১৯৬২ সালের আগস্টের শেষ দিকে Francois Truffaut টানা এক সপ্তাহ ধরে সারাদিনব্যাপী সাক্ষাৎকার নেন Alfred Hitchcock-এর। আলোচনার বিষয় ছিল তাঁর জীবন এবং চলচ্চিত্রজগতের কাজ। ওই বছরের শুরুর দিকে হিচকককে লেখা চিঠিতে ত্রুফো বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিলেন কেন তিনি এত গভীরভাবে তাঁর সাক্ষাৎকার নিতে চান।
প্যারিস
২ জুন ১৯৬২
প্রিয় মি. হিচকক,
প্রথমেই নিজেকে আপনার স্মৃতিতে পুনরায় উপস্থিত করার দুঃসাহস করছি। কয়েক বছর আগে—১৯৫৪ সালের শেষ দিকে—আমি তখন এক তরুণ চলচ্চিত্র-সাংবাদিক। আমার বন্ধু Claude Chabrol-কে সঙ্গে নিয়ে আপনার সাক্ষাৎকার গ্রহণের উদ্দেশ্যে সাঁ-মরিস স্টুডিওতে গিয়েছিলাম, যেখানে আপনি To Catch a Thief-এর পোস্ট-সিঙ্ক্রোনাইজেশনের কাজে ব্যস্ত ছিলেন। আপনি আমাদের স্টুডিওর বারে অপেক্ষা করতে বলেছিলেন। সেখানেই, ব্রিজিত ওবের ও কেরি গ্রান্টকে একটি স্পিডবোটে দেখানো সংক্ষিপ্ত দৃশ্যটি টানা পনেরোবার দেখার উচ্ছ্বাসে, শ্যাব্রল ও আমি স্টুডিও-প্রাঙ্গণের বরফ-জমা ট্যাঙ্কের উপর গিয়ে হুরমুড় করে পড়েছিলাম।
আপনার সেই অমায়িক হাস্যরস আজও মনে পড়ে । আপনি অত্যন্ত সৌজন্যের সঙ্গে সাক্ষাৎকারটি স্থগিত করেছিলেন এবং সেদিন সন্ধ্যাতেই আপনার হোটেলে আমাদের সাথে দেখা করেছিলেন।
পরবর্তী সময়ে, আপনি যখনই প্যারিসে এসেছেন, ওদেত ফেরির সঙ্গে আপনার সান্নিধ্য লাভের সৌভাগ্য আমার হয়েছিল । একবার আপনি সস্নেহে বলেছিলেন—“যখনই হুইস্কির গ্লাসে বরফের টুকরো দেখি, তোমার কথা মনে পড়ে।” আপনার সেই কথা আজও আমার কাছে অমূল্য স্মৃতি হয়ে আছে।
আরও এক বছর পরে আপনি আমাকে নিউইয়র্কে এসে The Wrong Man-এর শুটিং দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন। দুর্ভাগ্যবশত, সে সময় আমি নিজেও চলচ্চিত্র নির্মাণে ব্যস্ত ছিলাম —ফলে সেই আমন্ত্রণ আমার গ্রহণ করা সম্ভব হয়নি।
ইতিমধ্যে আমি তিনটি চলচ্চিত্র নির্মাণ করেছি। প্রথমটি, The Four Hundred Blows, হলিউডে একপ্রকার সাফল্য অর্জন করেছে বলে আমার বিশ্বাস। সর্বশেষ নির্মাণ Jules et Jim বর্তমানে নিউইয়র্কে প্রদর্শিত হচ্ছে।
এবার আমার চিঠির মূল উদ্দেশ্যে আসি। বিদেশি সাংবাদিকদের সঙ্গে—বিশেষত নিউইয়র্কে—আলোচনার সময় উপলব্ধি করেছি যে আপনার কর্মজীবন ও শিল্পসাধনা সম্পর্কে তাঁদের ধারণা প্রায়ই উচ্চমার্গীয় । Cahiers du cinéma-এ আমরা যে ভাবনা আপনার প্রতি প্রকাশ করেছি, তা ফ্রান্সে ফলপ্রসূ হলেও আমেরিকার পাঠকের কাছে হয়তো অতিমাত্রায় বুদ্ধিবৃত্তিক বলে মনে হয়েছে।
যদিও আমি নিজে চলচ্চিত্র পরিচালক তবুও আপনার প্রতি আমার শ্রদ্ধা ক্ষীণ হয়নি—বরং আরও গভীরতর হয়েছে। অনেকেই সিনেমাকে ভালোবাসেন; কিন্তু আপনার মধ্যে আমি দেখেছি সেলুলয়েডের প্রতি এক নিবিড় প্রেম—চিত্রের, গতি ও সম্পাদনার প্রতি এক মৌলিক অনুরাগ। সেই শিল্পসত্তা, সেই সৃষ্টিপদ্ধতির অন্তর্লোকেই আমি প্রবেশ করতে চাই।
