এক
আমি পাগল নই, আমার মাথা খারাপের কোন রেকর্ডও নেই। ডায়েরির প্রথম পাতায় এই কথাটা লিখে রাখলাম। কারণ কেউ একদিন নিশ্চয়ই এটি পড়বে এবং আমাকে ভুল বুঝবে।
ঢাকার মিরপুরে মাজারের পেছনে এই ফ্ল্যাটটা ছোট, কিন্তু কেন যেন বেশ শব্দহীন। মনে হয় এ বাসাটা কীভাবে যেন বাহিরের শব্দদেরকে ভেতরে আসতে দেয় না। বাইরে বাসের হর্ন, ফেরিওয়ালাদের ডাক, সব মিলিয়ে এটি শব্দের শহর, তবু এ বাসাটা নীরব থাকে, রাতে একটা অদ্ভুত শূন্যতা নামে, সেটার ভেতর বসে থাকলে কানদুটোর ভেতর বোঁ বোঁ করে, তখন কেমন যেন মাথা ঘুরছে ধাঁচের অনুভূতি হয়। সেটা আমার ভালো লাগে না, কিন্তু এ বাসার ভাড়াটা খুব কম। সেটা আমার নিজের জন্য খুব সুবিধার বিষয়।
এখানে একটা আলমারি আছে। আগের ভাড়াটের রেখে যাওয়া। কেন যেন নিয়ে যায়নি। কাঠের গায়ে জায়গায় জায়গায় বার্ণিশের দাগ উঠে গেছে৷ তালা নেই, অথচ খোলা যায় না। অনেকটা যেন সে তার নিজের ইচ্ছায় খোলে। মাঝে মাঝে খুলতে পারি আবার সময় সময় খোলা যায় না। খুললেই বাম দিকের পাল্লার ভেতরে একটা আয়না, সেটিও খানিকটা অদ্ভুত। আয়নায় তাকালে আমাকে সঙ্গে সঙ্গে আমার ছবি আয়নায় দেখায় না। একটু দেরিতে দেখায়। আয়নাটা যেন চিন্তা করে নেয়, আমাকে সে কীভাবে দেখাবে।
এ বাসায় ওঠার পর প্রথম সপ্তাহেই শব্দটা শুনি, শ্বাসের মতো, কিন্তু বুকে ওঠানামা নেই। আমি যুক্তির মানুষ, তাই ধরে নিই এটা বাতাস। কিন্তু বাতাস কখনো নিয়ম মেনে আসে না; এই শব্দটা আসতো ঠিক রাত তিনটায়।
একদিন হঠাৎ মনে হলো, শব্দটা আমার পরিচিত। যেমন পরিচিত হয় সেই মুখগুলো, যাদের নাম ভুলে গেছি, কিন্তু সেসবের নামের সাথে ঘটনা ভুলিনি।
দুই
আমি ডায়েরি লেখা শুরু করি, কারণ এখানে কথা বলার মানুষ নেই। আর থাকলেও সত্যটা বলা যায় না।
দিনের পর দিন আয়নার প্রতিবিম্বে আমার নড়াচড়া আলাদা হয়ে যায়। কখনো আমি আগে নড়ি, কখনো সে। আলমারির দরজায় হাত রাখলে ভেতর থেকে একই চাপ আসে; সমান, নিখুঁত। বুঝতে পারি, ওজনটা কাঠের নয়। যেন ভেতরে আরেকটা মানুষ আছে।
এক রাতে মনে হলো, আলমারিটার ভেতর আলো জ্বলে আছে। সেটার ভেতরতো বিদ্যুৎ নেই, সে সুযোগও নেই। তবু আলো দেখা গেল দরজার তক্তার ফাঁকে ফাঁকে।আমি বিছানা থেকে উঠে দরজার একটা তক্তার ফাঁক দিয়ে দেখি, ভেতরে একটা মানুষ বসে আছে। বয়স বোঝা যায় না। মুখে কোনো বিশেষ চিহ্ন নেই, কিন্তু তার চোখে এমন এক চাহনি, যেন সে আমাকে চেনে। আমি তাকে চিনতেও পারি না। কিন্তু সে আমাকে নামে ডাকে। আলমারি দরজার ফাঁক গলেই আমার চোখে চোখ রেখে তাকিয়ে রইলো সে। যে নামে সে আমায় ডেকেছে, সেই নামটা আমার না। কিন্তু একবার আমি ঐ নামে নিজের পরিচয় দিয়েছিলাম। ঐ নামটা অনেক বছর আগে আমি একবার থানায় বলেছিলাম, মিথ্যে করে।
