
এই ছোট্ট জগৎ সংসারে কে সুখী ? আমি না তুমি ? পৃথিবীতে যদি দুঃখ না থাকতো তাহলে সুখের কোন মর্যাদায় থাকতো না। সব মিলিয়েই আমাদের ছোট্ট এ জীবন। হাসি -কান্না ও সুখ-দুঃখ সবকিছু মিলিয়ে যে দিন অতিবাহিত হয় সেটাই আমাদের জীবন পরিসরে ছোট্ট এক জীবনের গল্প। কিছু গল্প থাকে ভালোবাসার, কিছু ভালো লাগার। কিছু স্বপ্নের, কিছু দুঃস্বপ্নের। কিছু গল্প বেঁচে থাকার, কিছু অনুভূতির, আবার কিছু নিজেকে শেষ করে দেয়ার। এই পৃথিবীতে অগণিত মানুষের জীবন যাত্রা। হাঁটি হাঁটি পায়ে যে জীবনের অধ্যায় শুরু তা চলতে চলতে একটা সময় শেষ হয়ে আসে নিভু নিভু জীবনের পথচলা ও পৃথিবীর বুক থেকে চিরতরে চলে যাওয়ার এক অন্তিম প্রদীপ গল্প। আর এভাবেই চলছে যুগ থেকে যুগান্তরে বিধাতার লেখা প্রাকৃতিক নিয়মে। একটা মানুষ যদি তার জীবনের প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত খন্ড খন্ড করে জীবনের গল্প সাজিয়ে লেখার ইচ্ছা করে তাহলে কয়টা গল্প হতে পারে? আর কতোদিনেই বা সময় লাগতে পারে এই গল্পের সমাপ্তিতে? এটা কখনো সম্ভব কি না যে, একটা মানুষের জীবন পরিসরে হরেক রকমের গল্প থাকে। কিছু হাসির, কিছু দুঃখের, কিছু ভয়ংকর, কিছু কষ্টের আবার কিছু আনন্দের। এই উপলব্দীগুলোই মানবদেহের পিঞ্জিরায় আটকে থাকা অতিবাহিত হওয়াই এক একটা মানুষের জীবন গল্প।
পৃথিবীতে বেঁচে থাকা মানুষের মধ্যে কেউ বলতে পারবে না আমি সবসময় একই রকম ভাবে সময় কাটাই। আবার কেউ এটাও বলতে পারবে না আমি আমার জীবনে শুধু সুখে কিংবা দুঃখে দিন কাটাই। কিছু সময় খারাপ ও ভালোর সমন্বয়ে এভাবেই চলছে পথচলা ও চলবে মানুষের জীবন। অবশ্যই দুঃখ আছে বলেই সুখের এত মর্যাদা, আবার ওপর দিকে সুখ আছে বলেই দুঃখটা এত কষ্টের। যেমন দিন আছে বলে রাত এত অন্ধকার তেমনি রাত আছে বলেই দিন এত আলোকিত। একটা আরেকটা থেকে কম কিছু নয় যা অন্যের পরিপূরক। সুখের সময় গুলোতে আমরা যেমন অনেক বেশি আনন্দে থাকি ও সুন্দর কিছু মুহুর্ত কাটাই ঠিক তেমনি খারাপ দিন গুলোতে কষ্ট না পেয়ে নিজেকে শক্ত করে হাল ধরা প্রয়োজন। আমাদের ছোট্ট জীবন চলার পথে যা কিছু ভালোর জন্য হয় সেটাই আমাদের ভাগ্য, আর মেনে না নেওয়াটাই হলো নির্মমতার ও নির্মম পরিহাসের ছোট গল্প।
হতাশার মাঝেও আলো আসে খোজেঁ -ফিরে। তাই বলেতো জীবনটা হতাশার নয়। এটা সাময়িক, এই ছোট্ট সময়ের দীর্ঘ পথ সুখ-দুঃখই আপনার চিরসাথী। দুঃখের ভারাক্রান্ত যবনিকার পর আপনি এতটা আনন্দিত হবেন সুখই যেন আপনার চিরসাথী, যা আপনি পূর্বেও ছিলেন না। দুঃখের ভারাক্রান্তে নিজেকে কখনো ছোট ভাববেন না ও আপনি শেষ হয়ে গেছেন এমনটাও মনে করবেন না কারণ সুখ আর দুঃখ, ভালো ও খারাপ সময় এই সকল কিছু নিয়েই আমাদের এই ছোট্ট জীবন। কথায় আছে আমাদের জীবন চক্রে সুখ আর দুঃখ সমান ভাবেই বন্টিত। আজ যাকে আপাত দৃষ্টিতে আমরা সুখী ভাবছি, তারও জীবনে কোন না কোন দুঃখ, বিষাদ হয়তো লুকিয়ে আছে। আসলে সুখ বা দুঃখের বিচার হয়তো আমরা এভাবেই করি যে আমার কাছে কি আছে বা নেই? আসলে, ভারসাম্যতা বজায় রাখার জন্যই উপরওয়ালা হয়তো পৃথিবীতে সবাই কে একসাথে সুখী বা সবাইকে একসাথে দুঃখী করেন না। বহমান জীবনে জন্ম মৃত্যুর দোলাচলে সুখ ও দূঃখের অনুভূতিতে দু'টি পঙক্তিকে স্মরণ না করলেই নয়;
সুখ আর দুখ নেই সেদিন থেকে..........
--আবু হানিফ--