একটা লুহাওয়া আসুক, অথবা একটা ঝড়ো
বাতাস বয়ে যাক, আজ আমাদের জনপদে।
ঘোর বৃষ্টিতে ভেসে যাক সকল জনপদের
মাঠ, ঘাট, রাস্তা, হাটবাজার, পার্কের বেঞ্চি।
ধুলোঝড়ে হাঁটু অব্দি ধুলো জমুক পল্টনের
ময়দান, শাহবাগ বা পাঁচতারা হোটেলগুলোয় ।
বিশ্বাস করো, চলে যাওয়া মানুষটার জন্য
আর কখনো কাঁদব না। অঘোরে মৃত্যুর এই
মহামিছিলে আজ কে কার মাথায় হাত বুলোয়।
জগতের সব মায়া। আমৃত্যু মরীচিকা।
অবুঝের মতো কুহেলিকায় মগ্ন ছিলাম।
আমাদের মুক্ত পৃথিবী কি আর আসবে না?
আর কবে আমরা খোলা আকাশের নীচে
বুকভরে শ্বাস নেব? কত দেরীতে?
বড় আকুলতায় কাঁদছি আমরা প্রভু,
আরেকটু শ্বাসের জন্য আমাদের বাঁচিয়ে রাখো।
আরেকটু শ্বাস, প্রভু আমি তোমার কাছেই
ফিরবো। আরেকটু শ্বাসের আশ মিটিয়ে যাও, প্রভু।
(করোনার সময়ে লেখা এ কবিতাটি আমার 'আজ আকাশকে বলে দেওয়া যায়' কাব্যগ্রন্থ থেকে)
Comments
-
-
sayed mahmud 2 hours ago
আরেকটু শ্বাস, প্রভু আমি তোমার কাছেই ফিরবো। আরেকটু শ্বাসের আশ মিটিয়ে যাও, প্রভু। এক্সিলেন্ট।