ডায়েরির পাতায় লিখতে গেলে আমার হাত কাঁপে। আমি বুঝি, আলমারিটাতে কোনো মানুষ লুকোয়নি, সেখানে লুকিয়ে আছে একটা ঘটনা। অনেক পুরোনো একটা ঘটনা।
তিন
এ ফ্ল্যাটে আজ তেরো দিন হলো। গভীর রাত। ফ্ল্যাটে অদ্ভুত নীরবতা। বাইরের শহর যেন থেমে আছে। আলমারির দরজাটা কেন যেন খোলা। ভেতরে কেউ নেই। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম সেদিকে অনেকক্ষণ যাবত। আমার শুধুই মনে হচ্ছে, ওখানে কিছু ছিলো। এখন সেটি নেই। আমি মনে করার চেষ্টা করলাম কিছুক্ষন। কিছুই মনে পড়লো না।
আলমারির ভেতরে পেছনের দেয়ালে নখের আঁচড়, এক থেকে তেরো। ডায়েরির দিনের সংখ্যা। আমার মনে হলো কেউ এই আলমারির ভেতর বসে আমার দিনগুলো গুনেছে, আমি ডায়েরিতে যতটুকি লিখেছি, তত সে বাইরে এসেছে দেখে গিয়েছে।
হঠাৎ আলমারিটার দুটো দরজা দড়াম করে বন্ধ হয়ে গেলো।আমি বাহির থেকে খোলার চেষ্টা করলাম, খুলছে না।
মনে হলো ভেতর থেকে কেউ ফিসফিস করে আমায় বলল,
এখন তো তুমি জানো।
আমার মনে হলো যে বিষয় নিয়ে এ কথাটি কেউ বলল, সে বিষয়টি আমি জানি। আমি বললাম,
হ্যাঁ, আমি জানি।
এটা বলার পরপরই দরজা দুটি এবার নিজে নিজেই খুলে গেলো। এখন আমি স্পষ্ট দেখতে পেলাম আলমারির ভেতরে একজন লোক বসে আছেন। লোকটি সেই লোক, যাকে আমি একসময় থানায় দোষী বানিয়েছিলাম, নিজের ভুল ঢাকতে। সে মরেনি। মরেছে আমার ভেতরের মানুষটা। বছরের পর বছর সে অপরাধবোধকে তালাবন্দি রেখেছি, কাঠের আলমারিটার ভেতর, অভ্যাসের ভেতর।
আমি আলমারির সামনে দাঁড়াই। আমি জানি অনেক দেরি হয়ে গেছে। কিন্তু যখন দেরি হয়, তখন কিছু কিছু সিদ্ধান্ত নেয়া খুব সহজ হয়ে যায়।
আমি খুব ঠান্ডা মাথায় দরজাটা বন্ধ করি।
দরজা বন্ধ হতেই শ্বাসের শব্দ থেমে গেল না। বরং স্পষ্ট হলো। কারণটা তখন বুঝলাম শব্দটা আসছে বাইরে দাঁড়িয়ে থাকা আমার শরীর থেকেই। আর ভেতরে, অন্ধকারে, ধৈর্য নিয়ে যে বসে আছে, সে আসলে কেউ নয়। সে মানুষটাই আমি। যার ভেতরে থাকার কথা ছিলো, সে বাইরে এতোদিন ঘুরে বেড়িয়েছে। সে ইতিমধ্যেই বাইরে বেঁচে থাকার অভিনয় শুরু করে দিয়েছে। আমি জানি, আমার কিছুই হবে না। আমি বেঁচে থাকা শিখে গেছি।
ঠোঁটের কোণায় একটা মুচকি হাসি নিয়ে আমি বিছানায় শুয়ে পড়লাম। একটা নিশ্চিন্ত ভাব মাথায় খেলা করছে। আজ থেকে আলমারিটা আর কখনো কোন শব্দ করবে না।
ঘুমের অতলে যাবার সময় মাথার ভেতর একটা ছোট বাতির মতো কিছু একটা জ্বলে উঠলো আমার। আমার ঠিক সেসময়েই মনে হলো,আলিমারির ভেতর কোন জিনিসটা ছিলো না। আজ সেখানে কেন যেন আয়নাটা ছিলো না। কেন যেন খুব শান্তি শান্তি লাগলো ঘুমিয়ে পড়ার আগ মূহুর্তে।