এই কারণেই আপনাকে এক টেপ-রেকর্ডকৃত দীর্ঘ সাক্ষাৎকারের প্রস্তাব জানাচ্ছি—প্রায় আট দিনের, মোটামুটি ত্রিশ ঘণ্টার আলাপচারিতা। উদ্দেশ্য কোনো বিচ্ছিন্ন প্রবন্ধমালা নয়; বরং একটি পূর্ণাঙ্গ গ্রন্থ, যা একই সঙ্গে নিউইয়র্কে (সম্ভবত Simon & Schuster) এবং প্যারিসে (Gallimard বা Robert Laffont) প্রকাশিত হতে পারে, এবং পরে বিশ্বের অন্যান্য ভাষায়ও হতে পারে।
যদি এই পরিকল্পনা আপনার ভাল লাগে, তবে আমি আপনার সুবিধাজনক স্থানে প্রায় দশ দিন অবস্থান করতে প্রস্তুত। নিউইয়র্ক থেকে আমি মিস হেলেন স্কটকে সঙ্গে আনতে চাই—তিনি এমন দক্ষ দোভাষী, যিনি একযোগে অনুবাদ করেন এমন স্বাচ্ছন্দ্যে যে আমাদের আলাপচারিতায় কোনো মধ্যস্থতার অনুভূতি থাকবে না। নিউইয়র্কের ফরাসি ফিল্ম অফিসে তাঁর কর্মসূত্রে তিনি চলচ্চিত্র-ভাষাতেও সুপণ্ডিত।
আমার প্রস্তাবিত কর্মপরিকল্পনা হবে সম্পূর্ণ কালানুক্রমিক। প্রথমে আপনার জীবনের প্রারম্ভিক পর্ব—চলচ্চিত্রে প্রবেশের পূর্ববর্তী কাজ, বার্লিন-অধ্যায়—এরপর পর্যায়ক্রমে:
১. ব্রিটিশ নির্বাক চলচ্চিত্রসমূহ;
২. ব্রিটিশ সবাক চলচ্চিত্রসমূহ;
৩. সেলজনিক-পর্বের প্রথম আমেরিকান চলচ্চিত্র ও গুপ্তচরকাহিনি;
৪. ‘ট্রান্সআটলান্টিক পিকচার্স’-এর দুটি নির্মাণ;
৫. ভিস্টাভিশন যুগ;
৬. The Wrong Man থেকে The Birds পর্যন্ত।
প্রশ্নাবলি কেন্দ্রীভূত থাকবে—প্রতিটি চলচ্চিত্রের সূচনাপর্ব, চিত্রনাট্যের নির্মাণ ও বিবর্তন, শৈল্পিক সমস্যাবলি, পূর্ববর্তী চলচ্চিত্রের সঙ্গে সম্পর্ক, এবং শিল্পগত ও বাণিজ্যিক ফলাফল সম্পর্কে আপনার নিজস্ব মূল্যায়ন। পাশাপাশি অভিনয়-নির্দেশনা, সম্পাদনার শিল্প, সংলাপের ভিন্নতা, নতুন প্রযুক্তি, বিশেষ প্রভাব ও রঙের ব্যবহার—এসব বিষয়েও ডিটেইল আলোচনা থাকবে।
গ্রন্থের সূচনায় আমি একটি প্রবন্ধ সংযোজন করব, যার মূল বক্তব্য এই—যদি হঠাৎ সিনেমা আবার শব্দহীন নির্বাক শিল্পে ফিরে যায়, তবে বহু পরিচালকই নিশ্চিহ্ন হবেন; কিন্তু যাঁরা টিকে থাকবেন, তাঁদের মধ্যে আপনি থাকবেন অবধারিতভাবে—এবং তখনই বিশ্ব উপলব্ধি করবে, আপনি আমাদের যুগের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র-নির্মাতা।
এই প্রকল্প যদি আপনার আগ্রহ উদ্দীপিত করে, অনুগ্রহ করে জানান আপনি কেমনভাবে এগোতে হতে ইচ্ছুক। আপনি বর্তমানে The Birds সম্পাদনায় ব্যস্ত; হয়তো কিছু সময় পরে আরম্ভ করতে স্বাচ্ছন্দ বোধ করবেন।
এ বছরের শেষদিকে আমি রে ব্র্যাডবারির উপন্যাস Fahrenheit 451-এর চলচ্চিত্ররূপ নির্মাণে প্রবৃত্ত হব; অতএব আমার আকাঙ্ক্ষা, সাক্ষাৎকারসমূহ ১৫ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর ১৯৬২-এর মধ্যে সম্পন্ন করা যায়।
আপনি সম্মতি প্রদান করলে, আমি প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করব এবং ব্রাসেলস সিনেমা থেকে আপনার যেসব চলচ্চিত্রের সঙ্গে আমার পরিচয় অল্প, সেগুলো পুনরায় দেখব। এতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে; জুলাইয়ের শুরুতেই আমি সম্পূর্ণ প্রস্তুত থাকতে পারবো।
