Posts

চিন্তা

তাদের প্রতি নিবেদন

January 31, 2026

MST. MOKARROMA SHILPY

12
View

সুপ্রিয় সহকর্মীবৃন্দ,

আসসালামু আলাইকুম। আজকের দিনটা আমার জীবনের এক অনির্বচনীয় অনুভূতির ও স্মরণীয় একটি দিন। মাত্র দশ মাস আগে যখন এই অফিসে যোগ দিয়েছিলাম, তখন জানতাম না এই সময়টুকু এতটা গভীর হয়ে আমার জীবনে স্থায়ী ছাপ রেখে যাবে। দশমাসের মধ্যে  ছয় মাসই ছিলাম ফাউন্ডেশন ট্রেনিং এ আর প্রায় দুসপ্তাহ ছিলাম অন্যান্য ট্রেনিং এ,, বাকি মাত্র সাড়ে তিন মাস এই উপজেলায় কাটিয়েছি। এই ছোট্ট চাকুরি কাল আমার জীবনের অন্যান্য যেকোন সময়ের চেয়ে অনেক আলাদা ও অসাধারণ ছিল, যার প্রতিটি মুহুর্তেই আমি কিছু না কিছু শিখেছি। এটি সত্যি আমার জীবনের একটি টার্নিং পয়েন্ট ছিল, খুব খুব মনে থাকবে, জীবনের প্রথম উপজেলায় চাকুরীর অভিজ্ঞতা টক-ঝাল-মিষ্টি--দারুন উপভোগ্য ছিল। আর এ প্রাপ্তির পুরো কৃতিত্বটাই আপনাদের, যাদের ছত্রছায়ায় ছিলাম আমি।

এই সময়ের মধ্যে আমি যেমন অনেক কিছু শিখেছি, তেমনি পেয়েছি আপনাদের অফুরন্ত ভালোবাসা, সহযোগিতা ও বন্ধুত্ব। উপজেলা কৃষি অফিসার স্যারের নেতৃত্বে আমরা ছিলাম একটি পরিবারের মতো— যেখানে ছিল আন্তরিকতা, দায়িত্ববোধ, ও ভালোবাসার বন্ধন।
 

উপজেলা কৃষি অফিসার স্যার, আপনি ছিলেন আমার কাছে এক জলন্ত প্রেরণা, এক উজ্জ্বল অগ্নি শিখার মত,আপনার আত্মবিশ্বাস, মনোবল ও দৃঢ়তা আমাকে শুধু অনুপ্রাণিত করেনি আমার চিন্তাশক্তিকে আরো উন্মোচিত ও শাণিত করেছে।
 

অতিরিক্ত কৃষি অফিসার, হেনা স্যার ও কৃষি সম্প্রসারণ অফিসার, টুসি আপনাদের উদার আচরণ ও কাজের প্রতি নিষ্ঠা আমাকে মুগ্ধ করেছে। 
 

উপসহকারী কৃষি অফিসার বৃন্দ,আপনারা মাঠে কাজের প্রকৃত সৈনিক। আপনাদের অক্লান্ত পরিশ্রম, কৃষকের পাশে দাঁড়ানোর নিষ্ঠা সত্যিই শ্রদ্ধার দাবি রাখে। 
 

মন্জুরুল হাসান সাহেব, মিজানুর সাহেব, মনোয়ারা, ফজলে কামিল সাহেব,আরেফা,কবির সাহেব,খায়রুল সাহেব,আবদুল্লাহ সাহেব, আরজু, শাহাদাৎ সাহেব,শাহীন মিয়া সাহেব,শাহীন আলম, নাজমা,শর্মিলা, রুনা, রিপন,শাবানা প্রত্যেককেই আমার খুব মনে থাকবে।
 

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, নাজমুল সাহেব আপনার উপস্থিত বুদ্ধি, কলাকৌশল ও দায়িত্ব পালন আমাকে মোহিত করেছে। অফিস সহকারী জাহিদ সাহেব আপনার শান্তশিষ্ট স্বভাব ও ভদ্রতা সত্যিই প্রশংসার দাবিদার।  দেবাশীষ,  অাপনার সারল্য ও কর্তব্যনিষ্ঠা আমাকে অভিভূত করেছে, স্প্রে মেকানিক সেলিম,আপনার কাজের প্রতি উদারতা ও একনিষ্ঠতা এক কথায় অসাধারণ।
 

মোস্তফা সাহেব,সাবু সাহেব,পারভেজ সাহেব,লুৎফর সাহেব,তুষার সাহেব, খালা আপনাদের সবার নিরবে কাজ করার নিষ্ঠা আমার হৃদয় ছুঁয়ে গেছে। আপনারা দেখিয়ে দিয়েছেন যে প্রতিটি কাজের পেছনে থাকে আন্তরিকতা ও ভালোবাসা।
 

এখানে কাটানো প্রতিটি দিন, প্রতিটি কর্মদিবস ছিল আমার জন্য একেকটি শিক্ষার অধ্যায়। হয়তো সময় কম ছিল, তবুও এই অল্প সময়ে আমি আপনাদের মাঝে যা পেয়েছি, তা সারাজীবন মনে রাখব।

আমার কোনো আচরণে, কথায়, ভুলে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমা করে দেবেন সহকর্মী ভেবে।

এই বিদায় শুধুই স্থানান্তরের, সম্পর্কের নয়। ভবিষ্যতে অন্য কোথাও থাকলেও পলাশবাড়ী উপজেলা কৃষি অফিস থাকবে আমার হৃদয়ের গভীরে।

শেষে, একটিই প্রার্থনা: আল্লাহ যেন আপনাদের প্রত্যেককে সুস্থ রাখেন, পেশাগত জীবনে আরও সাফল্য দান করেন এবং পলাশবাড়ীকে একটি মডেল কৃষি উপজেলা হিসেবে গড়ে তুলতে সহায়তা করেন।

ভালো থাকবেন। দোয়া করবেন। আর স্মৃতিতে রাখবেন একজন সহকর্মীকে— যিনি এই দশ মাসে আপনাদের পরিবার মনে করে কাজ করেছেন।


 

Comments

    Please login to post comment. Login