অবিরাম চলছি ছুটে,
কে যেন করছে তাড়া!
পিছনে তাকাতে মানা,
কোনোভাবেই যাবে না থামা,
ছুঁয়ে দিলেই আমি শেষ।
বন্ধুর এই পথ কণ্টকাকীর্ণ,
আঁকাবাঁকা পথটা সংকীর্ণ,
চোরাবালিতে পরিপূর্ণ,
শ্বাপদসংকুল অরণ্য,
সামান্য ভুলেই শেষ।
চাই হই রোদে পুড়ে,
ঝড়ে যাই উড়ে,
জবুথবু বৃষ্টিতে ভিজে,
ভারী বোঝা ঘাড়ে চেপে,
থেমে গেলেই সব শেষ।
চলতে চলতে,
জ্বলতে জ্বলতে,
ক্ষয় হতে হতে,
যেখানে যাব পড়ে,
সেখানেই অবশেষ।