Poetry

আমার দীর্ঘ রজনী

September 1, 2026

57 views

তোমার আকাশেও কি রাত নামে,
আমার রাতের মতন দীর্ঘ?
আকাশের তারা গুনে শেষ করি, তবু
শেষ হয় না আমার দীর্ঘ রজনী।
কতটি রাতের প্রয়োজন
একটি দীর্ঘশ্বাস হতে শেষ?
আদি থেকে শুরু করে মহাপ্রলয়ের পরে 
রয়ে যাবে কি সেই রেশ!
দেখতে কি পাও তা,
বহমান আমার প্রতীক্ষা?
আমার দীর্ঘশ্বাসের ঝাপটায়
তোমার জানালার কপাট
ঝড়ের রাতে বেজে ওঠে।
তুমি কেন খোল না কপাট?
তাই তারা ফিরে আসে আমারই কাছে!
যদি খোল জানালা,
তোমায় ছুঁয়ে,
উচ্ছ্বাসে রূপ নিয়ে
অন্য কোথাও পাড়ি দিবে তারা;
আমাকে জানিয়ে বিদায়
দীর্ঘ রজনী,দীর্ঘ প্রতীক্ষারা!

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login