Poetry

একটি কবিতা

September 10, 2026

10
View

প্রেম
  কামরুজ্জামান হেলাল

প্রতিটি ঢেউ ভাঙ্গনের সৃষ্টি করে বেহুলার বাসরে
ব্যতিক্রম শুধু আমাদের চুমুগুলো। প্রতিটি চুমুই আমাদের সম্পর্ককে
সিমেন্ট বালুর মতো শক্ত করে বাঁধে যেন ছিড়ে না যায় কখনো

এ জগতে মানুষের কোনো নিজস্ব বাড়ি নাই। যা আছে সব কৃত্রিম
তবু মানুষের আকাঙ্ক্ষা বিরাট পেঁচার হায়াত নিয়ে বেঁচে থাকতে চায়
আসলে আমাদের বারবার প্রকৃতির নিকট যাওয়ায়ই উচিত
প্রকৃতি থেকে উদারতার পাঠ না নিলে দিনে দিনে আকাঙ্ক্ষাগুলো
সমুদ্রের মতো আরো বড় আকার ধারণ করবে নিশ্চিত

বয়স বাড়ার সাথে সাথে স্মৃতিরাও বুড়ো হয়ে যায় বেশ
ক্রমে ক্রমে দিলের কার্নিশ থেকে ঝরে পড়ে বড়ই পাতার মতো
কতো সহজে ভুলে যাই আমরাও একদিন উলঙ্গ হয়ে সাঁতার কাটতাম
আসলে মানুষ এমনই সভ্যতাকে ব্যাঙ্গ করে সামনে এগিয়ে যায়

দেখো, সূর্যের ছায়ায় সবুজ হয়ে জেগে আছে আমাদের প্রেম
যেন নাক্ষত্রিক কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে স্থির
নিঃসঙ্গ মোহনায় বাজায় মোহন বাঁশি সকাল-বিকাল
প্রিয় ফারহানা!
আমরাও মরে যাবো শুধু আমাদের প্রেম জাগ্রত র'বে অনন্তকাল।

Comments

    Please login to post comment. Login