Poetry

সিসিফাস

September 6, 2026

62 views

রাতে ঘুম হয় না ইদানিং আমার। বাতি নিভিয়ে সটান শুয়ে থাকি লাশের মতন। অন্ধকারে কী যেন, কাকে যেন খোঁজে দুই চোখ। দুই কান সতর্ক দাঁড়িয়ে থাকে কারো এলানের আশায়।

ভোরের মুমূর্ষু আঁধারে চেয়ে চেয়ে দেখি 
ঘরের দেয়ালগুলো ক্রমশ ছোট হয়ে আসছে আমার
আর চারটে দিন পর তাকে কারাগার বলে ডাকা যাবে
তার চারটে দিন পর কবর

আয়না ঝুলে আছে দেয়ালে পেন্ডুলামের মতন
নিজেকে দেখতে ইচ্ছে হয়না আমার এখন আর

দেয়ালঘড়ির পেটে ভাত নেই 
ঘরে চাল নেই

কিছু একটা করা দরকার

চাকরির বিজ্ঞপ্তি হাতড়াতে হাতড়াতে 
ড্রয়ার খুলে পেলাম 
মায়ের প্রেসক্রিপশন আর
তোমার বিয়ের নেমন্তন্ন

বড্ড দেরি হয়ে গেছে হিমি 
তুমি ভালো থেকো 
সুখে থেকো 
থেকো দুধেভাতে

মে ১৩ ২০২৬
ওয়াসিক

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login