Posts

কবিতা

নিরোর বাঁশি

March 27, 2026

নাসির ফরহাদ

114
View

মরে যাক সকলে অভাবে অনটনে

আমার মনেতে শুধু প্রেম জমে।

দুর্নীতি হিংসা রাহাজানি

এসব আমার লাগে মামুলি।

চেতনায় ভাসি আর তেলমারি নেতাকে

স্বীকৃতি পেয়ে যাই বছর শেষে।

ব্যবসাটা জমেছে খুব ভালো

চশমায় আড়াল করি ভোরের আলো।

খুন ধর্ষণ দেখে চুপ থাকি

থাকি সদা আলোর কাছাকাছি।

চারিদিকে শুধু জয় জয়কার

কবি থেকে হয়ে গেছি কবিরাজ।

মাঝে মাঝে পদ ধূলি পীরের বাড়ি

কানে ঢুকে না কারো আহাজারি।

বৃষ্টির দিকে থাকি ছাতা ধরি

ক্যামেরার সামনে হুমড়ে পড়ি।

ফেসবুকে ফলোয়ার ঝাঁকেঝাঁকে

বেঁধে রেখেছি কতো প্রেমরসে।

ধ্বংস হয়ে যাক দেশ ও জাতি

আমার হাতে থাক নিরোর বাঁশি।

Comments

    Please login to post comment. Login