব জাতি।
দেখে কত আহাজারি; পিঁপড়াকে লেপ্টালে হাতি।
গাছের গোড়ায় দিচ্ছে পানি, ঝরে গেলে একটি পাতা।
প্রখর রোদে পথিকেরে- এগিয়ে সে দিচ্ছে ছাতা।
রাস্তাঘাট আর স্কুল কলেজে ঢালছে টাকা অকাতরে।
বাবার স্বপ্ন করবে পূরণ, নিজের হাতে দেশটা গড়ে।
মেয়েদের আর মাল বলেনা, ডাকে এখন আম্মু বলে।
গরিবকে দান করে দিচ্ছে, নিজের গায়ের জামা খুলে।
নিজে কভু খায় না খাবার, কাউকে রেখে অনাহারি।
শুনেছি, সে অনাথ আশ্রম খুলছে নাকি নিজের বাড়ি।
পাঁচ ওয়াক্ত মসজিদে যায়, সব সময়-ই তসবি জপে।
সুন্নতি বেশ করছে ধারণ, বুক পর্যন্ত দাড়ি রেখে।
এতবড়ো টপ টেরর টা, কেমনে হলো এতো ভালো।
মনের মধ্যে প্রশ্ন জাগে, নির্বাচন কি এসে গেল।