Posts

কবিতা

ফোন আর আসে না

May 10, 2026

নাসির ফরহাদ

8
View

একটা নাম্বার থেকে ফোন আর আসেনা।
রিং বাজছে কলটা কেটে দিয়ে কল করবো,
ডায়াল করার সময় টুকু
অপেক্ষা কারার সময়টা তার নেই, 
একটুতেই কতো অস্থিরতা।
তারপর রিং হতে না হতেই রিসিভ

কাঁপা কাঁপা আতংকিত কন্ঠে -
কিরে ভালা আছতনি।
কতখন দৈরা ফোন দিতাছি,
এ্যাতখন লাগল কিয়ারে ফোনডা দরতে। 


তর শরিলডা বালাত, 
বেইন্নালা নাস্তা করছতনি,
কতদিন অইলো তর মুকটা দেহিনা।
কয়দিন দইরা খোয়াবডা অ বালা দেহিনা। 
তুই বালা আছততো।


এক নিমিষে বলে যাওয়া আরো কতো কথা, 
এ দিক থেকে কিছু বলার সুযোগটা ও নেই।

একটা নাম্বার থেকে ফোন আর আসেনা।
আর কথা শেষ ফোনটা রাখার সময়।


বালা কইরা খাইচ শরিলডার যত্ন নিছ,
কুডে কুডে থাহচ, হিয়ানো তরে ক্যাডায় কইব, 
কেডায় দেইক্কা রাগব,
হগ্গলের লগে মিল্লামিস্সা থাহিছ।
বালা কইরা পরালেহা করিচ।

মানসের মতন ম্মানস অওন লাগবোত, 
উইত্তর পারার বর সায়েবের মতন।
তুই ও এগদিন বরসায়েব অইয়া আইবি 
আর আমি চাইয়া থাইক্কাম।
জব্বর খুছি অইয়া যাইব মনডা রে।
আল্লায় জানি এ্যাত্তদিন বাচায়া রাগবনি।

আরে হুনছনা আমরার কালা ছাগলডায় 
তিনডা ছাও বিয়াইছে,
ছাওডি কি তিরিং বিরিং কইরা ফালায় 
তুই যদি দেকতি, 
কত্ত খুশি অইতি।

পুয়ুইরের পার আলোইন্না গাছটাত বরুই দরচে, 
তরলাইগ্গা পাইরা হুগাইয়া রাকছি।
তুই আইলে মিডাই দিয়া পাগাইয়া দেয়াম।
তরদো আবার পাগাইন্না বরুই কতপচন্দ,
কত বালবাছ তুই পাগাইন্না বরুই।

এমন আরো কতো আবেগ মাখা কথা।
একটা নাম্বার থেকে ফোন আর আসেনা।

এইদো পশ্শুদিন তর মাসিগারার খালায় আইছিল
তর কতা জিঙ্গাইলো। 
তরে লইয়া কতো স্মৃতি আওরাইলো।
কবে আইছিলি, কত বর অইছত। 
আবার কোন দিন আইবি।
আইলে তরে লইয়া যাইতাম কইয়া গেচে।
তরে নাকি কত্তদিন দেহে না।

একটা নাম্বার থেকে ফোন আর আসেনা।


হ্যাল হ্যাল আরে হুনছনা 
পুয়ুর ঘরের চালডাত কত্লা ছৈ দরচে।
তুই দো আইলিনা, 
তর লাইগ্গা খাসির দানা কৈরা রাকছি।
তুইদো আবার খাসির দানা বালবাছ।


হ্যাল হ্যাল আরে হুনচনা

কাজলির পোলাডা না আডা হিক্চে
তিরিং বিরিং কইরা দুইল্লা দুইল্লা আডে
আর কুদ্দুর পর পর দুপ্পুর অইয়া পড়ে।
আর কি কান্দন।

কুদ্দুর কুদ্দুর কতা ও কৈত পারে,
দুইডা মানিক ও উটচে।
অ্যাক কৈরা দেহাইয়া রাহে।

তারে দেকলে তর কতা মনে পরে।


তুইঅ ছোইট্টা বেলায় কুদ্দুর কুদ্দুর আটতি 
আর দুপ্পুর অইয়া পইরা,
ম্যা কৈরা চিল্লাইয়া দিতি।

হ্যাল হ্যাল আরে হুনতাছতনি
হুম শোনছি! বল
তুই কতা কছনা ক্যা। 
শইলডা বালা না। 
খাইছতনি বেইন্নালা।

একটা নাম্বার থেকে ফোন আর আসেনা।

হ্যাল হ্যাল
আরে আমি কি ফোনদিতাম পারিনি, 
জরিনাডায় আইলে কুদ্দুর ফোন দিয়া দেয়।
কত্তদিন তর লগে কতা কৈ না।

এই না পরশু দিন কথা বললা।

পশ্শুদিন হেইডা দো ম্যালা দিন আগে।
কাউল্কা মাদাইন্নালা তরে ফোন দিতাম চাইলাম।
আমি কি আর ফোন দেওন বুজি, 
জরিনাডায় আইলে কুদ্দুর ফোন দিয়া দ্যায়। 
তহল কতা কৈ।

তুইদ ফোনঅ দেছনা।
নে জরিনার লগে কতা ক

হ্যালো আসসালামু আলাইকুম ভাইজান, 
কেমন আছেন?


ওয়া আলাইকুম আস সালাম, হুম ভালো আছি 
তুই কেমন আসস জরিনা। 
লেখা পড়া করস তো না কি 
ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াস।

না ভাই জান আমি এখন ক্লাস নাইনে উঠছি।

আচ্ছা মায়ের খেয়াল রাখিস।

তা আর বলে দিতে হবে না ভাইজান।

আচ্ছা মায়েরে দে

একটা নাম্বার থেকে ফোন আর আসেনা।

আচ্ছা এখন রাখি মা, একটু কাজ আছে, 
শরীরের খেয়াল রাইখ।

হ তুই তো খালি কাম করছ,
কত্তদিন পরে কুদ্দুর কতা কৈতে আইলাম.....
অভিমানের সুর জরানো কন্ঠে-

আরে হুনছনা সাদা আসটায় না ডিমা পারচে, 
তর লাইগ্গা রাইক্কা দিচি।
তুই ত আগে আসের ডিমা লুহাইয়া লুহাইয়া নিয়া 
দানের ডেগ হিজাইয়া খাইতি।
মন আচেনি ত্যর।

হুম মা মনে আছে!

ফোনদিচ কৈলাম আমি কি আর ফোন দিতাম পারি। 
জরিনাডায় আইলে....

আচ্ছা মা রাখি
আজ অনেক দিন হলো ,
ঐ নাম্বার থেকে ফোন আর আসেনা।
অনেক দিন,


একটা নাম্বার থেকে ফোন আর আসেনা।
অনেক দিন
অনেক দিন।….

Comments

    Please login to post comment. Login