১।
কখন ফিরবে তুমি?
দরজায় তাকিয়ে আমি
যে দরজা ঠেলে তুমি
ফিরবে ঘরে, অন্তর্যামী।
যে দরজা দিয়ে তুমি
বাহিরে যাও ঘরের—
সেই দরজাটি আজ
মণি হয়েছে চোখের।
২।
সে দরজায় তাকিয়ে থাকি
তুমি যে দরজা দুদিকে ঠেলে
আমাদের গৃহের বাইরে যাও,
কখন ফিরবে তুমি—কখন?
কেবল এই ভেবে সবকিছু ফেলে,
তাকিয়ে থাকি দরজার খিলে।
তোমাকে হৃদয়ের গভীরে,
কাতর চোখ দুটোতে রাখি
দরজা খুলে দাড়িয়ে থাকি
চোখ মেলে তাকিয়ে থাকি
হৃদয় খুলে তাকিয়ে থাকি;
সেই দরজাটি বুঝি ওগো
চোখ হয়ে গেছে আমার—
সেই চোখ দুটো বুঝি ওগো,
দরজা হয়ে গেছে আজ।
তুমি ঘরের দরজা ঠেলে
এক্ষুনি ঘরে—ফিরে আসো,
তুমি চোখের পাতা ঠেলে
এক্ষুনি হৃদয়ে ফিরে আসো।