এ ধরায় সে নির্বাক, ভাষা তার হারানো ধন,
নীরব আঁখির শূণ্য আকুতি, নাই তার বচন।
সে শোনে না সুর, নাই তার কোনো ধ্বনি,
একাকি সে তার জগতে, নীরবতার গুণী।
না শুনে সে পাখির গান, না বুঝে মায়ের ভাষা,
একাকী সে গুমরে মরে, কে বোঝে তার হতাশা।
নীরবতায় সৃষ্ট নি:শব্দে তার বেদনা অপার,
বোবা কান্নার সিক্ততা, ভাষাই বুঝি অশ্রু তার।
সে যেন এক ভিন্ন মানুষ, থাকে ভাষার আশে !
শুধু হাসি-কান্না, কে বোঝে তারে, কে তার পাশে।
আঁখিতে তার এক আর্তি, খোদার রহমের দাবী,
কে দেবে তারে ভাষার দুয়ার, কে দেবে সেই চাবি।
এ জগত তার হোক জ্যোতির্ময়, হোক দীপ্তিময়,
অচিরেই যেন সে খোদার কালামের কথা কয়।
এ পৃথিবী তার, শব্দময় হোক, কলরবে মুখর,
খোদার ফজলে সে যেন পায় শব্দমুখর ফজর।