Posts

গল্প

মরমীদের মায়াজাল

June 26, 2026

Abu Hanif

Original Author মোঃ আবু হানিফ

59
View
মরমী শিল্পী আব্বাস উদ্দীন 

প্রেম, ভালবাসা, হাসি, আনন্দ শব্দগুলোর পিছনে একটা ভাব বা আধ্যাত্মিক শক্তি লুকায়িত থাকে। যাকে চোখে দেখা যায় না, অনুভব আর অনুভূতির ছোঁয়া দিয়ে তাকে ছুয়ে দেখতে হয়। তাকে ছুঁতে গেলেই সহানুভূতি, দরদযুক্ত দরদী আর মরমী হতে হয়। যুগে যুগে বহু কবি প্রেম, ভালবাসা আর বিচ্ছেদের মায়াজালে মরমী উপাধিতে ভুষিত হয়েছেন। তেমনিই বিদায়ের হাতছানিতে এক মরমী সাধকের আহ্বান তার বন্ধুর কাছে; 

 "বন্ধু, নাগাল পাইলে কইয়গো প্রাণসই, 

আমার বাড়ি আইতো।

একবার আইসা দেইখ্যা যাইতো।।"... 

মরমী শিল্পী আব্দুল আলীম 

বন্ধুর আহ্বানের পংক্তি দুটি গভীরভাবে অনুধাবন করেনতো? শিক্ষা-দীক্ষা বিহীন মরমী সাধক, কবি, বাউল তার জ্ঞানের গভীরতার আধ্যাত্মিক অনুভূতি, দর্শন আর চিন্তাশক্তির বিকাশ ঘটিয়েছেন উক্ত পংক্তি দিয়ে। কি মানষ-মনে সাজিয়েছেন বিচিত্র এই পংক্তির ছড়া, যা যুগে যুগে বহমান। তাদের প্রতি নেই কোন অভিযোগ আর অনুযোগের ছোঁয়া, তারা আছে প্রতিটা মানুষের অন্তরে হৃদয়ে, তাইতো তারাই মরমী।।

দুদিনের এই দুনিয়ায় কেন এত আশা-আকাঙ্খা আর ব্যাকুলতা? মরমীকে জিজ্ঞেস করেন, হয়তো উত্তরও পেয়ে যাবেন যা বহু মরমী কবি, বাউল, সাধক তার অন্তর্দৃষ্টিতে উত্তর দিয়েও গিয়েছেন। জীবন আর যাত্রা একই সূত্রে গাঁথা হলেও, যে পর্দায় তারা সংসারের সুর বেঁধেছিলেন তা বাঁধাই চলে কিন্ত বাজানো চলে না। তাইতো জীবন যন্ত্রের সমস্ত তারগুলো আলগা করে যে জীবনের অন্তহীন যাত্রা সে তার হৃয়দকেই চিনতে পারে না। মানুষের সুখে দুঃখে হাসে  কাঁদে, বাঁচে মরে, কিন্তু তার নিজের মধ্যে যে রহস্যময় জগৎ রয়েছে, তা কোন্ কোঠায় কি সঞ্চিত আছে তা সে নিজেও জানে না। 

মরমী শিল্পী শাহ আব্দুল করিম 

প্রাকৃতিক সৌন্দর্য আর বাতায়ন মরমীদের কাছে টানে না। যার জন্য মায়াময় জীবনের আশা ত্যাগ করে গৃহত্যাগী বা সন্ন্যাসী সেজেছেন, সেতো শুধু তার পিঞ্জরের একাংশ। এই বহুরুপী পিঞ্জরে তারই বসবাস যার মায়ায় গৃহত্যাগী হয়ে সুখ-দুঃখের কৌতূহলী জীবনের মানে খুঁজে বেড়ান বনে-বনান্তরে (জঙ্গলে)। মরমীদের জাগতিক মোহ কাছে টানে না, কি বা কার আশায় তারা গৃহত্যাগী? স্রষ্ঠার সাথে সৃষ্টির, আত্মার সাথে পরমাত্মার, গুরুর সাথে ভক্তের, প্রেমিকের সাথে প্রেমীর কি যেন এক অদৃশ্য বাধঁনেই হয়তো তাদের জীবন গাঁথা। কেমন জানি এক উদাসীন জীবন, অদ্ভুত এক কোমল আলো খেলা করে তাদের মুখ-মন্ডলে। জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, তাদের ধ্যান ও জাগতিক পরিসীমার গন্ডি কি জগতের না পরকালের?

মরমী শিল্পী লালন ফকির

মরমী, সাধক ও সন্ন্যাসী বলে কি তাদের সাফল্য নেই? ওরা জন্ম নিবে যুগ-যুগান্তরে, অনন্তকাল ধরে... তবে জিজ্ঞাসা নিজেকে;.. 

অনেক কিছু জেনেছ তুমি, পড়েছ হাজার বই,

কিন্তু কখনও পড়েছ কি, নিজেকে?

তোমার ভেতর যে তুমি আছে,

তাকে তুমি খুঁজলে কই?

--আবু হানিফ--

Comments

    Please login to post comment. Login