সাক্ষাৎকার-পরবর্তী ক’সপ্তাহের মধ্যে প্রতিলিখিত ও সম্পাদিত ইংরেজি পাঠ আপনার অনুমোদনের জন্য প্রেরণ করা হবে, যাতে আপনি প্রয়োজনীয় সংশোধন করতে পারেন। আশা করি, এ বছরের শেষে গ্রন্থটি প্রকাশের উপযোগী হবে।
আপনার উত্তরের প্রতীক্ষায় রইলাম। প্রিয় মি. হিচকক, আমার গভীর শ্রদ্ধা ও অনুরাগ গ্রহণ করবেন।
ইতি
আপনার আন্তরিক
ফ্রাঁসোয়া ত্রুফো
চিঠি প্রাপ্তির অল্পকাল পরেই Alfred Hitchcock এক সংক্ষিপ্ত তারবার্তায় উত্তর প্রদান করেন—
প্রিয় ত্রুফো,
আপনার পত্র আমার নয়নে অশ্রু এনেছে; আপনার মতো একজনের কাছ থেকে এমন শ্রদ্ধা পেয়ে হয়ে আমি গভীরভাবে কৃতজ্ঞ।
বর্তমানে আমি The Birds-এর শুটিং এ ব্যস্ত; ১৫ই জুলাই পর্যন্ত এই কাজ চলবে, এবং তার পরেই সম্পাদনার দীর্ঘ প্রক্রিয়ায় প্রবেশ করতে হবে।
আমার ধারণা, শুট শেষ হলে এবং কিছুটা সময় পেলে আগস্টের শেষভাগে আমাদের সাক্ষাৎ বিষয়ে আপনাকে পুনরায় লিখবো।
আপনার পত্রের জন্য আবারও ধন্যবাদ—শুভেচ্ছান্তে—
আন্তরিকতাসহ
আলফ্রেড হিচকক
পূর্বমুহূর্তে বইটিকে সমসাময়িক রাখবার উদ্দেশ্যে ত্রুফো আরও কিছু সাক্ষাৎকার গ্রহণ করেন, যেখানে Marnie ও Torn Curtain প্রসঙ্গেও আলোচনা সংযোজিত হয়।
প্রকাশের পর হইতেই Hitchcock/Truffaut চলচ্চিত্রশিল্পের নন্দন ও কারিগরি উভয় দিকের এক অনন্য দিশারী গ্রন্থরূপে স্বীকৃতি পায়। বিশেষত হিচককের কর্মজীবনের সর্বাধিক প্রামাণ্য ও গভীর বিশ্লেষণ বলে একে গণ্য করা হয়। এই গ্রন্থ পরবর্তী প্রজন্মের অসংখ্য পরিচালকের শিল্পদৃষ্টিকে প্রভাবিত করিয়াছে এবং স্টুডিও-ব্যবস্থার ভেতরে থেকেও একজন নির্মাতা কীভাবে ‘অতর’ (auteur) রূপে আত্মপ্রকাশ করতে পারেন, তাহার শ্রেষ্ঠ উদাহরণরূপে হিচককের মর্যাদা সুদৃঢ় করেছে।
১৯৯০-এর দশকের সূচনালগ্নে সাক্ষাৎকারগুলির নবজন্ম ঘটে এক অভিনব উপায়ে। ত্রুফোর জীবনীকার Serge Toubiana পরিচালকের সংরক্ষণাগারে গবেষণাকালে মূল অডিও টেপসমূহ আবিষ্কার করেন। এই রেকর্ডগুলি অবলম্বনে ফরাসি বেতারকেন্দ্র France Culture-এ পঁচিশ পর্বের এক রেডিও-ধারাবাহিক নির্মিত হয়, যা ফরাসি চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে বিপুল সাড়া জাগায়।
পরবর্তীকালে, সমসাময়িক প্রখ্যাত নির্মাতাদের মন্তব্য ও বিশ্লেষণ সংযোজন করে Kent Jones পরিচালিত প্রামাণ্যচিত্র Hitchcock/Truffaut এই ঐতিহাসিক সংলাপের কাহিনি নতুনভাবে উপস্থাপন করে। সেখানে সমকালীন চলচ্চিত্রকারদের মধ্যে উপস্থিত ছিলেন David Fincher, Martin Scorsese, Wes Anderson এবং Olivier Assayas প্রমুখ।
এইভাবে, একখানি পত্রালাপ হইতে সূচিত সংলাপ ক্রমে পরিণত হয় চলচ্চিত্র-ইতিহাসের এক স্থায়ী ও উজ্জ্বল দলিলে—যেখানে দুই মহারথীর আলাপচারিতা শিল্পের অন্তর্গত গূঢ় নন্দন ও নির্মাণশৈলীর অনন্য সাক্ষ্য বহন করে চলছে ।