Posts

কবিতা

বৈশাখ এলো

April 30, 2026

নাসির ফরহাদ

5
View

নববর্ষে নতুন দিনে ফুলে ফুলে ভরে যাক বাগ। 
দুঃখ গ্লানি সুপ্ত ব্যথা মনেতে আজ সুপ্ত ই থাক। 
এমন দিনে মনের কোণে বাজুক সদা নব এক গান। 
নতুন কচি পাতার ফাঁকে পাখিরা দিক ঐকতান। 
তানপুরাটা আজকের দিনে বেজে উঠুক নতুন সুরে। 
দক্ষিণ হাওয়া মাতাল হয়ে, যাক না বুকে দোলা দিয়ে। 
ষোলআনা বাঙালিয়ানা অনুভূত হোক মনের মাঝে। 
দিনের শুরু হোক না আজ শানকি ভরা পান্তা ভাতে। 
মেলায় কেনা তাল পাখাতে শান্ত হবে মনের ঝড়। 
নানার রকম মাটির পাত্রে সেজে উঠবে কৃষকের ঘর। 
শিশু কিশোর উঠবে মেতে লাটিম বাঁশি খেলনা পেয়ে। 
লাল চুড়ি আর লাল ফিতাতে নাচবে কিশোরী মেয়ে। 
এমন দিনে গাছে গাছে আম কাঁঠাল আর লিচুর মেলা। 
হালখাতাতে মহাজনের মনে ভাসে খুশির ভেলা। 
নববর্ষে গরিব চাষী গাড়ছে ঘরে নতুন খুঁটি।
দুঃখ জ্বালা ভুলিয়ে দিতে কালবৈশাখীর ধরতে টুঁটি।  
বৈশাখ এলো বৈশাখ এলো ফলের গন্ধে মম করে 
বটের মূলে বসছে মেলা ঢাকের তালে মাতাল করে।

Comments

    Please login to post comment. Login