Story

মানুষ কেমন

October 1, 2026

72 views

সুন্দরবনের বাদাবন তখন জোয়ারের লোনা পানিতে ডুবুডুবু। শ্বাসমূলগুলো পানির ওপর সুঁচের মতো জেগে আছে, যেন কোনো পাতালপুরীর প্রহরীর দল। আকাশের সূর্যটা তখন হেলে পড়েছে রায়মঙ্গলের মোহনায়, আকাশটা ফেটে চৌচির হওয়া ডালিমের মতো লাল হয়ে আছে।
নদীর তীরে ঘন গাছগুলোর ছায়ায় সন্ধ্যার আগমনের আশ্বাসে অন্ধকার যেন একটু আগেই জেঁকে বসেছে। সেই অন্ধকারের গহ্বরে বসে ছিল কালা পাহাড়, এক বিশালদেহী রয়্যাল বেঙ্গল টাইগার। তার গায়ের হলুদ কালো ডোরাগুলো যেন সেই ছায়ার অন্ধকারের সাথে মিশে আছে। তার সামনেই বসে ছিল চতুর শিয়াল নীলকণ্ঠ। সে লেজ গুটিয়ে বাঘের মেজাজ বোঝার চেষ্টা করছিল।
রাজামশাই, ওদিকের চরে একটা ডিঙি নৌকা এসে ভিড়েছে, নীলকণ্ঠ নিচু স্বরে বলল। একজন মানুষ নেমেছে, তার হাতে সেই আগুনের নল, যা শব্দ করে মৃত্যু আনে।
কালা পাহাড় তার বিশাল থাবা দিয়ে কাদা নাড়াচাড়া করতে করতে গম্ভীর গলায় বলল,
মানুষের জাতটা বড্ড অবুঝ, নীলকণ্ঠ। তারা আসে অরণ্যের আইন শিখতে নয়, অরণ্যকে জয় করতে। কিন্তু তারা জানে না, জোয়ারের পানি যেমন কারোর কথা শোনে না, এই বনও তেমনি কারো গোলাম নয়। পৃথিবীতে সব জায়গা মানুষের হতে পারে না। পৃথিবী শুধুই মানুষের জন্য তৈরী হয়নি।
কিন্তু মানুষকে সেটা কে শেখাবে? নীলকন্ঠ জিজ্ঞেস করলো।
মানুষ শেখে, কিন্তু শিখতে এসেই প্রাণ হারায়। এজন্য মানুষ কখনো শেখে না। কালাপাহাড় গম্ভীর কণ্ঠে বললো।
এমন সময় বনের নিস্তব্ধতা ভেঙে একটা গুলির শব্দ প্রতিধ্বনিত হলো। কেওড়া গাছের পেছন থেকে একঝাঁক বাঁদর কিচিরমিচির করে উঠল। কালা পাহাড় উঠে দাঁড়াল। তার পেশিগুলো চামড়ার নিচে সাপের মতো খেলে গেল। সে বলল,
চলো শিয়াল, আজ এর সাথে কথা বলতে হবে। সেই আগন্তুককে বোঝাতে হবে যে, মাটির সীমানা মানুষের সীমানা। কিন্তু জংগলের ছায়ার সীমানা কেবল আমাদের।
কিছু দূরে, গোলপাতার ঝোপের আড়ালে শিকারি মনসুর রাইফেল হাতে ওত পেতে ছিল। সে এসেছিল আজ একটা বড় পরিকল্পনা নিয়ে, আজ একটা বড় কিছু শিকার করবে। বীরত্ব দেখাতে। কিন্তু সে জানত না, বনের প্রতিটি লতা আর ঝোপ তার ওপর নজর রাখছে। বনের ভেতরে বহু কিছু থাকে, যারা মানুষের আগমনকে সন্দেহের চোখে দেখে। বন যে মানুষের নয়, মানুষ সেটি জানে না।
হঠাৎ একটা চাপা কণ্ঠস্বর তার কানের খুব কাছ দিয়ে ভেসে এল, যেন বাতাস কথা বলছে:
হে মানুষ, তুমি কি ক্ষুধার্ত? নাকি কেবল অহংকারের টানে এখানে এসেছ?
মনসুর চমকে উঠে পেছনে ফিরল। ঝোপের আড়ালে সে কেবল এক জোড়া হলদেটে জ্বলজ্বলে চোখ দেখতে পেল। সে ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল,
কে? কে কথা বলে?
ঝোপের আড়াল থেকে নীলকণ্ঠ শিয়াল বেরিয়ে এল। সে এক অদ্ভুত ভঙ্গিতে মাথা নুইয়ে বলল,
