এ পৃথিবীর কত মহামারি কত ঝড় তুফান
গাঁওয়ের পরে গাঁও উজাড়, মানুষের পর মানুষ
এ পৃথিবীর কত মৃত্যু কত যুদ্ধের ময়দান
দেশের পরে দেশ উধাও, মানুষের পর মানুষ
ছুঁতে পারেনি আমাকে কিছু
ছুঁতে পারেনি আমাকে কিছুই
কেবল তোমার ঐ মায়ার মহামারি
কেবল তোমার ঐ ছায়ার সরে যাওয়া
আর কেবলি তোমার প্রস্থান
এ কেমন ছুঁয়ে গেলো আমায়
এ কেমন বিঁধে গেলো পাঁজর
না করে উধাও, না করে উজাড়
কেবল তড়পায় ছটপট করে
যেন সদ্য জবেহ করা কবুতরের শরীর
তবু আসেনা আজরাঈল
আর না আসো তুমি ফিরে
তবু আসেনা আজরাঈল
আর না আসো— তুমি ফিরে
এ কেমন জীবন্ত মৃতদেহ আমি
কেবলি ঝুলে থাকা মেখে আতরের ঘ্রাণ
আর কেবলি বয়ে চলা
তোমার শূন্যতা এ বুক চিরে
আর কেবলি বয়ে চলা
তোমার শূন্যতা— এই বুক চিরে।
• জাহিদ ওয়াসিক
বই: জোছনা মেখো রোদ