বংশধর
কামরুজ্জামান হেলাল
থেমে গেলে গান, থেমে যায় শরণার্থীদের কোলাহল। অভিভাবকহীন নীতির তাণ্ডবে ঝরে যায় কৃষ্ণচূড়ার ফুল। ট্রেনের দুলুনির মতো দুলে ধর্মের গল্প। আহা বিচিত্র বিভেদ অশান্তির ঢেউ নিয়ে আসে মানুষে মানুষে।
এই প্রতারণার যুগে কতটা আর সৎ থাকা যায় বলো। উজ্জীবিত স্লোগানে প্রতারণা, মুষ্টিবদ্ধ হাতে প্রতারণা, প্রেম কিংবা ভালোবাসায়, আড্ডায় কিংবা চায়ের কাপেও প্রতারণা! ছলনার ঢেউয়ে নিমজ্জিত চোখে, কান, ঠোঁট।
হে কল্যাণকামীরা! চলো এক সাথে ধরি সাম্যের কোরাস। আমাদের সম্মিলিত উচ্চারণে মনের গভীরে নির্মিত হোক সুষম বন্টনের বীজ। আমরা তো মানুষের শেষ বংশধর। আমাদের পরে আর কোন নতুন পৃথিবী সৃষ্টি হবে না।
৩১ আগস্ট ২০২৬
