Poetry

পুনরুত্থান

September 3, 2026

243 views

ইচ্ছে তো করেই নতুন করে শুরু করি সব
নতুন একটা হৃদয় কিনে আনি 
পুরোনোটা বেচে— যদি পাই

চুলে বাম সিঁথি করে নতুন জামায়
বেরিয়ে পড়ি নতুন কোনো প্রেমের সন্ধানে  

নাগরিক জীবন থেকে দূরে আরো দূরে
আলোকিত রাজপথের অভাবে
প্রতারণা যেখানে পৌঁছোতে পারেনা সহসায়

কৃষক বাড়ির সরলা এক তন্বী
সোনালু শ্যাম গায়ের বরণ
কেশোবনে শতাব্দীর অন্ধকার

খয়েরি দু চোখে—
রাজ্যের না পাওয়ার ক্ষ'ত সুনিপুণ বোনা যার
বুকের এক কোণে পরম যত্নে তবু 
টিমটিমে জ্বলে আছে প্রেম তার

মাসিহা হবার আদিমতম প্রেষণা পুরুষের

ইচ্ছে তো করেই
তাকে যাই বলি— আমি এসে গেছি 
চোখ মোছো সহচরী, অবসান হয়েছে অপেক্ষা তোমার

হাত ধরে তার সাঁতরাই হেমন্তের ধানক্ষেতে 
তইতই উড়ি সাথে নিয়ে বুনো হাঁসেদের দল
রূপ চেয়ে যাই ভুলি গত শীতের বিষণ্ণ ভাঙন
তার মুখে তুলে দেই ভাত; গর্ভে নবান্নের ফসল

ইচ্ছে তো করেই নতুন করে শুরু করি সব
নতুন একটা জীবন কিনে নেই
পুরোনোটা বেচে; যদি পাই

অথচ ঘুরেফিরে ঐ একই স্থবিরতা
একই ভ্রমণ, একই গন্তব্য
অপারগতা আর ঐ একই মানুষ

আমাকে সে ডিঙিয়ে যাচ্ছে রোজ 
তার বিদায়ী পথে আমি শুয়ে আছি অনন্তকাল ; 
_________________
• ওয়াসিক ১৩/০৭/২০২৬
আকো মোসলেম লেন

(শতাব্দীর অন্ধকার — এমন কিছু উপমার জন্য জীবনানন্দের কাছে ঋণী) 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • দারুণ ছিল! আপ ভোটেড।

    • জাহিদ ওয়াসিক 4 days ago

      ধন্যবাদ ভাই। আপনিও দারুণ লিখেন।

  • ইচ্ছে তো করেই নতুন করে শুরু করি সব নতুন একটা জীবন কিনে নেই পুরোনোটা বেচে; যদি পাই 👌

    • জাহিদ ওয়াসিক 2 weeks ago

      ধন্যবাদ ভাই..

  • উৎকৃষ্ট উপমার চমৎকার সৃজন👍

    • জাহিদ ওয়াসিক 2 weeks ago

      ধন্যবাদ ভাই..

  • স্নিগ্ধ লেখনী 🌸

    • জাহিদ ওয়াসিক 2 weeks ago

      ধন্যবাদ .. 🌸