Posts

কবিতা

বিচার চাইতে আসিনি

March 5, 2026

নাসির ফরহাদ

36
View

আমি বিচার চাইতে আসিনি ।
কোথায় মানবতার ফেরিওয়ালারা,
কোথায় মানবিকতার মানস কন্যা,
আমি ধর্ষণের বিচার চাইতে আসিনি ।
শোনাতে আসিনি অবুঝ শিশুর আর্ত চিৎকার,
কুঁকড়ে ওঠা আর্তনাদ ।

স্লোগানে স্লোগানে মুখরিত হবে রাজপথ,
অগ্নিঝরা বক্তৃতা দিয়ে বাহবা কুড়াবে পাতি নেতা ।
মানববন্ধন করবে অতিমানব বা অল্পমানবেরা ।
কয়েকদিন ভালো ব্যবসা হবে -
টি ভি চ্যানেল আর পত্রিকা ওয়ালাদের ।


মুখরোচক খবর ছাপবে, রাত জেগে টকশো হবে ।
বজ্র কণ্ঠস্বর গর্জন আর হুংকার ছড়াবে -
সোচ্চার হবে অন্যায়ের বিরুদ্ধে ।
কেউ আশ্বাস দিবে, কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলবে
আমার কি লাভ হবে তাতে ।

হয়তো তাদের মধ্যে কেউ আবার শিরোনাম হবে,
বিচারহীনতা দেখে উজ্জীবিত হবে ধর্ষণে ।

জাহেলিয়াতের যুগ, পেরিয়ে এসেছি বহু কাল আগে
এখনতো আধুনিক সভ্য যুগ ।
সভ্যতা যদি হয় কাপড় খোলা, 
সভ্যতা যদি হয় সম্ভ্রমহানি মা বোনের
তবে চাইনা তোর সভ্যতা -
ফিরিয়ে দে আমার ৩০ লক্ষ শহীদের প্রাণ-
২ লক্ষ মা বোনের ইজ্জত ।

খুন ধর্ষণ কি আজ আর মানবতাবিরোধী অপরাধ নয়?
কিসের ভয়ে মুখ লুকাবে ধর্ষিতার বাবা ।
যার সব হারিয়েছে তার আর; কি হারানোর ভয় ।
তোমাদের জন্য রেখে যেতে এসেছি 
বুক ভরা ঘৃণা, মুখ ভরা থু থু, অরুচির বমি, 
খিস্তিখেউড় আর্তনাদ আর কন্ঠক ভবিষ্যৎ ।
আমি আজ বিচার চাইতে আসিনি ।

আমার আর হারানোর কি আছে, কি আছে লোকানোর ই বা, 
যেখানে সমাজ -ই ধর্ষক
যেখানে শিক্ষক ধর্ষক, মৌলবি ধর্ষক, নেতা ধর্ষক,
ধর্ষণের গোলকধাঁধায় আটকে আছে সমাজ, রাষ্ট্র ।
এ যেন এক সীমাহীন বৃত্ত ।


তোমার ও মা আছে, বোন আছে, মেয়ে আছে, প্রিয়তমা স্ত্রী আছে,
এখন তো তোমার পালা ।
কোথায় পালাবে তুমি, মুখ লুকাবে কোথায়………..

আমি তো বিচার চাইতে আসিনি


আমার আর হারানোর ভয় নাই, হারিয়েছি সব ই
বেঁচে থাকার আশা হারিয়েছি, সুখে থাকার স্বপ্ন হারিয়েছি,
সোনালী ভবিষৎ, প্রেমিকের ভালোবাসা, 
খেয়ে পড়ে বাঁচার আশা সব হারিয়েছি আমি ।
প্রতিরোধের দেয়াল ভেঙ্গে চুরমার যেখানে, 
মরণ পণ লড়াই করে রক্ষা করতে পারিনি নিজেকে ।
লেপ্টে -পিষে লন্ডভন্ড করে দিয়ে গেছে সব
যুদ্ধাহত ভঙ্গুর দেহে আর ঘুরে দাঁড়াবার শক্তি নেই, 
বিচার চাইবার লোক নেই, জায়গা নেই। 

ইচ্ছেটা ও নিজের সাথে সায় দেয় না
আমি বিচার চাইতে আসিনি, 
এখন তো তোমার পালা; মুখ লুকাবে কোথায় ।
কিভাবে নিরাপদ রাখবে তোমার পরিবার, 
মা, বোন, আত্মীয় - স্বজন, আদরের সন্তান
আমি তো বিচার চাইতে আসিনি।

কলিজা আমার হাতের মুঠোয়, হৃদপিন্ডটা ঝুলছে 
স্বাদ গন্ধ হারিয়েছে জিহ্বা! আর চামড়া মাংস তো ছিড়ে নিয়েছে -
জানোয়ারের নখের আঁচড় দাঁতের কামড়
নরক যন্ত্রণা সইতে শিখে গেছি আমি । 
আমি বিচার চাইতে আসিনি, ধর্ষণের বিচার।  
এখন তো তোমার পালা
হ্যা এখন তো তোমার পালা….

Comments

    Please login to post comment. Login