Poetry

আমরা কী তবে বেমানান

October 1, 2026

61 views

আমরা কী তবে বেমানান হয়ে গেছি এ পৃথিবীতে?
হ্যাঁ, বড় বেমানান হয়ে গেছি।
কারণ এই পৃথিবী এখন
নরম কুশনের উপর বসে
কঠিন সিদ্ধান্ত নেয়।
আর আমরা বসে আছি
ভাঙা ফুটপাথে, হাঁটু জড়িয়ে,
রাষ্ট্রের পায়ের তলায়।

শোনো,
আমি বলছি পার্থিবের জনগণের ভাষায়,
যে ভাষা টিভিতে সাবটাইটেল পায় না,
যে ভাষা বাজেট বক্তৃতায় ঢোকে না,
যে ভাষা পুলিশের লাঠিতে ভেঙে ভেঙে
প্রতিদিন নতুন ব্যাকরণ বানায়।
আমাদের হাতে ভোট ছিল,
কিন্তু পেটে ছিল গর্ত।
তোমরা গর্ত ভরেছ বিজ্ঞাপনে,
আমরা জেনেছি, ভাত ডালই ভালো থাকার শর্ত।
মন্ত্রী বলেই যাচ্ছেন,
জোর উন্নয়ন হচ্ছে।
আমরা দেখলাম, নতুন ফ্লাইওভারের ছায়ায়
পুরোনো আমরা
আরও বেঁটে হয়ে যাচ্ছি।
হ্যালো রাষ্ট্র,
তুমি খুব ভদ্র ভাষায় কথা বলো;
তোমার ফাইলের পাতায়
রক্তের কোনো দাগ নেই।

কিন্তু আমাদের বস্তির প্রতিটি ঘর
তোমার সই করা বঞ্চনার ক্ষতের দলিল।
আমরা বেমানান,
কারণ আমরা প্রশ্ন করি।
কেন ক্ষুধা অপরাধ নয়,
কিন্তু ক্ষুধার্তের চুরি অপরাধ?
কেন ঋণখেলাপি সম্মানীয়,
আর ঋণগ্রস্ত লজ্জিত?
শোনো রাষ্ট্র,
তোমার নৈতিকতা
এখন ব্যাংকের সুদের হারে ওঠানামা করে।
তোমার মানবাধিকার
পাসপোর্ট দেখেই দাঁড়ায় বা বসে।
আমরা হাসি।
হ্যাঁ, এখন কেবল হাসি।
কারণ কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছি।
আমাদের বস্তিতে আগুন

তোমার সংবিধানের মার্জিনে
পেন্সিলে লেখা উন্নয়ন নামের এক ভয়ংকর নোট।
যখন তুমি বলো,
সব ঠিক হয়ে যাবে।
আমরা সেটাকে শুনি
তোমরা মরলে সমস্যা কমবে।
তাই হ্যাঁ,
আমরা বেমানান।
এই চকচকে, শীতাতপ নিয়ন্ত্রিত মিথ্যার পৃথিবীতে
আমরা খুব বেশি জীবিত, খুব বেশি সত্য
এবং খুব বেশি রাগী।
রাষ্ট্র হয়ত ভুলে গেছে,
ইতিহাস বদলানোর দলিল
ভদ্র লোকের ভাষায় লেখা হয় না।
কখনো কখনো ফুটপাথ, খিদে, আর অপমান;
এই তিনটিই হয়ে ওঠে
সবচেয়ে ধারালো কলম।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • sayed mahmud 2 hours ago

    কখনো কখনো ফুটপাথ, খিদে, আর অপমান; এই তিনটিই হয়ে ওঠে সবচেয়ে ধারালো কলম।দারুণ লিখেছেন কবিতাটি।

    • Borhan Mahmud 2 hours ago

      মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।