দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভারতে তীব্র সংকট নিয়ে এসেছিল, কারণ বহু জিনিসপত্র ও সেবা ইউরোপে যুদ্ধের কাজে ডাইভার্ট বা ঘুরিয়ে দেওয়া হচ্ছিল। সেনাবাহিনীর আকার অনেক বড় করা হয়েছিল এবং তারা বিশাল পরিমাণে খাদ্যসামগ্রী ব্যবহার করত। এসব জিনিস পুরো ভারতজুড়ে রেশন মারফত বিতরণ করা হতো, যার মধ্যে সিগারেটও ছিল । যা তখন কালোবাজার থেকে জোগাড় করতে হতো। মান্টোর কাছে সবসময়ই টাকার টানাটানি থাকত এবং তিনি প্রায়ই ঋণে ডুবে থাকতেন। তাঁর বন্ধু বান্ধবের সার্কেলটি ছিল মূলত লেখক, কবি ও শিল্পীদের নিয়ে যাঁদের কেউই খুব একটা সচ্ছল ছিলেন না। এ ধরনের মানুষেরা কীভাবে চলতেন? চরম কষ্টের মধ্য দিয়ে। মান্টো এই লেখায় আমাদের বলছেন কীভাবে মানুষ নিয়মিত তাঁর কাছ থেকে ফ্রীতে চেয়ে চেয়ে সিগারেট খেত।