Poetry

আমার আর কবি হওয়া হলো না

September 10, 2026

4
View

আমার কবি হওয়া হলো না
কামরুজ্জামান হেলাল

কবিতা লিখতে না-পারার বেদনা আমাকে কুরে কুরে খায়
কতবার চেয়েছি কবিতা লিখে কবি হতে
টেবিলের ওপর বইয়ের সংগ্রহশালা বিশাল
রুমি থেকে রবীন্দ্রনাথ, ইকবাল থেকে নজরুল 
নেরুদা থেকে ফররুখ, শেলি থেকে আল মাহমুদ 
আরও কত বিখ্যাতজনের কবিতা পড়ে পড়ে 
নিজেকে করেছি সমৃদ্ধ 
না, তবুও আমার কবিতা লেখা হয়নি

আর কত কবির কবিতা পড়লে আমি কবিতা লিখতে পারবো 
আর কত চেষ্টা করলে আমি কবি হতে পারবো 
সুনীল কিংবা শামসুর রাহমান, বুদ্ধ দেব কিংবা শহীদ কাদরী
কারো কবিতা পড়া বাকি নাই 
তবু আমার কবিতা লেখা হলো না

অথচ বুকের ভেতর কিলবিল করছে আবেগের ঢেউ 
প্রেমের পঙক্তিরা গোলাপ হয়ে ফুটতে চায় অনবরত 
সাদা পৃষ্ঠায় কলম নিতেই ঝরাপাতার মতো উড়ে যায় যাবতীয় ভাবনা
শূন্যতা নেমে আসে কলমের ডগায়

একটা কবিতা লেখার জন্য কত পরিশ্রম করেছি
কত সময় করেছি অপচয় 
নিদ্রাহীন থেকেছি কত রাত
না প্রেম না বিরহ
না বিপ্লবী না স্বৈরাচারী 
কোনকিছু নিয়েই আমার কবিতা লেখা হলো না
হায় আফসোস! 
আমার আর কবি হওয়া হলো না

৭ সেপ্টেম্বর ২০২৬

Comments

    Please login to post comment. Login