আজ পুরোনো একটা আলমারি গুছাতে গিয়ে কয়েকটি চাবি পেলাম। কোন তালার চাবি, মনে করতে পারলাম না। হয়তো যে তালাগুলো একদিন খুব গুরুত্বপূর্ণ ছিল, সেগুলোই আজ আর নেই। হঠাৎ মনে হলো, মানুষের জীবনও বুঝি এমনই।একসময় কত কিছু আঁকড়ে ধরি। একটা বাড়ি, একটা পদ, একটা পরিচয়, কিছু মানুষ। মনে হয়, এগুলো ছাড়া বাঁচা অসম্ভব। অথচ সময় খুব ধীরে ধীরে সব তালাই বদলে দেয়।শেষে দেখি, হাতে শুধু চাবি আছে, খোলার মতো কোনো দরজাই আর নেই।
জীবনের সবচেয়ে বড় স্ক্যাম সম্ভবত এটাই—আমরা স্থায়িত্বের স্বপ্ন দেখি একটি অস্থায়ী পৃথিবীতে দাঁড়িয়ে। এমনভাবে ঘর বানাই, যেন কোনোদিন চলে যেতে হবে না। এমনভাবে কষ্ট জমিয়ে রাখি, যেন ক্ষমা করার জন্য আমাদের হাতে অনন্ত সময় পড়ে আছে। গোরস্থানের পাশ দিয়ে হাঁটলে প্রায়ই ভাবি, সেখানে শুয়ে থাকা মানুষগুলোরও নিশ্চয়ই অনেক অসমাপ্ত কাজ ছিল।কেউ হয়তো ভেবেছিলেন, আগামী মাসে বাড়িটার কাজ শেষ করবেন। কেউ হয়তো শুধু সিদ্ধান্ত নিয়েছিলেন, আগামীকাল ফজর থেকেই নিয়মিত নামাজ শুরু করবেন।
কিন্তু মৃত্যু কারও পরিকল্পনার অপেক্ষা করে না। আমরা প্রায়ই ভবিষ্যতের জন্য বেঁচে থাকি।অথচ জীবন ঘটে আজ।
তওবা যদি করতে হয়, আজই করতে হবে। কাউকে যদি ক্ষমা চাইতে হয়, আজই চাইতে হবে। কারণ 'কাল' নামের দিনটি আমাদের ক্যালেন্ডারে লেখা থাকলেও, আমাদের ভাগ্যে তা লেখা আছে কি না, আমরা জানি না। শেষ পর্যন্ত মানুষ কিছুই সঙ্গে নিয়ে যেতে পারে না।আলমারির চাবি, ঘরের দলিল, ব্যাংকের হিসাব—সবই একসময় অন্য কারও হাতে চলে যায়।শুধু একটি জিনিস কখনো মালিক বদলায় না। সেটা হলো মানুষের আমল।
হয়তো এ কারণেই দুনিয়ার সবচেয়ে মূল্যবান এই সম্পদের কোনো বাজারদর নেই।