Poetry

ব্যস্ততার ছুটি

September 28, 2026

68 views

তুমি বরং

সকল ব্যস্ততাকেই একদিন ছুটি দিও,

তোমার না হয় প্রয়োজন নেই

কিন্তু ওদের ও তো বিশ্রাম চাই।

ব্যস্ততাকে একদিন ছুটি দিয়ে

পাহাড়, সমুদ্র না-

কাছেই যে নদীটা আছে

তুমি বরং

তাকেই একবার দেখে এসো।

তোমার না হয় না দেখলেও চলে,

কিন্তু নদীটার তো

তোমাকে দেখতে ইচ্ছে করে!

নদীর পাড়ের মুক্ত যে বাতাস

ওর ও তো ইচ্ছে হয়

তোমার শরীর ছুঁয়ে যেতে!

সকল ব্যস্ততাকে ছুটি দিয়ে

তুমি বরং একদিন-

খোলা আকাশটার দিকে চেয়ে থেকো,

কতোদিন তাকাও নি তুমি বলোতো!

ওর ও ইচ্ছে হয়

তুমি ওকে দু-চোখ ভরে দেখো।

সন্ধ্যে তারাটা, পূণির্মার চাঁদ টার

কতো কতো অভিমান জানো?

বহুদিন হয়ে গেলো

তুমি তাদের খবর নাওনি আজও।

তোমাকে ছুটি নিতে হবে না

তুমি বরং সকল ব্যস্ততাকেই

একদিন ছুটি দিও,

নদীর ঢেউয়ের, মৃদু বাতাসের

আকাশের তারাদের

না হয় একদিন খবর নিও!

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login