কার্তিক মাসের নরম রোদে গ্রামের মেঠোপথ দিয়ে হাঁটতে আমার ভালো লাগে। পথের ধারে বনতুলসী আর বুনো ভাঁটফুল পায়ের নিচে চাপা পড়ে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে দেয়। সেই গন্ধে কেন জানি পুরোনো দিনের কথা মনে পড়ে।মনে হয়, এই পথ দিয়ে আমার আগে কত মানুষ হেঁটে গেছে।কত ক্লান্ত মানুষ, কত স্বপ্ন নিয়ে বের হওয়া তরুণ, কত অভিমানী মানুষ হয়তো এই পথেই একদিন বাড়ি ফিরেছিল। তাদের কারও কথা আজ আর কেউ মনে রাখেনি। পথটা ঠিকই আছে, মাঠ আছে, গাছগুলোও হয়তো নতুন করে বড় হয়েছে,শুধু যারা একদিন এই সবকিছুর মাঝখান দিয়ে হেঁটে গিয়েছিল, তারা নেই। প্রকৃতি বোধহয় এভাবেই বেঁচে থাকে। কেউ চলে গেলে তার খুব বেশি কিছু যায় আসে না। একটা মানুষ চলে যায়, আরেকটা মানুষ এসে তার জায়গায় দাঁড়ায়। নদী বয়ে চলে, মাঠে নতুন ফসল হয়, পাখিরা আগের মতোই বিকেলে ঘরে ফেরে। শুধু মানুষই কিছু জিনিস ভুলতে পারে না। আমাদের জীবনে কত মানুষ আসে। কেউ খুব অল্প সময়ের জন্য আসে, অথচ চলে যাওয়ার পর মনে হয়, একটা পুরো সময়কে সঙ্গে করে নিয়ে গেছে। আবার কেউ অনেক বছর পাশে থেকেও একদিন এমন অচেনা হয়ে যায় যে, তার সঙ্গে কাটানো দিনগুলোর কথা ভাবলেও বিশ্বাস করতে কষ্ট হয়। আমরা সবাই হয়তো পাশাপাশি বসে আছি, একই পথ ধরে হাঁটছি, একই সংসারের মধ্যে দিন পার করছি। কিন্তু মানুষের ভেতরের দূরত্বটা কেউ দেখতে পায় না। একটা মানুষ বাইরে থেকে হাসছে, কথা বলছে, নিজের কাজ করছে—অথচ তার ভেতরে হয়তো একটা পুরো পৃথিবী ভেঙে পড়ে আছে। সে কথাটা কাউকে বলা হয় না। বললেও সবাই বুঝবে না।তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ একটু চুপ হয়ে যায় বোধহয়।সব কথা আর কাউকে বলতে ইচ্ছে করে না। কিছু অভিমান নিজের কাছেই রেখে দিতে হয়। কিছু মানুষকে হারিয়ে ফেলেও স্বাভাবিক থাকার অভিনয় করতে হয়। আর কিছু স্মৃতি থাকে, যেগুলো বহু বছর পর হঠাৎ কোনো বিকেলের বাতাসে, কোনো পুরোনো গন্ধে কিংবা দূরের কোনো শব্দে আবার জেগে ওঠে।তখন বোঝা যায়, সময় সবকিছু নিয়ে গেলেও সবকিছু মুছে দিতে পারে না। কারো বাড়ির দক্ষিণের বারান্দায় হয়তো একসময় কেউ বসে থাকতেন। বিকেলের দিকে সেই জায়গাটায় রোদ পড়ত। এখনো রোদ পড়ে, চেয়ারও হয়তো আছে। শুধু মানুষটা নেই। এভাবেই একদিন একে একে অনেক মানুষ চলে যায়।
যাদের আমরা সবসময় আমাদের পাশে দেখেছি, যাদের উপস্থিতিটাকে এত স্বাভাবিক ভেবেছি যে কোনোদিন তাদের না থাকার কথা ভাবিনি, একদিন তারাই শুধু স্মৃতি হয়ে যায়। তখন পৃথিবীটা আগের মতোই থাকে, কিন্তু আমাদের ভেতরের একটা জায়গা চিরদিনের জন্য খালি হয়ে যায়। তবু জীবন থেমে থাকে না। পরদিন আবার সকাল হয়। মানুষ কাজে যায়। শিশুরা খেলতে বের হয়। বাজার বসে। মাঠে বাতাস বয়ে যায় । শুধু আমাদের ভেতরে কোথাও কোথাও কিছু মানুষ আর ফিরে আসে না । হয়তো এটাই জীবনের নিয়ম। আমরা কেউই এখানে স্থায়ী নই। এত আয়োজন, এত ব্যস্ততা, এত পাওয়া আর না পাওয়ার পরও একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে।
এই পথ, এই মাঠ, এই আকাশ—সবকিছু তখনও থাকবে। হয়তো আমাদের জায়গা দিয়ে অন্য কেউ হাঁটবে। আমাদের মতো করেই কোনো এক বিকেলে সে থেমে দূরের দিকে তাকাবে। আর আমরা? হয়তো তখন এই পৃথিবীর কোনো পথেই আমাদের পদচিহ্ন থাকবে না। শুধু কোনো এক অচেনা বিকেলে, কারও বুকের ভেতর হঠাৎ আমাদের কথা মনে পড়ে একটু শূন্যতা নেমে আসবে