আবর্জনার তরঙ্গে তোমার নাব্যতার সংকট,
জল আছে ঘোলাটে- ঝাপসা আয়নার মতো।
পাহাড়ি ঢলহীন, শুকিয়ে যাওয়া খালের মতো
কালের বিবর্তনে তুমি আজ ক্লান্ত;
মালবোঝাই লঞ্চ, স্টিমার
আটকে যায় পলির খাদে,
স্থবির হয়ে পড়ে যাত্রাপথ।
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা-
কালীঘাটের রাস্তা ডুবে যায়,
চালের আড়ৎ, ডালের আড়ৎ,
কাঁচামালের আড়ৎ- সবই পানিবন্দি।
ব্যবসায় লোকসান বাড়ে,
মালের সরবরাহ কমে,
দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী হয়,
ভোক্তা হয়রানির শিকার হয়,
আর সুযোগসন্ধানী সিন্ডিকেট
মুনাফার হিসাব কষে।
শুধু তোমারই নাব্যতা হারানোর কারণে,
প্রিয় 'সুরমা',
তুমি যেন ধীরে ধীরে
একটি ছোট খালে পরিণত হচ্ছ।
অথচ সুয়েজ খাল- আয়তনে ক্ষুদ্র হয়েও
বিশ্ববাণিজ্যের বিশাল দায়িত্ব
অবিচল কাঁধে বহন করে;
আর তুমি,
অবহেলা আর দখলের ভারে ন্যুব্জ হয়ে
নিজেরই প্রবাহ হারিয়ে ফেলছ।
কবে আবার ফিরে পাবে
তোমার গভীরতা, গতি আর গৌরব?
কবে আবার বুক চিরে চলবে
অসংখ্য নৌযান,
আর 'সুরমা' নামটি উচ্চারিত হবে
একটি জীবন্ত নদীর গর্ব নিয়ে?