আমি বনের ছোট বাসিন্দা। কিন্তু যে তোমার পেছনে দাঁড়িয়ে আছে, সে এই বনের বিচারক। সে জানতে চাইছে, তুমি কেন এখানে আমাদের এবং গাছের শান্তিতে বিঘ্ন ঘটিয়েছ?
মনসুর বন্দুক উঁচিয়ে বলল,
আমি বাঘ মারতে এসেছি! আমি সাহসী মানুষ!
ঠিক তখনই অন্ধকারের বুক চিরে কালা পাহাড়ের মেঘমন্দ্র কণ্ঠস্বর ভেসে এল,
বীরত্ব থাকে প্রাণের রক্ষায়, বিনাশে নয়। তুমি যে গুলিটা চালিয়েছ, সেটা একটা হরিণছানার পাশ দিয়ে গেছে। অরণ্যের আইন বলে, বিনা প্রয়োজনে রক্তপাত করা অভিশাপ ডেকে আনে। তুমি কি জানো, এখন জোয়ার আসছে? আর আধা ঘণ্টার মধ্যে তোমার ওই নৌকা লোনা জলে তলিয়ে যাবে।
মনসুর হতভম্ব হয়ে দেখল, একটা বাঘ ধীরে ধীরে ঝোপ থেকে বেরিয়ে আসছে। তার বিশাল শরীরটা দেখে মনসুরের হাত থেকে রাইফেলটা খসে পড়ল। কালা পাহাড় তার খুব কাছে এসে দাঁড়াল। বাঘের গায়ের বুনো গন্ধ আর উষ্ণ নিশ্বাস মনসুরকে পাথরের মতো স্তব্ধ করে দিল।
কালা পাহাড় বলল,
মানুষ, তোমার সেই লোহার নলটা এখন কাদায় পড়ে আছে। আমি যদি চাই, তবে তোমার হাড়মাংস দিয়ে আজ রাতের ভোজ সারতে পারি। কিন্তু আমরা আজ তোমাকে করুণা করব। যাতে তুমি লোকালয়ে ফিরে গিয়ে বলতে পারো, জংগল শুধু বাঘশেয়ালের ডেরা নয়, এটা একটা পবিত্র মন্দির।
নীলকণ্ঠ শিয়াল ফিক করে হেসে বলল,
পালাও মানুষ! ওই দেখো, জল বাড়ছে। আজ রাতে ডাঙ্গায় বাঘ আর জলে কুমির। তোমাকে বাঁচানোর কেউ নেই, কেবল নিজের পা দুটো ছাড়া।
মনসুর আর এক মুহূর্তও অপেক্ষা করল না। সে কাদা জল মাড়িয়ে উন্মাদের মতো দৌড়াতে লাগল তার নৌকার দিকে। পেছনে ফেলে গেল তার দামী রাইফেল আর তার অহংকার।
চাঁদ যখন বনের মাথার ওপর উঠল, কালা পাহাড় ধীরে ধীরে তার ঢেরার দিকে এগিয়ে গেল। তার গুহার মুখে একটা ঢিবি। সে গম্ভীরমুখে সেটির উপর গিয়ে বসল। তারপর আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নীলকণ্ঠকে বলল,
ও আবার আসবে। মানুষ বড় বিস্মৃতিপ্রবণ প্রাণী। তারা ভয় পায়, কিন্তু শিক্ষা নেয় না।
নীলকণ্ঠ মাথা নেড়ে সায় দিল,
ঠিক বলেছেন। ততক্ষণ পর্যন্ত এই জঙ্গল আমাদেরই থাকবে, রাজামশাই, যতদিন জোয়ার আসবে
আর বনমোরগ ডাকবে।
কালাপাহাড় আকাশের দিকে একঠায় তাকিয়েই রইলো। সে জানে, তবু্ও মানুষ এখানে আবার আসবে। মানুষ শিক্ষা পায়, কিন্তু কিছুই শেখেনা। আর মানুষ এখানে আসবে তাদের অহংকারের বশে। পৃথিবীর একমাত্র প্রাণী মানুষ, যারা অহংকারী এবং বিশ্বাসঘাতক।
যেন কালাপাহাড়ের মনের কথা শুনতে পেয়েছে নীলকন্ঠ। রাতের অন্ধকারে ঢিবির পাশে বসে নীলকণ্ঠ কেন যেন তখনি বলে বসলো, মানুষের চেয়ে খারাপ জন্তু পৃথিবীতে আর নাই।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • sayed mahmud 2 hours ago

    মানুষের চেয়ে খারাপ জন্তু পৃথিবীতে আর নাই। দারুণ লিখেছেন ভাই।

    • Borhan Mahmud 2 hours ago

      মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।